নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে: জামায়াত

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের কথা বলছেন। আজ বুধবার দুপুরে মগবাজারেছবি: প্রথম আলো

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকাসহ আটকের ঘটনায় নাটক সাজানোর অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত নেতাদের প্রশ্নবিদ্ধ করার জন্য কাজটি করা হয়েছে বলেছে দলটি।

আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ কথা বলেন। সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আজ দুপুরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাচ্ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। ঢাকায় বিমানবন্দরের কর্মকর্তারা তাঁর সঙ্গে টাকা থাকার বিষয়টি জেনেছেন। অভ্যন্তরীণ রুটে এভাবে টাকা বহনে কোনো অসুবিধা নেই উল্লেখ করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ অনাপত্তিপত্র দিয়েছেন। তারপরও খারাপ উদ্দেশ্যে একটা নাটক সাজিয়ে সেটি নেতিবাচকভাবে ছড়ানো হয়েছে।

আরও পড়ুন

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ‘তিনি (বেলাল উদ্দিন প্রধান) তাঁর বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা-যাওয়া করি। ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়। এ জন্য তাঁর সঙ্গে কিছু নগদ টাকা ছিল। যেটি খুবই স্বাভাবিক।’

জামায়াতের এই নেতা বলেন, ‘একজন মানুষ ব্যবসা করতে পারেন, তাঁর পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি (বহন) করতে পারেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিকটেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে, নিউজ করা হচ্ছে।’

এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, মানসিক নির্যাতনের কারণে জেলা জামায়াতের আমির অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে রংপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো আশঙ্কা করছেন কি না—এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, মনে হচ্ছে যে একদল লোকের এ ধরনের কিছু করার হীন একটা প্রয়াস আছে। তিনি বলেন, ‘আমরা এগুলো থেকে তাদের বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল হালিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফ উদ্দিন খালেদসহ নির্বাচন পরিচালনা কমিটি এবং মিডিয়া সেলের সদস্যরা।

বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তি বলেছেন যে তাঁর কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি।

এ ঘটনার পরে জামায়াতের আমির শফিকুর রহমান বেলা ২টার পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। ওই পোস্টে জামায়াতের আমির লিখেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত বলে তিনি অভিযোগ করেন।

তবে পোস্টে তিনি আটকের কোনো ঘটনার সরাসরি উল্লেখ করেননি। পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত।