১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি ভোটকেন্দ্রের হিসাবে ভোট পড়ার হার ৩২ দশমিক ৮৮ শতাংশ। আজ বেলা একটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব জানান, সারা দেশে ২৯৯টি আসনে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৬৫১টি। সব কটি কেন্দ্রেই একযোগে সকাল সাড়ে সাতটায় গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো ভোটকন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়নি।
ইসি সচিব বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আশঙ্কাজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, এ জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান।