ধানমন্ডির কেন্দ্রে ভোটার তালিকায় কয়েকজনের নাম–ছবি মিলছে না, ভোগান্তি

ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হচ্ছেন কয়েকজন। আজ বৃহস্পতিবার সকালেছবি: আনোয়ার হোসেন

রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয়ের একটি নারী কেন্দ্রে ভোটার নম্বরের সঙ্গে নাম ও ছবি না মেলার কারণে ভোগান্তির সৃষ্টি হয়েছে। কয়েকজন ভোটার এমন ভোগান্তির কথা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার মধ্যে এ রকম ভোগান্তিতে পড়ে আটজন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তার কাছে যান। কিন্তু সমাধান দিতে পারেননি প্রিসাইডিং কর্মকর্তা।

জারিন আরা প্রথমবার ভোট দিতে এসেছেন। তিনি বলেন, অ্যাপ থেকে ডাউনলোড করে তিনি ভোটার নম্বর এবং কেন্দ্রের অবস্থান নিয়ে এসেছেন। কিন্তু কেন্দ্রে এসে জানতে পারেন নাম এবং ছবি মিলছে না। প্রিসাইডিং কর্মকর্তাকে বলার পর তিনি বলেছেন তাঁর কিছু করার নেই।

একই সমস্যায় পড়েছেন বয়োজ্যেষ্ঠ শিরিন আহমেদ। তিনি বলেন, আনন্দ নিয়ে ভোট দিতে এসে এখন বিপদে পড়ে গেছেন। নামসহ কিছুই মিলছে না। এখন কী করব বুঝতে পারছি না।

একই সমস্যার কথা জানান বিলকিস নাহার। তিনি বলেন, এতদিন পর একটা ভোট দিতে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে। এর সমাধান কী কেউ বলতে পারছে না।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নূর হোসেন প্রথম আলোকে বলেন, সবাই সমস্যায় পড়েছেন তা না। কারও কারও এমন সমস্যা পাওয়া যাচ্ছে। তিনি নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন যে কেন্দ্রে থাকা তালিকা হালনাগাদ আছে। না মিললে ভোট নেওয়া যাবে না।

অবশ্য এই কেন্দ্র থেকে কয়েকজনকে ভোট দিয়ে আনন্দ নিয়ে বের হতে দেখা যায়। কেউ কেউ ভোট দিয়ে সেলফি তোলেন। অনেকে এসেছেন দল বেঁধে পরিবারের সদস্যদের নিয়ে। তাঁরা সেলফি ও ছবি তুলে স্মৃতি হিসেবে ধরে রাখতে চেয়েছেন।