আ.লীগকে রাজনৈতিকভাবে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ ইসলাম

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। যুক্তরাজ্যের লন্ডনে, ১৬ নভেম্বর ২০২৬ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি সরকার দেশে আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, গত সাত মাসে বিএনপি সরকার জাতীয় ঐক্য, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করেছে।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে পড়েছে। বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা–অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডের দ্য মেফেয়ার ভেন্যুতে স্থানীয় সময় গতকাল সোমবার রাতে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রাজনৈতিক ও কমিউনিটি নেতারা অংশ নেন।

সংবর্ধনা শেষে দ্য মেফেয়ার ভেন্যুর সামনে এনসিপি ও  আওয়ামী লীগের  (নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ রাষ্ট্র গঠনের জন্য তাঁকে (জিয়াউর রহমান) তাঁরা শ্রদ্ধা করেন। কিন্তু তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। তাঁর নিজের জীবনদানের মধ্য দিয়ে সেই প্রায়শ্চিত্ত তাঁকে করতে হয়েছে। পরবর্তী সময়ে খালেদা জিয়া ও তারেক রহমানকেও রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তারেক রহমানকে দীর্ঘ সময় যুক্তরাজ্যে নির্বাসিত থাকতে হয়েছে। বিএনপিকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম
ছবি: এনসিপির ফেসবুক পেজ
আরও পড়ুন

বিএনপি সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম প্রশ্ন রেখে বলেন, ‘আপনি সংস্কার করবেন না, আপনি বিচার করবেন না, আপনার সঙ্গে কিসের জাতীয় ঐক্য? জুলাইয়ের ঐক্য রয়েছে। সেই ঐক্য কোনো দলের সঙ্গে নয়, সেই ঐক্য বাংলাদেশের জনগণের সঙ্গে।’

দ্রুত সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর ও জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

আরও পড়ুন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর হলে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার পথ তৈরি হবে।

আরও পড়ুন

সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহিদ ইসলাম। বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাস থেকে বিভিন্নভাবে অংশগ্রহণ ও সমর্থনের জন্য তাঁদের ধন্যবাদ জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক। সঞ্চালনা করেন এনসিপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক নুরুল হুদা জুনেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের সালেহ, খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদসহ এনসিপির যুক্তরাজ্য শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও পড়ুন

অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্ধারিত সময়ের অন্তত তিন ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে পৌঁছান নাহিদ ইসলাম। অনুষ্ঠান শেষে কড়া নিরাপত্তার মধ্যে তিনি বেরিয়ে যান।