মানুষকে লুট করতে বিদ্যুৎ, গ্যাস, পানির দাম বাড়িয়েছে সরকার: বিএনপি
এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপি বলেছে, সরকারের কাছে টাকা নেই। তাই দেশের সাধারণ মানুষের কাছ থেকে লুট করে টাকা নেওয়ার জন্য বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম বাড়ানো হয়েছে।
মঙ্গলবার রাজধানীর গাবতলীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বক্তব্য দেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি করতে হলে কমিশনে যায়, গণশুনানি লাগে। গণশুনানি উপেক্ষা করে মাত্র ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সরকার জনগণকে বিদ্যুৎ, গ্যাস ও পানি দিতে পারে না। মানুষের অবস্থা অত্যন্ত দুর্বিষহ।
সরকার জনগণের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে অবস্থান নিয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, সৎভাবে বাঁচতে, গণতান্ত্রিক পরিবেশে বাঁচতে চাইলে, এই সরকারের পতনের কোনো বিকল্প নেই।