ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ১৩ সেপ্টেম্বর ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সভা শেষে দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী
ফাইল ছবি

এর আগে দলীয় কার্যালয়ে সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নির্বাচন এবং মহানগরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে সভায় আলোচনা হয়। নাহিদ ইসলাম এ বিষয়ে দলীয় নেতাদের সার্বিক দিকনির্দেশনা দেন।

সভায় ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করে তা নিয়ে আন্দোলন গড়ে তোলা, জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং তাঁদের পাশে থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পতিত ও পলাতক আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নাশকতামূলক তৎপরতার ওপর ওয়ার্ডভিত্তিক নজরদারি এবং প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

সভায় আরও উপস্থিত ছিলেন এসসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।