নির্বাচনের প্রথম দুই ঘণ্টা পার, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ

রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিন ভাই–বোনের অভিব্যক্তি। তাঁরা নতুন ভোটার। সকাল ৯টার দিকেছবি: সাজিদ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রথম দুই ঘণ্টা পার হলো। এই সময়ে সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

২০২৪ সালে জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ভোট দিচ্ছেন দেশের মানুষ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট (গণভোট) দিয়ে মত জানাচ্ছেন ভোটাররা।

ভোট দিতে ভোর থেকে বিভিন্ন কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। ভোট দিতে কেন্দ্রে আসা ভোটারদের মধ্যে উৎসবের আমেজ দেখে গেছে।

কিছু কিছু কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলেই আশা করছেন তাঁরা।

সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশে আজকে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো।’

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে
ছবি: প্রথম আলো

রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সকাল পৌনে নয়টার দিকে ভোট দেন ঢাকা-১৫ আসনের এই প্রার্থী। ভোট দেওয়ার পর তিনি বলেন, এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক বাংলাদেশে। এই ভোটের মাধ্যমে ভবিষ্যতে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার বা দলের হবে না; বরং সে সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার। তাঁরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।

রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবিটি সকাল পৌনে নয়টার দিকে তোলা
ছবি: প্রথম আলো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। ঢাকা-১১ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের এই প্রার্থী সকাল ৮টার দিকে ভোট দেন। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি বলেন, ১১–দলীয় নির্বাচনী ঐক্য হয়েছে সরকার গঠনের লক্ষ্যে। তাঁরা মনে করছেন, তাঁরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছেন। নির্বাচন সুষ্ঠু হলে জনরায় মেনে নেবেন বলেও জানান তিনি।

রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবিটি সকাল আটটার দিকে তোলা
ছবি: প্রথম আলো

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনের সড়কের এক পাশে রাজধানী উচ্চবিদ্যালয়। সকাল আটটার দিকে এখানে গিয়ে দেখা গেল, ভোটারদের ভিড় নেই, নেই সারিও। স্কুল ভবনের দোতলার ভোটকক্ষের সামনে গিয়ে দেখা গেল, হাতে গোনা দু–একজন ভোটার এসেছেন। একটি কক্ষে দায়িত্ব পালনরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেল, এই কক্ষে মোট ভোটার ৫৩৭ জন। তখন পর্যন্ত ভোট দিয়েছেন পাঁচজন।

ঢাকা-১২ আসনের তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ১৩ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রিয়াদ আহমেদ সকাল পৌনে ৯টার দিকে প্রথম আলোকে বলেন, এই কেন্দ্রে ভোটার ৩ হাজার ২৮৬ জন। ভোট শুরুর সোয়া ১ ঘণ্টায় ভোট পড়েছে ৯৫টি।

ভোট দেওয়ার পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করছেন তাঁরা। সকাল নয়টার দিকে রাজধানীর কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা
ছবি: প্রথম আলো

একজন প্রার্থীর মৃত্যুর কারণে এবার শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। ২৯৯টি আসনে এবারের নির্বাচনে ইসিতে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল অংশ নিচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি। ফলে দলটি এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটার আছেন ৫ কোটির বেশি। অন্যদিকে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী। ফলাফল নির্ধারণে তরুণ ও নারী ভোটাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।