চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা বিএনপির মহাসমাবেশের পাল্টা নয়: হুইপ আবু সাঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভাকে সামনে রেখে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
প্রথম আলো

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ বলেছেন, বিএনপি মহাসমাবেশ করতে চেয়েছে, তাই তাদের সোহরাওয়ার্দী উদ্যানের মতো মহা মাঠ দেওয়া হয়েছে। কিন্তু তারা কেন গলির মধ্যে সমাবেশ করতে চাচ্ছে, তা বোধগম্য নয়। তিনি আরও বলেন, চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা বিএনপির মহাসমাবেশের পাল্টাপাল্টি কোনো সভা নয়।

আজ শুক্রবার সকালে চট্টগ্রামের সিনিয়রস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোববারের জনসভাকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের জনসভাকে ঘিরে প্রস্তুতির বিষয় তুলে ধরা হয়।

আবু সাঈদ আল মাহমুদ বলেন, ‘জনসভাকে ঘিরে কোনো সরকারি সুযোগ-সুবিধা আমরা নিই না। সরকারে থাকার কারণে বরং সভার ক্ষেত্রে আমাদের কিছু অসুবিধায় পড়তে হয়। কারণ, প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে নানা বিধিনিষেধে অনেক প্রবীণ ব্যক্তি দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে মাঠে ঢুকতে পারেন না।’

আরও পড়ুন

চট্টগ্রামে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আবু সাঈদ বলেন, মিরসরাইয়ে ৩০ হাজার একর জায়গায় বঙ্গবন্ধু শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তাতে ১৫ লাখ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। কর্ণফুলী টানেলের কারণে আগামী ১০ বছরে মাতারবাড়ী পর্যন্ত বিশাল শিল্প এলাকা গড়ে উঠবে। এত উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর জনসভা শুধু পলোগ্রাউন্ড মাঠে সীমাবদ্ধ থাকবে না। বিস্তীর্ণ চট্টগ্রামে ছড়িয়ে পড়বে। ভবিষ্যতে এই জনসভার রেকর্ড ভাঙতে কষ্ট হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ বলেন, আন্দোলন কাকে বলে, কত প্রকার ও কী কী—আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের চেয়ে বেশি কেউ জানে না। এই জনসভার মধ্য দিয়ে নবজাগরণ সৃষ্টি করে আগামী দিনের নির্বাচনের পথে অগ্রসর হবে দল। আগামী নির্বাচনে জয়লাভ করে আবার সরকার গঠন করবে আওয়ামী লীগ। এই জনসভা হবে সেই লক্ষ্যের উদ্দীপনা ও প্রেরণা। স্মরণকালের সর্ববৃহৎ জনসভা হবে এটা।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, জনসভার মাঠ ছাপিয়ে আশপাশে যত দূর পর্যন্ত মাইক লাগানো সম্ভব, তা লাগানো হচ্ছে। তিনি বলেন, মাইকের পাশাপাশি বেশ কিছু এলইডি স্ক্রিন স্থাপন করা হবে, যাতে দূরে দাঁড়িয়ে জনসভার কার্যক্রম দেখা যায় এবং বক্তব্য শুনতে পারা যায়।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দলের কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং জেলা পরিষদের চেয়ারম্যান পেয়ারুল ইসলাম।

বিএনপি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ১২ অক্টোবর মহাসমাবেশ করে। ১০ ডিসেম্বর তারা ঢাকায় মহাসমাবেশ ডেকেছে।