নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারে না: মির্জা ফখরুল
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা বা সংলাপ হতে পারে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। আজ দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
গত সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে আওয়ামী লীগের সঙ্গে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক হয়। ওই বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমঝোতার পথ বিএনপি বন্ধ (ব্লক) করে দিয়েছে।’
আজ ওবায়দুল কাদেরের ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বরাবরই বলে এসেছি, একটা বিষয় আলোচনা হতে পারে, অন্য বিষয় নয়। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারে না।’
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের আলোচনায় আপনারা প্রস্তুত কি না—এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘সেটা আমরা আগেও বলেছি, এই বিষয়ে আমরা কথা বলতে পারি, তারা যদি সেই ঘোষণা দেয়, আমরা মেনে নেব।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে, একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করে আবার সেই আগের মতো, ২০১৪ ও ২০১৮ সালের মতো, নির্বাচন করা। একতরফা কোনো ভোটার উপস্থিতি হবে না, কিন্তু এবার সেটা সম্ভব হবে না।
সংবাদ সম্মেলনের বিএনপি মহাসচিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, ২০১৮ সালের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না। জবাবে মির্জা ফখরুল বলেন, ‘অসম্ভব, এবার জনগণ জেগে উঠেছে।’
২০১৮ সালে তো নির্বাচন করে ফেলল? এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, ‘ওই রকম নির্বাচন করে লাভ নেই তো কোনো, ওই নির্বাচনের পর এখন সমস্ত পৃথিবী বলছে, তোমার ইলেকশন ঠিক হয় নাই। এটা নট অ্যাকসেপ্টেবল। এই ইলেকশন করে কী হবে, যে ইলেকশন কেউ অ্যাকসেপ্ট করে না। জোর করে অনেক কিছু করতে পারে, তাতে লাভ নেই।’
আজ এক সাংবাদিক প্রশ্ন করেন, নির্বাচন কমিশন বলেছে, নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করা হবে। আপনাদের ভাষ্য অনুযায়ী আপনারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করছেন। টানা কর্মসূচি দিয়ে যাচ্ছেন। নভেম্বর শুরু হতে বাকি আর মাত্র ২০ দিন বা ১৮ দিন। সাংবাদিকের এমন প্রশ্ন শেষ না হতেই মির্জা ফখরুল বললেন, ‘এ দেশে তিন দিনে সিদ্ধান্ত হয়। তিন দিনও লাগে না।’
সংবাদ সম্মেলনের শুরুতেই দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিনের বাসার দরজা ভেঙে তাঁকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘ডাকাত যেভাবে করে দরজা ভেঙে বাসায় ঢোকে, ঠিক সেভাবে ঢুকেই শহীদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এটি প্রমাণ করে, সরকার আগের মতোই একতরফা নির্বাচন করার দিকে এগিয়ে যাচ্ছে। তারা আমাদের দলের সম্ভাব্য নেতাদের আটক করা শুরু করেছে। অনেক নেতাকে মিথ্যা মামলায় সাজাও দিয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান।