কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে: মামুনুল হক

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে মামুনুল হক। আজ সকাল আটটার দিকেছবি: মেহেদী হাসান

কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুরে কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে মামুনুল হক সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘কিছু কেন্দ্রের ভেতরে অব্যবস্থাপনা আছে। কিছু জায়গায় কেন্দ্রের বাইরে আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।’

সুনির্দিষ্টভাবে কোথায় ভয়ভীতি দেখানো হয়েছে জানতে চাইলে মামুনুল হক বলেন, ‘রায়ের বাজারে ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা রাজেশ খানের নেতৃত্বে প্রায় সব কেন্দ্রের বাইরে ভোটারদের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।’ এ ছাড়া আগারওগাঁও-তালতলা এলাকায়ও কিছু কেন্দ্রে ঝামেলা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।