স্মৃতিকথা
অগ্নিঝরা ষাটের দশক
দেশের প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য গত রোববার দিবাগত রাতে মারা গেছেন। গত ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বের হয়েছে তাঁর লেখা স্মৃতিকথা আমার সেই সব দিন। এই বইয়ে বাংলাদেশের গত ছয় দশকের ইতিহাস অন্তরঙ্গ বর্ণনায় উঠে এসেছে। প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বইটির ‘অগ্নিঝরা ষাটের দশক’ শিরোনামের অধ্যায়টি সংক্ষিপ্ত আকারে পাঠকের জন্য আবার প্রকাশ করা হলো।
যুগে যুগে দেশে দেশে ছাত্রসমাজ জাতির মুক্তির আন্দোলনে অগ্রনায়কের ভূমিকা পালন করেছে। জ্বালিয়েছে বিদ্রোহের মশাল। সমাজে বিদ্যমান অন্যায়-অবিচার, শোষণ ও অপশাসনের বিরুদ্ধে তুলে ধরেছে প্রতিবাদের পতাকা। ফলে বিশ্ববিদ্যালয়গুলো হয়ে ওঠে যুব বিদ্রোহের ঘাঁটি। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধিতায় ছাত্রসমাজ হয়ে ওঠে সংগ্রামের কেন্দ্রীয় শক্তি।
রাজনৈতিক বা দলীয় প্রভাববলয়ে থেকেও ছাত্রসমাজ কখনো কোনো দলের অন্ধ আনুগত্য বা লেজুড়বৃত্তি করেনি। ছাত্র আন্দোলন তার ব্যাপকতা ও শক্তিতে গণ-আন্দোলনের চরিত্র ধারণ করেছে। বিশেষভাবে ১৯৫০ ও ১৯৬০-এর দশকে পূর্ব বাংলায় ছাত্রসমাজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল, এককথায় যা নজিরবিহীন। ষাটের দশকে বার্লিন, নিউইয়র্ক, প্যারিস, টোকিওসহ বিশ্বের অন্যান্য দেশের বড় শহরগুলোতেও ছাত্ররা সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে শক্তিশালী ভূমিকা পালন করে। তারা তখন এ যুগের প্রমিথিউস বা স্পার্টাকাস হয়ে উঠেছিল।
১৯৬০-এর দশকের গোড়ায় আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে সময় ঢাকার ছাত্রসমাজ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকত দুনিয়ার দেশে দেশে ছাত্রসমাজ কী ধরনের ভূমিকা পালন করছে, তার দিকে। দক্ষিণ কোরিয়ায় সামরিক একনায়ক সিংম্যানরির দুঃশাসনের অবসান ঘটিয়েছে সেখানকার ছাত্রসমাজ। জাপান-মার্কিন চুক্তির বিরুদ্ধে জাপানে ঘটে চলেছে ‘জেঙ্গুকুরেন’ গণ-অভ্যুত্থান। কঙ্গোয় প্যাট্রিস লুমুম্বাকে হত্যা করেও আফ্রিকার দেশে দেশে যুবজাগরণ ঠেকাতে পারেনি মার্কিন সাম্রাজ্যবাদ।
তখন পাকিস্তানজুড়ে চলছে সামরিক শাসনের প্রচণ্ড প্রতাপ। শহর-নগরে গাছের গুঁড়িতে সাদা রং দিয়ে গাছের নগ্নতা ঢাকার কাজ চলছে পুরোদমে। নালা-নর্দমায় প্রস্রাবরত পুরুষদের বেত মারা হচ্ছে। লম্বা চুলের যুবকদের মাথা কামিয়ে দেওয়া হচ্ছে। একপর্যায়ে লৌহমানব হিসেবে খ্যাত আইয়ুব খান গণতন্ত্রের কবরে ফুল ফোটাতে মৌলিক গণতন্ত্র পদ্ধতি উদ্ভাবন করেন।
দেশের দুই অংশে ৪০ হাজার + ৪০ হাজার = ৮০ হাজার মৌলিক গণতন্ত্রীকে সামরিক স্বৈরাচারের মনসবদার বানানো হয়। তাঁরা এতটাই গণধিক্কৃত ছিলেন যে গণজাগরণের কালে মারমুখী ছাত্র-জনতা বাগে পেয়ে তাঁদের কারও কারও নাক ও কান পর্যন্ত কেটে দেয়। এই সময় এক মৌলিক গণতন্ত্রীকে ফুঁসে ওঠা মোষ শিং দিয়ে ঢুস মারলে ইত্তেফাক পত্রিকা ‘চিনিল কেমনে?’ শিরোনামে সে খবরটি ছাপে।
