বাংলাদেশের শিল্প খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শিল্প খাত নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সমীক্ষাটি যেমন হতাশার চিত্র তুলে ধরেছে, তেমনি তা অনেক সম্ভাবনারও ইঙ্গিত দিচ্ছে। এই সমীক্ষার ফলাফল বিশ্লেষণ করে শিল্প খাতের যে সমস্যার দিকগুলো সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিলে শিল্প খাতে সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব।
বিবিএসের সমীক্ষা অনুযায়ী দেশের ৪২ হাজার ৫৯২টি শিল্পকারখানার মধ্যে ১৫ হাজার কারখানাই সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। শুধু তা-ই নয়, এক-তৃতীয়াংশ কারখানা তাদের সক্ষমতার অর্ধেকও উৎপাদন করতে পারছে না। এতে একজন বিনিয়োগকারী যেমন তাঁর বিনিয়োগের যথার্থ ফল পাচ্ছেন না, তেমনি শ্রমিকদের আয়-রোজগারও কমে যাচ্ছে। বসিয়ে বসিয়ে তো কোনো মালিক শ্রমিকদের বেতন দেবেন না। এই পরিস্থিতিতেও যে ইতিবাচক তথ্য পাওয়া যাচ্ছে, তা হচ্ছে প্রথমত এসব প্রতিকূল পরিবেশ সত্ত্বেও ফি বছর হাজার দেড়েক নতুন শিল্পকারখানা গড়ে উঠছে, দ্বিতীয়ত, বাংলাদেশের শিল্পকারখানাগুলোর ৯৯ শতাংশই ব্যক্তিমালিকানাধীন, যা শিল্প খাতে ব্যক্তি উদ্যোগ এবং এর সাফল্যের দিকটিই তুলে ধরছে।
পুরো উৎপাদনে নেই ১৫ হাজার কারখানা দেশের এক-তৃতীয়াংশের বেশি শিল্পকারখানা কেন উৎপাদন-সক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারছে না, সেই কারণগুলো স্পষ্ট। এর দুটি দিক রয়েছে, বাহ্যিক ও অভ্যন্তরীণ। গ্যাস, বিদ্যুৎসহ প্রয়োজনীয় জ্বালানির অভাব এবং রাজনৈতিক অস্থিরতার মতো বাহ্যিক কারণে যেমন অনেক কারখানা পুরো উৎপাদন-সক্ষমতা ব্যবহার করতে পারছে না, তেমনি কারখানাগুলোতে প্রযুক্তিগত উন্নয়নের অভাব ও ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষতার ঘাটতির মতো অভ্যন্তরীণ সমস্যাগুলো কাজ করছে।
রাজনৈতিক অস্থিরতা দূর এবং গ্যাস-বিদ্যুতের মতো প্রাথমিক জ্বালানির চাহিদা নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে। অন্যদিকে শিল্পমালিকদের এটা বুঝতে হবে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হলে প্রযুক্তিগত ক্ষেত্রে যেমন মানোন্নয়ন করতে হবে, তেমনি ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির প্রতিও মনোযোগী হতে হবে। উৎপাদন-সক্ষমতার পুরোটা ব্যবহার ও শিল্প খাতে প্রবৃদ্ধি বাড়াতে এর বিকল্প নেই।