গণতন্ত্রকামী জনতাকে আক্রমণ ফিলিস্তিনিদের ওপর হামলার সঙ্গে তুলনীয়: এবি পার্টি
আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা বলেছেন, শনিবার রাজধানীতে গণতন্ত্রকামী জনতার ওপর আক্রমণ নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর চলমান হামলার সঙ্গে তুলনীয়। তাঁদের অভিযোগ, হামলার ধরন দেখে এমন এটা পরিষ্কার যে পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত।
রোববার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ ব্রিফিংয়ে দলটির নেতারা এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার, বিরোধী নেতা–কর্মীদের হয়রানিসহ উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ ব্রিফিং করা হয়।
দলটির নেতারা বলেন, গণতন্ত্রকামী জনতার ওপর পুলিশের আক্রমণ ছিল নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার মতো। শনিবারের পুরো ঘটনা যে পূর্বপরিকল্পিত, হামলার ধরনে তা স্পষ্ট।
এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে নেতারা জানান, সোমবার বিকেল চারটায় দলের পক্ষ থেকে বিজয়-৭১ চত্বরে প্রতিবাদ ও বিক্ষাভ কর্মসূচি ঘোষণা করেছে এবি পার্টি।
সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব, তাজুল ইসলাম ও সদস্যসচিব মজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান, যোবায়ের আহমেদ ভুঁইয়া, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত, যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সিনিয়র সহকারী সদস্যসচিব আবদুল বাসেত মারজান প্রমুখ।