আলুর পাঁপড়ের গ্রাম কল্যাণনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের বুক চিরে পিচঢালা পথ। সড়কের দুই ধারে ছোট–বড় মাটির দ্বিতল বাড়ি। গ্রামটিতে বসবাস করা বেশির ভাগ মানুষ সনাতন ধর্মের। বংশপরম্পরায় গ্রামটিতে প্রায় তিন শতাধিক পরিবারের বসবাস।

তিনটি ভিন্ন ভিন্ন পাড়ায় বিভক্ত গ্রামটি। মহন্তপাড়া, মালিপাড়া ও কোনাইপাড়া। কিন্তু গ্রামটিকে আলুর পাঁপড়ের গ্রাম বললেও ভুল হবে না। মানুষের মুখে মুখে গ্রামটি আলুর পাঁপড়ের গ্রাম নামেও পরিচিতি পেয়েছে। সারা বছর ধরেই গ্রামটির প্রতিটি ঘরে ঘরে আলুর পাঁপড় তৈরি করেন সেখানে বসবাস করা মানুষেরা। গ্রামটির নাম কল্যাণনগর। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গ্রামটি অবস্থিত। জেলা শহর থেকে গ্রামটির দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এই গ্রামে আলুর পাঁপড় তৈরির ঐতিহ্য প্রায় দুই যুগের। কিন্তু ২০১২ সালের পর থেকে আলুর পাঁপড় তৈরি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে।

কল্যাণনগর গ্রামের বেশির ভাগ মানুষের আয়ের উৎস পাঁপড়। নারী-পুরুষ, ছেলে–মেয়ে প্রায় সবাই যুক্ত এই কাজের সঙ্গে। কল্যাণনগরের তৈরি আলুর পাঁপড় বগুড়া ও নাটোরে বেশি বিক্রি হয়। বিশেষ করে আলু তোলা মৌসুমে চাহিদা বেড়ে যায় বহুগুণে।

মমতা রানী মহন্ত প্রথম আলোকে বলেন, ‘বইসা থাকলে সংসার অচল থাকে আর ব্যবসা করলে সংসার সচল থাকে।’ আলুর পাঁপড় তৈরি ব্যবসা হিসেবে নিয়েছেন তাঁর পরিবার। এতে সংসারের অভাব–অনটনও ঘুচেছে। তাঁর মতো এ গ্রামের প্রায় দেড় শতাধিক নারী আলুর পাঁপড় তৈরি করে সংসারে বাড়তি আয় করছেন।

১ / ৮
আলুর পাঁপড় তৈরি করে বিক্রির জন্য প্রায় পাঁচ শতাধিক মণ আলু কিনে বাড়িতে স্তূপ করে রেখেছেন বাসন্তী রানী পাল। তাঁদের পরিবারের লোকজন প্রায় চার মাস ধরে এই আলু কেটে শুকিয়ে পাঁপড় তৈরি করবেন। কল্যাণনগর গ্রাম, নন্দীগ্রাম উপজেলা, বগুড়া, ২১ মার্চ।
২ / ৮
বাড়ির উঠানে বসে পাঁপড় তৈরি করার জন্য আলু কুচি কুচি করে কাটছেন নমিতা রানী পাল। আর সেগুলো ধুয়ে নিতে পানি আনছেন শাশুড়ি সন্ধ্যা রানী পাল।
৩ / ৮
পাঁপড় তৈরির জন্য কুচি কুচি করে আলু কেটে শুকাতে দেওয়া হয়েছে।
৪ / ৮
আলুতে রং মিশিয়ে তৈরি করা রঙিন পাঁপড় শুকাতে দিয়েছেন নারীরা।
৫ / ৮
শুকনা ও কাঁচা আলুর পাঁপড় রোদে শুকাতে দেওয়া হচ্ছে।
৬ / ৮
কেটে নেওয়া আলু শুকাতে দিচ্ছেন মরিয়ূম বেগম। এবার তিনি প্রায় ২০০ মণ আলুর পাঁপড় তৈরি করবেন।
৭ / ৮
আলুর পাঁপড়ের বিশাল স্তূপ থেকে গামলায় তুলে বস্তায় ভরছেন উত্তম কুমার। সেগুলো পাইকারি বিক্রির জন্য বগুড়া শহরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাইকারি প্রতি কেজি শুঁটকি পাঁপড় ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
৮ / ৮
শুকিয়ে নেওয়া আলুর পাঁপড় বিক্রির আশায় বাড়ির উঠানে স্তূপ করে রেখেছেন শুভ চন্দ্র মহন্ত। একটু দাম কম তাই সেগুলো বাড়িতেই রেখেছেন তাঁরা। দাম বাড়লেই বিক্রির করবেন তাঁরা।