মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে শফিকুর রহমান
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে দেখতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির।
জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর কাছে তাঁর স্বামীর শারীরিক অবস্থাসহ চলমান চিকিৎসার খোঁজখবর নেন শফিকুর রহমান। এ সময় তিনি আল্লাহর কাছে মির্জা আব্বাসের আশু আরোগ্য কামনা করেন। শফিকুর রহমানের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি এস এম খালিদুজ্জামান।
এ বিষয়ে শফিকুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল রাত সোয়া ১০টার দিকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাসকে দেখে এসেছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি। মহান আল্লাহর কাছে দোয়া করছেন, তিনি যেন মির্জা আব্বাসকে আশু পূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ যেন মির্জা আব্বাসকে দ্রুত তাঁর পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসার তওফিক দেন।
মির্জা আব্বাসের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে সেদিন গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।