দলগুলোর ইশতেহারে উপেক্ষিত সংখ্যালঘুরা

বিবৃতিপ্রতীকী ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বিএনপিসহ রাজনৈতিক দলগুলো যে ইশতেহার দিয়েছে, তাতে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার নিশ্চিতের নিশ্চয়তা না পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ শনিবার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি তুলে ধরে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে কী কী করতে চান, সেই প্রতিশ্রুতিমালা নিয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, বিএনপিসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সামগ্রিকভাবে উপেক্ষিত রয়েছে।

আরও পড়ুন

রাজনৈতিক দল ও জোটগুলোর সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি এমন ‘নির্মম উপেক্ষা ও অবহেলা’য় হতাশা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে সংখ্যালঘুদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। যার নেতিবাচক প্রভাব নির্বাচনে প্রতিফলিত হলে এ জন্য সংখ্যালঘুদের কোনোভাবেই দায়ী করা যাবে না।

আরও পড়ুন

পাশাপাশি আল–জাজিরায় (কাতারভিত্তিক সংবাদমাধ্যম) দেওয়া বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত সাম্প্রদায়িক সহিংসতাকে নিছক ‘রাজনৈতিক বিষয়’ হিসেবে উল্লেখের মাধ্যমে লঘু করে দেখানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন মনীন্দ্র কুমার।

এতে ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, নির্বাচনী প্রচারণায় মৌখিকভাবে নিরাপত্তার অভয়দান (প্রতিশ্রুতি দেওয়া) সংখ্যালঘু জনমনে কোনোভাবে আস্থা ও আশা জাগাতে পারছে না।

আরও পড়ুন