ভোট দিতে রিয়াদের সময় লাগল পৌনে ২ ঘণ্টা
রাজধানীর গাবতলীর বাগবাড়ি এলাকার পাঞ্জেরি মডেল উচ্চবিদ্যালয়ে ভোট দিয়েছেন তরুণ ভোটার রিয়াদ হোসেন। ওই কেন্দ্রে ভোট দিতে তিনি সকাল ৯টা ৫০ মিনিটের দিকে লাইনে দাঁড়ান।
রিয়াদ বলেন, তিনি যখন লাইনে দাঁড়ান, তখন তাঁর সামনে আনুমানিক ৫০ থেকে ৬০ জন ভোটার দাঁড়িয়ে ছিলেন।
প্রথম আলোর সঙ্গে তাঁর কথা হয় বেলা ১১টা ১৮ মিনিটের দিকে, তখন তিনি কেন্দ্রটির ৩ নম্বর বুথের সামনে দাঁড়িয়ে আছেন। তাঁর সামনে আরও চারজন ভোট দেওয়ার অপেক্ষায়। রিয়াদ তাঁর ভোট ব্যালট বাক্সে জমা দেন সাড়ে ১১টার সময়।
লাইনে দাঁড়ানো থেকে শুরু করে ভোট দেওয়া সম্পন্ন করতে সব মিলিয়ে রিয়াদের সময় লেগেছে ১ ঘণ্টা ৪০ মিনিট বা প্রায় পৌনে ২ ঘণ্টা।
রিয়াদ বাগবাড়ির খালেক সিটি এলাকার বাসিন্দা। তিনি প্রথম আলোকে বলেন, ‘লাইন সামনের দিকে আগায়ই না। সেই যে লাইনে দাঁড়াইলাম, এক পা–দুই পা করে মাত্র এই পর্যন্ত আসছি।’
ভোট দেওয়া শেষ করে তিনি বলেন, ‘ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। লাইনে দাঁড়িয়ে থাকা কষ্টের হলেও শেষ পর্যন্ত নিজের ভোট নিজে দিয়েছি, পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।’
পাঞ্জেরি হাইস্কুলের দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তা জানান, প্রথম তিন ঘণ্টায় ৫৭০টি ভোট পড়েছে, যা মোট ভোটারের প্রায় ১৬ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোট ৩ হাজার ৫৫৫টি।
দুপুরে এই কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। বেলা ১১টা ৩৯ মিনিটের দিকে ওই কেন্দ্রের বাইরে সারিতে ১২৭ জনকে ভোট দেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ওই কেন্দ্রের এক পুলিশ কর্মকর্তা বলেন, এই কেন্দ্র খুব ছোট, জায়গা কম। ভোটার উপস্থিতি ভালো, তাই লম্বা লাইন পড়েছে। ভেতরে বেশি লোক একসঙ্গে পাঠানো যাচ্ছে না। তাই এমন লম্বা লাইন হয়েছে।