মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার হয়েছে, দোয়া চাইলেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। গতকাল রাজধানীর এভারকেয়ার হাসপাতালেছবি: বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

বিএনপি মহাসচিব ওই পোস্টে লেখেন, ‘আপনাদের সবার দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপির দুটো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। চিকিৎসক এবং মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দিতে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আরও পড়ুন
আরও পড়ুন