ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি নিয়ে অসন্তোষ
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা।
ক্ষুব্ধ নেতারা বলেন, অযোগ্য, নিষ্ক্রিয় ও নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পক্ষে দলীয় কোনো কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয়। তাই এই কমিটি ভেঙে দিয়ে যোগ্য ও ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি করা উচিত।
গত রোববার সন্ধ্যায় খোরশেদ আলমকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পরদিন সোমবার দুপুরের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খোরশেদ-আরিফুলের নেতৃত্বে একটি শুভেচ্ছা মিছিল হয়। মিছিলে অল্প কিছু নেতা-কর্মী অংশ নেন।
কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া অন্তত ১০ জন নেতা প্রথম আলোকে বলেন, সভাপতি খোরশেদ ২০০৮-০৯ ও সাধারণ সম্পাদক আরিফুল ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। এখন তাঁরা নিয়মিত ছাত্র নন। খোরশেদকে ২০১৬ সালের আগে কখনো ছাত্রদলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। আরিফুল ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। তিনি ছাত্রদলে অনেকটা অপরিচিত মুখ। তাঁর যোগ্যতা হলো, তিনি কেন্দ্রীয় এক শীর্ষ নেতার নিজস্ব লোক। এ ছাড়া কমিটিতে যুগ্ম সম্পাদক পদ পাওয়া মাসুম বিল্লাহ (স্যার এ এফ রহমান হল), তারিকুল ইসলাম, নাছির উদ্দিন ও রাজু আহমেদ অতীতে ছাত্রলীগ করতেন। মাসুম ২০১৩ সাল পর্যন্ত ছাত্রলীগের হয়ে মারামারিসহ নানা বিতর্কিত ঘটনায় যুক্ত ছিলেন, যা তখন গণমাধ্যমে প্রকাশিত হয়।
ছাত্রদলের এই নেতারা অভিযোগ করেন, নতুন কমিটির সহসভাপতি মশিউর রহমান, যুগ্ম সম্পাদক ইউসুফ হোসেন খান, সহসাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান ও সহসাধারণ সম্পাদক আফছার উদ্দিন দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন। মশিউর বিবাহিত। যুগ্ম সম্পাদক আমিনুল ইসলামও বিবাহিত। সহসাধারণ সম্পাদক মুন্সী সোহাগকে অতীতে ছাত্রদলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। তবে চলতি বছর তিনি পরপর দুটি পদ পেয়েছেন।
যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ দাবি করেন, ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ওই বছরের ডিসেম্বরে ছাত্রদলের কর্মসূচি থেকে গ্রেপ্তার হন। পরের বছর ২৫ ডিসেম্বর তিনি জামিনে মুক্ত হন। তিনি বলেন, মাত্র দেড় মাস স্যার এ এফ রহমান হলে ছিলেন। শুরু থেকেই ছাত্রদলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন।
আরেক যুগ্ম সম্পাদক তারিকুল ইসলামও দাবি করেন, তিনি কখনো ছাত্রলীগ করেননি। আর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলামের দাবি, তিনি বিবাহিত নন।
পদবঞ্চিত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে তিন মাসের জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রায় তিন বছর পার করেছে। গত কয়েক মাসে সংগঠন প্রায় স্থবির হয়ে পড়ে। সবাই আশা করেছিলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি হবে, নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরবে। কিন্তু নতুন কমিটি করা হয়েছে অযোগ্য, নিষ্ক্রিয় ও নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে।
ফলে প্রাণচাঞ্চল্য ফেরা দূরে থাক, নেতা-কর্মীদের মধ্যে এখন চরম ক্ষোভ-হতাশা-অসন্তোষ বিরাজ করছে। নতুন কমিটির দলীয় কোনো কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা নেই। কারণ, তাঁদের পেছনে তেমন কর্মী নেই। তাঁদের শুভেচ্ছা মিছিলে মাত্র ১৫ থেকে ২০ জনের উপস্থিতির মাধ্যমে বিষয়টি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। কমিটিতে পদ পাওয়া ৩৩ জনও মিছিলে উপস্থিত ছিলেন না। কারণ, তাঁদের ওপর কারও আস্থা নেই।
কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়া এক নেতা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করতে গিয়ে প্রতিনিয়ত মামলা-হামলার শিকার হচ্ছি। অথচ সংগঠনের শীর্ষ নেতারা দীর্ঘদিনের ত্যাগী নেতাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করছেন। ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দিয়ে তাঁরা সংগঠনে নিষ্ক্রিয় ও নানা অভিযোগে অভিযুক্ত মাই ম্যানদের পদায়ন করছেন।’
ক্ষুব্ধ নেতারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলে অন্তত ছয়টি পক্ষ রয়েছে। সাধারণত কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ইচ্ছায় বিশ্ববিদ্যালয় শাখার কমিটি হয় না। পক্ষগুলোর শীর্ষ নেতাদের মধ্যে সমন্বয় করেই কমিটি করা হয়। কিন্তু এবার প্রথমবারের মতো সভাপতি-সাধারণ সম্পাদকের ইচ্ছানুযায়ী কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করবেন বলে আশা তাঁদের। প্রয়োজনে তাঁরা আন্দোলনে নামার কথাও ভাবছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি নিয়ে ওঠা অভিযোগকে ‘রাজনৈতিক গ্রুপিংয়ের বক্তব্য’ বলছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ঢাবি শাখার সভাপতি খোরশেদ ডাকসুর এজিএস প্রার্থী ছিলেন।
তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সাধারণ সম্পাদক আরিফুলও বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সাংগঠনিক কিছু বাধ্যবাধকতা ও মানদণ্ডের কারণে অনেকের মধ্য থেকে তাঁদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে থাকা কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।