সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা না থাকাটা উদ্বেগের: মীর আহমাদ

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেমছবি: ড্রিঞ্জা চাম্বুগং

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সব কটিতে সিসি ক্যামেরা নেই উল্লেখ করে এটিকে বড় উদ্বেগের বিষয় বলেছেন ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান। তবে ভোট গ্রহণের শান্তিপূর্ণ পরিবেশ ও ভোটকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পোলিং এজেন্টের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর আহমাদ এসব কথা বলেন।

মীর আহমাদের দাবি, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ক্যামেরা স্থাপনের কথা থাকলেও স্থানীয় প্রভাবশালীদের বাধার কারণে কিছু স্থানে সিটি করপোরেশনের কর্মীরা ক্যামেরা না বসিয়েই ফিরে গেছেন। পাশাপাশি কিছু এলাকায় নির্বাচন পর্যবেক্ষক ও জামায়াতের সমর্থকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

তবে মীর আহমাদ নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, নির্বাচনের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ।

মীর আহমাদ বলেন, ন্যাশনাল বাংলা কলেজ ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পোলিং এজেন্টের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েছে।

আরও পড়ুন

নির্বাচনের ফলাফল মেনে নেওয়া, না নেওয়া প্রসঙ্গে এই প্রার্থী বলেন, ‘নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, তা ফলাফলের চেয়ে প্রক্রিয়ার ওপর নির্ভর করে। সিসিটিভি কভারেজ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি, ভোটারদের হয়রানি না করা এবং ভোট গণনায় হস্তক্ষেপ না থাকলে যেকোনো ফলাফলই গ্রহণযোগ্য হবে।’

গত রাতের কিছু বিশৃঙ্খলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে উল্লেখ করে মীর আহমাদ গণমাধ্যমকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।

আরও পড়ুন
আরও পড়ুন