লালসালুর দেশে
‘লালসালু’ হলো লাল রঙের সুতি কাপড়। নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় বিশেষ পদ্ধতিতে এই কাপড় তৈরি করা হয়। এ কাপড় সবচেয়ে বেশি ব্যবহার হয় লেপ তৈরিতে। বিরিয়ানি বা হালিমের বড় হাঁড়ি ঢেকে রাখা হয় ‘লালসালু’ দিয়ে। মাজারে লালসালুর ব্যবহার দেখা যায়। শীতকালে লালসালুর চাহিদা বাড়ে। ফলে লালসালু তৈরির সঙ্গে জড়িত মানুষের এখন ব্যস্ত সময় পার করছেন। লালসালু তৈরিতে রাসায়নিক পদার্থ মিশ্রিত রং ব্যবহার করা হয়। কিন্তু শ্রমিকেরা এই রং নিয়ে কাজ করার সময় কোনো সুরক্ষাসামগ্রী ব্যবহার করেন না। ফলে একটা স্বাস্থ্যগত ঝুঁকি থেকেই যায়। একজন শ্রমিক দিনে দুই থেকে আড়াই হাজার গজ কাপড়ে রং করতে পারেন। রং করা থেকে শুকিয়ে দেওয়া পর্যন্ত প্রতি এক হাজার গজ কাপড়ে একজন শ্রমিক পান ৪০০ টাকা। রঙের কাজ শেষে বিস্তীর্ণ মাঠে সারি করে রেখে রোদে শুকিয়ে বিক্রির জন্য প্রস্তুত হয় লালসালু। ছবিগুলো সম্প্রতি নরসিংদীর মাধবদী এলাকা থেকে তোলা।