পাকিস্তানি শাসকগোষ্ঠী এ সময় রোমান হরফে বাংলা ভাষা চালু এবং আরবি-উর্দুর মিশেলে বাংলাকে একটা জগাখিচুড়ি মার্কা ভাষা বানাতে চায়। পাকিস্তানের ‘জাতীয় সংহতি’ রক্ষার নামে এসব চেষ্টা চলে। পাশাপাশি বাঙালি বুদ্ধিজীবীদের মগজ ক্রয়ে নেওয়া হয় নানা ধরনের উদ্যোগ।
শাসকচক্রের এসব অপচেষ্টার বিরুদ্ধে পূর্ব বাংলায় গড়ে ওঠে ছাত্র-জনতার লাগাতার আন্দোলন। পাশাপাশি চলে সাংস্কৃতিক আন্দোলন। গণসংগীত-লোকসংগীত, নাটক, নৃত্যনাট্য, ছায়ানাট্য, কবিগান জনগণকে সচেতন ও সংগঠিত করার অব্যর্থ হাতিয়ার হয়ে ওঠে। চিত্রকলা, ভাস্কর্য, শিল্পিত পোস্টার-ফেস্টুন, একুশের অনুষ্ঠান এবং সংকলন প্রকাশ ছিল ছাত্র ও গণতান্ত্রিক মহলের তরফে সেই উদ্যোগের অংশ।
১৯৬১ সালের ৭ মে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসমারোহে হয় রবীন্দ্র জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান হয়। বিচারপতি সৈয়দ মাহবুব মুর্শেদ, সাইদুল হাসান, ফরিদা হাসান, ওয়াহিদুল হক, সন্জীদা খাতুন, মোখলেসুর রহমান (সিধু মিয়া), আতিকুল ইসলাম, আহমেদুর রহমান, জাহেদুর রহিম প্রমুখ ছিলেন এই মহাযজ্ঞের উদ্যোক্তা। এঁদেরই কয়েকজনের উদ্যোগে ১৯৬১ সালের নভেম্বর মাসে সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘ছায়ানট’-এর জন্ম হয়। কালে কালে যা বাঙালির শুদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের পাদপীঠে পরিণত হয়।
এ দেশে প্রকৃত বাঙালি মানস গঠনে এখন পর্যন্ত এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ষাটের দশকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে ‘হাজার বছরের বাংলা সংস্কৃতি’ সপ্তাহের অনুষ্ঠানমালা আমাদের সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন ও জাতীয় জাগরণে প্রেরণা ও গতিবেগ সঞ্চার করে। এই উদ্যোগে রশীদ হায়দার ও বীরেন হালদারদের সঙ্গে আমিও যুক্ত ছিলাম। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে তখন ‘সংস্কৃতি সংসদ’ ছিল সর্বাধিক ক্রিয়াশীল সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠনের উদ্যোগে বিভিন্ন সময় রবীন্দ্রনাথের নৃত্যনাট্য তাসের দেশ ও রক্তকরবী মঞ্চস্থ হয়। এই সময়পর্বে নাট্যচর্চাসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড সংগঠনে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন হাসান ইমাম, কেরামত মওলা, রামেন্দু মজুমদার, আবদুল্লাহ আল-মামুন প্রমুখ।
১৯৬২-এর সামরিক শাসনের শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে ডাকসু ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাসে অনুষ্ঠিত হতো নবীনবরণ অনুষ্ঠান, বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ, রবীন্দ্র-নজরুল-সুকান্তের জন্মজয়ন্তী ইত্যাদি। সামরিক শাসনামলে রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন নিষিদ্ধ থাকায় ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ তাদের অনুষ্ঠানগুলো করত সাধারণত হল সংসদ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নামে। দেশের প্রতিষ্ঠিত শিল্পীরা এসব অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতেন। তা ছাড়া অনুষ্ঠান পরিকল্পনায়ও পরামর্শ দিয়ে ও অন্যান্যভাবে সহযোগিতা করতেন। এ প্রসঙ্গে শেখ লুৎফর রহমান, আলতাফ মাহমুদ, আবদুল লতিফ, সুখেন্দু চক্রবর্তী, জাহেদুর রহিম, ফাহমিদা খাতুন, অজিত রায় প্রমুখ শিল্পী ও সংগীতকারের অবদান বিশেষভাবে উল্লেখ করতে হয়।
এ সময় চিত্রকলাও আমাদের জাতীয় জাগরণের অনুষঙ্গ হয়ে ওঠে এবং জাতীয় আন্দোলন-সংগ্রামে পরোক্ষ কিন্তু গভীর প্রভাব রাখে। শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসান, এমদাদ হোসেন, কাইয়ুম চৌধুরী, দেবদাস চক্রবর্তী, নিতুন কুন্ডু, রফিকুন নবী, আবদুল মান্নান, আনোয়ার হোসেন, বীরেন সোম, নাসির আহমেদ, নাসের হোসেন এবং তাঁদের অনুগামী শিল্পীদের অবদান এ প্রসঙ্গে স্মরণযোগ্য। ষাটের দশকের শুরুতে ভাস্কর নভেরা আহমদ তাঁর অপূর্ব শিল্পসৃষ্টির মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন মানবিক আর্তি।
ষাটের দশকের শুরু থেকেই পূর্ব বাংলায় একঝাঁক তরুণ জীবনঘনিষ্ঠ এবং আধুনিক ও প্রগতিবাদী ধারার সাহিত্যচর্চায় এগিয়ে আসেন এবং এ ক্ষেত্রে তাঁদের প্রতিভার পরিচয় রাখতে শুরু করেন। তাঁরা হলেন আবদুল্লাহ আবু সায়ীদ, হায়াৎ মামুদ, দিলওয়ার, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, আবুল হাসান, সেলিনা হোসেন, আসাদ চৌধুরী, জ্যোতিপ্রকাশ দত্ত, রশীদ হায়দার, সেবাব্রত চৌধুরী, হুমায়ুন চৌধুরী, বেলাল বেগ প্রমুখ।
শামসুর রাহমান, হাসান হাফিজুর রহমান, আল মাহমুদ, শহীদ কাদরী প্রমুখ পঞ্চাশের দশক থেকে লিখতে শুরু করলেও তাঁদের বই প্রকাশিত হতে শুরু করে ষাটের দশকের সূচনা ও মধ্যভাগ থেকে। তাঁদের রচনাও ষাটের দশকের তরুণ মন ও তাদের আন্দোলন-সংগ্রামকে গভীরভাবে প্রভাবিত করতে থাকে।
ষাটের দশকে পূর্ব বাংলার ছাত্ররাজনীতিতে যাঁরা নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন, তাঁদের মধ্যে ছিলেন ছাত্র ইউনিয়নের মোহাম্মদ ফরহাদ, আহমেদ জামান, জয়নাল আবেদীন, কাজী জাফর আহমেদ, সাইফউদ্দিন আহমেদ মানিক, রেজা আলী, পঙ্কজ ভট্টাচার্য, রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রনো, মতিয়া চৌধুরী, নূরুর রহমান, সারওয়ার আলী, আবুল কাসেম, সামসুদ্দোহা, নুরুল ইসলাম, মতিউর রহমান, মাহবুবউল্লাহ, আবদুল মান্নান ভূঁইয়া, মোস্তফা জামাল হায়দার, মালেকা বেগম, শ্যামাপ্রসাদ ঘোষ, পরিতোষ দাশ প্রমুখ।
এ সময় ছাত্রলীগের সামনের সারির নেতাদের মধ্যে ছিলেন শেখ ফজলুল হক মণি, কে এম ওবায়দুর রহমান, সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক, মাজহারুল হক বাকি, খালেদ মোহাম্মদ আলী, ফেরদৌস আহমেদ কোরেশী, আবদুর রউফ, তোফায়েল আহমেদ প্রমুখ।
