বিএনপির নেতা-কর্মীদের হাতে বাঁশের লাঠি কিসের আলামত: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: ফেসবুক থেকে নেওয়া

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে রাজপথে আবার সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে। আজকাল বিএনপির নেতা-কর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা দেখা যাচ্ছে, এটা কিসের আলামত? এটা কি জাতীয় পতাকার অবমাননা নয়?

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংয়ে এসব কথা বলেন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বিএনপির দুর্নীতি বিশ্ববিদিত। তারা গঠনতন্ত্র পরিবর্তন করে নিজেদের দলকে দুর্নীতিবাজদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করেছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি কখনো কোনো দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারেনি। সেই বিএনপি যখন দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলে, তখন মানুষ হাসে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মেগা প্রজেক্ট বাস্তবায়নের সক্ষমতায় বিএনপি আত্মদহনে দগ্ধ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা এখন মেগা হতাশায় ভুগছেন।

বিএনপির নেতাদের তাঁদের অতীত বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাঁরা একসময় বলেছিলেন, জোড়াতালির পদ্মা সেতু যেকোনো সময় ভেঙে পড়বে। অথচ বিএনপি নেতারা এখন ঠিকই পদ্মা সেতু পার হচ্ছেন।

নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে বিএনপির নেতাদের নানা বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই প্রহসনের নির্বাচন জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। তারা ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে সামরিক উর্দি পরে, আবার কখনো ভোটারবিহীন নির্বাচন করে, কখনো গায়েবি ভোটার তৈরি করে জনগণের ভোটের অধিকার হরণ করেছিল। কাজেই বিএনপির মুখে নিরপেক্ষ নির্বাচন ‘ভূতের মুখে রাম নাম’। বিএনপি তার অপকর্ম ভুলে থাকতে চাইলেও জনগণ তা ভোলেনি।

বর্তমান সরকার জনগণ থেকে দূরে সরে গেছে—বিএনপির এমন বক্তব্যের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সরকার নয়, বরং বিএনপির সঙ্গেই জনগণের যোজন যোজন দূরত্ব সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এ দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনে যেমন ব্যর্থ, তেমনি আন্দোলনেও ব্যর্থ। অতীতে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন জনগণের কাছে গ্রহণযোগ্য ও জনগণের চোখে পড়ার মতো তেমন কোনো উন্নয়ন করতে পারেনি। যে কারণে জনগণের সঙ্গে তাদের দূরত্ব শুরু হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, শুধু ‘লিপ সার্ভিস’ দিয়ে, বক্তৃতা-বিবৃতিতে বিষোদ্‌গার করে জনগণের থেকে দূরত্ব কমানো সম্ভব নয়।

ব্রিফিংয়ের আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন