বিএনপির দুর্গ বলে পরিচিত বগুড়া এখন আওয়ামী লীগের পূর্ণ নিয়ন্ত্রণে। দলীয় কোন্দলের পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে চলার অভিযোগও আছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। তবে ক্ষমতাসীন দলটি এখানে রাজনীতির চেয়ে চাঁদাবাজি আর দখল নিয়ে বেশি ব্যস্ত। এসব নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন কামরুল হাসান ও আনোয়ার পারভেজ
বগুড়ায় যেকোনো আন্দোলন-সংগ্রামের কেন্দ্র হলো সাতমাথা। এখান থেকে জেলা বিএনপির কার্যালয় মাত্র ৩০০ মিটার দূরত্বে শহরের নওয়াববাড়ি সড়কে। গত পাঁচ বছরে এই সামান্য দূরত্ব অতিক্রম করে একটি মিছিলও সাতমাথায় আনতে পারেনি বিএনপি। তাদের কর্মসূচি দলীয় কার্যালয়ের ভেতরেই সীমাবদ্ধ।
জেলা বিএনপির একাধিক নেতা প্রথম আলোকে বলেছেন, এখানে বিএনপি মূলত দুই ভাগে বিভক্ত। একদিকে জেলা বিএনপির সভাপতি, অন্যদিকে সাধারণ সম্পাদক। বিভক্তির কারণে কোনো কর্মসূচি সফল হয় না। দলের কোনো কোনো নেতা আবার আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ব্যবসা-বাণিজ্য করেন। স্বাভাবিকভাবেই দলীয় কর্মসূচিতে তাঁদের আগ্রহ কম।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের নিজ জেলা বগুড়া বরাবরই ছিল বিএনপির দুর্গ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও বগুড়ায় বিএনপির অবস্থান বেশ শক্তই ছিল। কিন্তু এ অবস্থান লন্ডভন্ড হয়ে যায় ২০১৩ সালে জামায়াতে ইসলামী নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে জেলাজুড়ে তাণ্ডব চালানোর পর। ওই সময় জামায়াতের সঙ্গে বিএনপির কর্মীরাও তাণ্ডবে অংশ নেন বলে অভিযোগ আছে। তখনই শুরু হয় পুলিশি ধরপাকড়। নেতা-কর্মীদের ঘাড়ে চাপে নাশকতার মামলার বোঝা। ফলে অনেক নেতা-কর্মী চলে যান আত্মগোপনে। টানা তিন বছর জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধ থাকে। অনেকে বলছেন, এখানে একপর্যায়ে বিএনপিকে গিলে ফেলেছিল জামায়াত। বিরোধী দলের কর্মসূচিতে নেতৃত্ব দিত জামায়াত। পুলিশি অভিযানে জামায়াতও আত্মগোপনে চলে যায়। আর এ সুযোগেই মাঠ দখল করে নেয় আওয়ামী লীগ। সেই দখল এখন পর্যন্ত বহাল আছে।
বিভক্ত বগুড়া জেলা বিএনপির একপক্ষে সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে আছেন জেলা বিএনপির উপদেষ্টা মো. শোকরানা, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, যুবদলের সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান, মহিলা দলের সভাপতি লাভলী রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান প্রমুখ নেতারা। অন্যদিকে সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান আলী আসগর তালুকদার, জেলা যুবদলের সভাপতি শিপার আল বখতিয়ার, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল তