অংশ নেবে কি না ভাবছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নতুন করে ভাবছে বিএনপি। দলটি বলছে, দুর্নীতির মামলায় সাজা পেয়ে খালেদা জিয়ার কারাবন্দী হওয়ার পর সরকার বিএনপির জন্য নতুন পরিস্থিতির সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে আসন্ন সিটি নির্বাচনে যাবে কি না, তা নিয়ে দলের নেতারা দ্বিধায় আছেন।

বিএনপির নীতিনির্ধারণী সূত্রগুলো জানায়, এত দিন বিএনপির নীতিগত সিদ্ধান্ত ছিল স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশগ্রহণ করার। তাই ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন করার পরও দলটি সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নিয়ে আসছে। কিন্তু এখন পরিবর্তিত প্রেক্ষাপটে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শিগগিরই দলীয় ফোরামে আলোচনা হবে। এরপর তারা সিদ্ধান্ত নেবে।

‘পরিবর্তিত পরিস্থিতির’ কারণে পাঁচ সিটি নির্বাচনের বিষয়ে এখনো যে সিদ্ধান্ত হয়নি, বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনও সে কথা জানিয়েছেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতি বলছি এ জন্য যে আগে তো সিদ্ধান্ত ছিল স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের। সে অনুযায়ী অংশগ্রহণ করেছি। স্বাভাবিকভাবে এটাই হওয়ার কথা ছিল। কিন্তু এখন আমাদের নেত্রীকে (খালেদা জিয়া) অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা কী করব, সিদ্ধান্ত নিইনি।’

আগামী জাতীয় নির্বাচনের আগে রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও গাজীপুর সিটি করপোরেশনে দলীয় প্রতীকে নির্বাচন হবে। বর্তমানে পাঁচ সিটিতেই বিএনপি সমর্থিতরা মেয়র হিসেবে আছেন।
এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সপ্তাহে সাংবাদিকদের বলেছিলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) ছাড়া এই নির্বাচনের অর্থ হচ্ছে, আওয়ামী লীগকে আরও পোক্ত করা। আমরা এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করব কি না, ভেবে দেখতে হবে।’ তিনি গতকাল প্রথম আলোকে বলেন, তাঁরা এখনো সিটি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেননি।
জানা গেছে, নির্বাচনে অংশ নিলে সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেনেরই বিএনপির প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। গাজীপুরের মেয়র এম এ মান্নান শারীরিকভাবে অসুস্থ। সেখানে সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকারের নাম দলীয়ভাবে আলোচনায় আছে। খুলনার বর্তমান মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান এবারও প্রার্থী হতে চান। কিন্তু এবার সেখানে জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী।
বরিশালে বর্তমান মেয়র আহসান হাবিবের অবস্থান দলে দুর্বল হয়ে পড়েছে। সেখানে সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হকের নাম আলোচনায় আছে।
রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের ব্যাপারে কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে আমরা মাঠে আছি। নির্বাচনের প্রস্তুতিও আছে।’
বিএনপির নেতারা বলছেন, পাঁচ সিটিতেই বিএনপির মেয়ররা আছেন। নিরপেক্ষ নির্বাচন হলে আবারও বিএনপির প্রার্থীরাই জয়ী হবেন। কারণ, গত কয়েক বছরে এমন কোনো পরিস্থিতি হয়নি যে বিএনপির জনপ্রিয়তা কমেছে; বরং খালেদা জিয়াকে জেলে নেওয়ার পর দলের নেতা-কর্মীরা সক্রিয় হয়েছেন, দলীয় ঐক্য বেড়েছে। এখন দরকার নির্বাচনী মাঠে সবার জন্য সমান সুযোগ। খালেদা জিয়াকে জেলে নেওয়ার পর নেতা-কর্মীদের ওপর সরকারের নিপীড়ন বেড়েছে। এ পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে ভাবতে হচ্ছে নেতাদের।
‘সরকারের আচরণই’ বিএনপিকে নির্বাচনের বিষয়ে ভাবতে হচ্ছে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি খালেদা জিয়ার মামলার কথা উল্লেখ করে প্রথম আলোকে বলেন, ‘একটা ওকালতনামা পর্যন্ত সই করতে দেয় না। এটা কী ধরনের রাজত্ব। তার জন্য রিট পিটিশন দায়ের করতে হবে! এ ধরনের অবস্থা হলে আমরা কী করে নির্বাচন করব।’