ছাত্রশক্তির নেতাদের মধ্যে এই দশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মিজানুর রহমান শেলী, মোজাফফর হোসেন পল্টু, আতাউর রহমান খান কায়সার, শাহেদ আলী, জিয়াউদ্দিন প্রমুখ।
ষাটের দশকের দ্বিতীয়ার্ধে এনএসএফের একাংশ মাহবুবুল হক দোলন ও নাজিম কামরান চৌধুরীর নেতৃত্বে আইয়ুববিরোধী ছাত্র আন্দোলনে শরিক হয়।
বাষট্টির উত্তাল ছাত্র আন্দোলনের দিনগুলো
১৯৬২-এর অগ্নিঝরা ছাত্র আন্দোলনের কয়েকটি দিনের ঘটনা এখনো মানসপটে জ্বলজ্বল করে। ১৯৬১-এর ৩০ ডিসেম্বর রাতে সামরিক শাসনবিরোধী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগের ৩০ জনের বেশি নেতা-কর্মীর এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয় রেজা আলীদের ইস্কাটনের বাড়িতে। কমরেড মোহাম্মদ ফরহাদ ও শেখ মণির নেতৃত্বে এই বৈঠকে সামরিক শাসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং ক্রমান্বয়ে জনপ্রতিরোধ সৃষ্টির সিদ্ধান্ত হয়।
১৯৬২ সালের ৩০ জানুয়ারি পাকিস্তান নিরাপত্তা আইনে বিরোধীদলীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীও গ্রেপ্তারের ঘটনার প্রতিক্রিয়ায় ১৯৬২ সালের ৩১ জানুয়ারি ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগের বাছাই করা নেতা-কর্মীদের এক অনির্ধারিত বৈঠক বসে। ছাত্রশক্তি ও সরকারি ছাত্রসংগঠন এনএসএফের কতিপয় নেতার আপত্তির কারণে মধুর ক্যানটিনে সভা করা ও সেখান থেকে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা সম্ভব হয়নি। কিন্তু গভীর রাতে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগের নেতারা মিলিত হয়ে ১ ফেব্রুয়ারি ছাত্র বিক্ষোভ ও ধর্মঘটের ঘোষণা দেন।
ওই দিন বিশ্ববিদ্যালয়ের আমতলায় এক প্রতিবাদ সভা হয়। ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে প্রেসক্লাব পর্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ মিছিল সংঘটিত হয়। সূচনা হয় সামরিক শাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে ঐতিহাসিক গণ-আন্দোলনের। ৩ ফেব্রুয়ারি পাঞ্জাব রেজিমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকা ঘিরে ফেলে। ছাত্ররা তখন কার্জন হলে জমায়েত হয়ে মিছিল বের করে এবং বাংলা একাডেমি হয়ে সেক্রেটারিয়েট অভিমুখে অগ্রসর হয়।
সামরিক বাহিনী মিছিলের গতিরোধ করে। লাল পতাকা দেখিয়ে গুলি চালানোর হুঁশিয়ারি দেয়। এরপরও মৃত্যুভয় উপেক্ষা করে ছাত্রসমাজ অগ্রসর হতে থাকে। একপর্যায়ে উত্তেজনার অবসান ঘটিয়ে ছাত্রনেতারা মিছিলটি কার্জন হলে ফিরিয়ে আনেন এবং স্লোগান দিতে থাকেন। এ সময় সামরিক বাহিনী কার্জন হল লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে।
