শেরেবাংলা নগরে একটি কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৩ শতাংশ
সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা বিদ্যালয়ের নিচতলায় একটি কক্ষের সামনে বেশ কয়েকজন নারী ভোটার সারি করে দাঁড়িয়ে আছেন। লাইন মোটামুটি লম্বা।
এই কক্ষে ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেল, এই কক্ষে মোট ভোটার ৫০০ জন। তখন পর্যন্ত ভোট পড়েছে ৬৯টি।
একজন ভোটার বলেন, তাঁদের বাসা পাশেই। এ জন্য সকাল সকাল ভোট দিতে এসেছেন। তবে পাশের আরেকটি কক্ষের সামনে ভোটারের লাইন দেখা যায়নি। এ কক্ষের ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, তখন পর্যন্ত কত ভোট পড়েছে, তা তাঁরা বলতে পারছেন না।
এই বিদ্যালয়ে মোট চারটি কেন্দ্র। নিচতলার এ কেন্দ্র ৯০ নম্বর। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রায়হান রুশদী প্রথম আলোকে বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৪ জন। সবাই নারী। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৭৪ জন ভোট দিয়েছেন। সেই হিসাবে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৩ শতাংশের মতো।
ভোটকে কেন্দ্র করে কোনো অভিযোগ পাননি বলেও জানান এই প্রিসাইডিং কর্মকর্তা। সেখান থেকে বেরিয়ে এসে দেখা গেল, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গাড়ি থেকে নামছেন। পরে তিনি এ কেন্দ্র পরিদর্শন করেন।
কেন্দ্রে একজন নারী হুইলচেয়ারে করে ভোট দিতে আসেন। তাঁর সঙ্গে সিইসি কথা বলেন। তিনি ওই নারীর কাছে জানতে চান, কোনো অসুবিধা হচ্ছে না তো?
অল্প কিছুক্ষণ থেকে এই কেন্দ্র থেকে বেরিয়ে যান সিইসি। এ সময় কেন্দ্রের বাইরে বিভিন্ন দলের প্রার্থীদের কর্মী-সমর্থকদের দেখা যায়।