শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: জামায়াত
ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
আজ রোববার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের এ কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা হ্যাক করেছে। জামায়াতের তথ্যপ্রযুক্তি দল এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। কারা এ কাজ করেছে, সেটি জানার চেষ্টা করছে। যারা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে, তারা কয়েক দিন ধরেই এ প্রস্তুতি নিচ্ছে বলেন তিনি।
জামায়াত নেতা আরও বলেন, ‘এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তারা কিছু খারাপ ও আপত্তিকর পোস্ট দিয়েছে। এতে বোঝা যায়, ঠাকুরঘরে কে রে, আমি কলা খাইনি। কিছু লোক তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে। জামায়াতের আশঙ্কা, এ কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী জড়িত আছে।’ তবে কোন দল এ কাজ করছে, সে বিষয়ে সরাসরি কারও নাম বলেননি জামায়াতের এই নেতা।
জুবায়ের বলেন, অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে গতকাল শনিবার রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী সময়ে আইনিসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাককে ‘চরম বাড়াবাড়িমূলক কাজ’ উল্লেখ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ কাজের মাধ্যমে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি অপপ্রয়াস দেখা যাচ্ছে। জামায়াতকে জনগণের সামনে হেয় করে দেখানোর চেষ্টা হচ্ছে। নারীদের সম্মানের বিষয়ে জামায়াতের অবস্থান একেবারেই স্পষ্ট। দলের আমির নির্বাচনী জনসভাগুলোয় নারীদের সম্মান করার বিষয়টি বারবার বলে যাচ্ছেন। এ কারণে একদল লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে গভীর ষড়যন্ত্র করছে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হবে, তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
সংবাদ সম্মেলনে প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, জামায়াত আমিরের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে গতকাল বিকেল ৪টায় সর্বশেষ পোস্ট করা হয়েছিল। এরপর সেটি হ্যাক করে ৪টা ৩৭ মিনিটের দিকে একটি আপত্তিকর পোস্ট করা হয়েছে। এটি জামায়াত জানতে পারে বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে। এরপর জামায়াত আমিরের এক্স হ্যান্ডল যাঁরা পরিচালনা করেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, এটি হ্যাক করা হয়েছে।
সিরাজুল ইসলাম আরও বলেন, এরপর ৫টা ৯ মিনিটের দিকে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয় এবং ৫টা ২২ মিনিটে একটা রিজয়েন্ডার দিয়ে জানানো হয়, অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এরপর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাধারণ ডায়েরি (জিডি) করেছে জামায়াত। শুধু দলের আমির নয়, জামায়াতে ইসলামীর বেশ কয়েকটি পেজের ওপরে কিছুদিন ধরে সাইবার হামলার চেষ্টা করা হচ্ছে ।
প্রকৌশলী মাহমুদুর রহমান একটি প্রেজেন্টেশনের মাধ্যমে জামায়াতের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করা হয়েছে, তা দেখান ।
মাহমুদুর রহমান বলেন, গতকাল বিকেল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেটি দেখতে পেয়ে ৫টা ৯ মিনিটে অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করা হয়েছে। শুধু তা–ই নয়, জামায়াত আমিরের এই পোস্টের পরে বিকেল ৪টা ৫৩ মিনিটের দিকে দলের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের এক্স অ্যাকাউন্ট থেকেও এ বিষয়ে একটি পোস্ট করা হয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, একসঙ্গে দুটি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
জামায়াত আমিরের অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যে স্ক্রিনশট নিয়ে সেটি পাঁচ থেকে ছয় ঘণ্টা পরে প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলেন মাহমুদুর রহমান। তিনি বলেন, তবে আমিরের অ্যকাউন্ট থেকে পোস্ট করার আধা ঘণ্টার মধ্যেই জামায়াত বিবৃতি দিয়ে জানিয়েছে, আইডি হ্যাক করা হয়েছে।
মাহমুদুর রহমান আরও অভিযোগ করেন, সরকারি মেইল ব্যবহার করে এ কাজ করা হয়েছে। কেউ ‘[email protected]—এই সরকারি মেইল ব্যবহার করে স্যাবোটাজ করে জামায়াতের মেইলে একটি ফাইল পাঠিয়েছে। যেখানে নির্বাচনসংক্রান্ত তথ্য আছে বলে একটা ফাইল অ্যাটাচ করা ছিল। যাঁর মেইল থেকে এসেছে, তাঁর নাম মোহাম্মদ সরোয়ার আলম, তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে কাজ করেন। এ ছাড়া কিছুদিন ধরে জামায়াতের পেজগুলোয় এ ধরনের অনেকগুলো আক্রমণ চালানো হয়েছে। সরকারি মেইল ব্যবহার করে জামায়াতের অফিশিয়াল কিংবা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মেইল কীভাবে ফিশিং করার চেষ্টা করা হয়েছে, সেটি জানতে চেয়ে সাইবার সিকিউরিটি কাউন্সিলে আবেদন জমা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল হালিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।