সচিবালয়ে দলের বৈঠক হয়নি: গয়েশ্বর
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির ‘দলীয় বৈঠক’ নিয়ে সমালোচনার জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী তাঁদের ডেকে সিদ্ধান্ত জানিয়েছেন। সেখানে তাঁদের দলের কোনো বৈঠক হয়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।
এর আগে ১১–দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেছিলেন, তাঁরা শুনছেন সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বসছে। এর সমালোচনা করে তিনি বলেন, সচিবালয় নির্বাহী জায়গা। সেখানে রাজনৈতিক দলের শীর্ষ ফোরামের বৈঠকের রেকর্ড তাঁদের জানা নেই।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকে কোনো মিটিং ছিল না। যেহেতু তিনি প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, উনি আমাদের ডেকে সিদ্ধান্ত জানিয়েছেন। সেখানে কোনো বৈঠক হয়নি।’
এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, সচিবালয়ে কোনো মিটিং হয়নি, তাঁরা আলোচনা করেছেন। আলোচনা দেশের যেকোনো জায়গায় হতে পারে। আগেই সিদ্ধান্ত ছিল, সেটা প্রধানমন্ত্রী ও তাঁদের দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন।
একই বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটা স্থায়ী কমিটির বৈঠক ছিল না। স্থায়ী কমিটির সদস্যরা আগেই দলীয় চেয়ারম্যানকে প্রার্থিতা চূড়ান্ত করতে দায়িত্ব দিয়েছিলেন।