সহিংসতা ও দমনপীড়নে ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না: হামিদুর রহমান আযাদ

কক্সবাজার-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী হামিদুর রহমানফাইল ছবি: সংগৃহীত

সহিংসতা ও দমনপীড়ন করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান আযাদ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল।

রোববার কক্সবাজারের মহেশখালী পৌরসভা এলাকায় গণসংযোগকালে হামিদুর রহমান আযাদ এ মন্তব্য করেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই জামায়াত নেতা বলেন, সহিংসতা, ভয়ভীতি ও দমনপীড়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন এবং যেকোনো অন্যায় আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে জানে।

হামিদুর রহমান আযাদ বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। বিগত ৫৪ বছরের শাসনকাল মানুষ দেখেছে। সেখানে ব্যর্থতার হার বেশি। উন্নয়নের অগ্রগতির যে স্বপ্ন মানুষ দেখে, তা দৃশ্যমান হয়নি। দেশের অর্থনীতি যেভাবে অগ্রসর হওয়ার কথা, সেভাবে অগ্রসর হয়নি। দেশের সম্পদকে যেভাবে কাজে লাগানোর কথা, সেভাবে কাজে লাগানো হয়নি। এর মূল কারণ ছিল সততা না থাকা।

আরও পড়ুন

গণসংযোগে হামিদুর রহমান আযাদ স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের নানা সমস্যার কথা শোনেন। পরে স্থানীয় হিন্দুদের জরাজীর্ণ মন্দির সংস্কার এবং শ্মশানের ব্যবস্থা করাসহ বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় মহেশখালী দক্ষিণ জামায়াতের আমির শামিম ইকবাল, সেক্রেটারি আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আরও পড়ুন