কড়া ভাষায় এ ঘটনার প্রতিবাদ জানান উপাচার্য মাহমুদ হোসেন। এ সময় একজন ছাত্র ড. মাহমুদ হোসেনকে লক্ষ্য করে একটি ঢিল ছুড়ে মারে। তিনি রুমাল দিয়ে কপালের রক্ত মুছতে মুছতে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কখনো সরকারি বাহিনী ঢুকবে না।’ উল্লেখ্য, উপাচার্য মাহমুদ হোসেন ছিলেন পরবর্তী সময়ে ভারতের রাষ্ট্রপতি ড. জাকির হোসেনের ভাই।
৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রমিছিল নবাবপুর-ইসলামপুর হয়ে আবার শহীদ মিনারে ফিরে আসে। পথে পথে বাসাবাড়ির ছাদ থেকে নর-নারীরা মিছিলে ফুল ছিটায়। উল্লেখ্য যে ওই সব দিনে মিছিলে ইউনিফর্ম পরা স্কুলের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করত। মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা কোনো কোনো দিন ১০ হাজারও ছাড়িয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ-মিলিটারি পরে মিছিলে বাধা দেওয়া থেকে বিরত থাকত।
অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার প্রদেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়।
৯ নেতার বিবৃতি
১৯৬২ সালের ২৫ জুন সামরিক শাসন তুলে নেওয়ার পর পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্র অর্থাৎ আইয়ুবি সংবিধান কার্যকর করা হয়। একদল তথাকথিত বিশেষজ্ঞ প্রণীত এই সংবিধান ছিল রাষ্ট্রপতি পদ্ধতির। এই সংবিধান চালু করার উদ্দেশ্য ছিল ক্ষমতার কেন্দ্রীভবন ও রাষ্ট্র পরিচালনায় সামরিক-বেসামরিক আমলাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। প্রত্যক্ষ নির্বাচন বদলে প্রবর্তন করা হয় পরোক্ষ নির্বাচন পদ্ধতি।
এর ঠিক আগে ১৯৬২ সালের ২৪ জুন আইয়ুবি সংবিধান প্রত্যাখ্যান এবং গণতান্ত্রিক শাসন প্রবর্তনের দাবিতে ৯ নেতার একটি বিবৃতি প্রকাশিত ও প্রচারিত হয়। বলা বাহুল্য, তৎকালীন ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগের নেতাদের চাপের ফলেই নেতারা এই যুক্ত বিবৃতি প্রদানে বাধ্য হন।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন নুরুল আমিন, আতাউর রহমান খান, আবু হোসেন সরকার, হামিদুল হক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া), মাহমুদ আলী, সৈয়দ আজিজুল হক ও পীর মহসিন উদ্দিন (দুদু মিয়া)।
মওলানা ভাসানীর ভিন্ন পথ
১৯৬৩ সালের ১ অক্টোবর সরকারি প্রতিনিধিদলের নেতা হিসেবে মওলানা আবদুল হামিদ খান ভাসানী চীন সফর করেন। চীনে তিনি সে দেশের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সে-তুং ও প্রধানমন্ত্রী চৌ এনলাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
তাঁদের মধ্যে অন্তরঙ্গ আলাপ-আলোচনা শেষে এক রাজনৈতিক সমঝোতা হয়, যা দেশের চলমান স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিরোধ ও বিভ্রান্তি সৃষ্টি করে। চীন থেকে ফিরে এসে মওলানা ভাসানী আইয়ুব চীনের বন্ধু—এই যুক্তিতে তাঁকে বিব্রত না করার ঘোষণা দেন। এ সময় তিনি আইয়ুববিরোধী আন্দোলনের মোর্চা এনডিএফেরও তীব্র সমালোচনা করতে থাকেন।