সিলেটের সেই কাউন্সিলর প্রার্থীকে ইসিতে তলব
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে অস্ত্র প্রদর্শনের ঘটনায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন তাঁর প্রার্থিতা বাতিল করা হবে না বা তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আজ সোমবার ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ওই কাউন্সিলর প্রার্থীর নাম আফতাব হোসেন। তাঁকে আগামী বুধবার ঢাকায় নির্বাচন কমিশনে ব্যক্তিগতভাবে হাজির হতে বলা হয়েছে।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের (ঘুড়ি প্রতীক) বিরুদ্ধে লোকজনসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সিসি ক্যামেরার ফুটেজ, ভিডিও চিত্র রয়েছে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়েছে। তা ছাড়া ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ (লাটিম প্রতীক) এ বিষয়ে কমিশন বরাবর লিখিত অভিযোগ ও এজাহার দায়ের করেছেন। ওই অভিযোগ ও এজাহারের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা তদন্ত করে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন, যেখানে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬–এর বিধি ৩০ লঙ্ঘনের দায়ে, বিধি ৩১ ও ৩২ অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত বক্তব্যসহ নির্বাচন কমিশনে আগামী বুধবার বেলা তিনটায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।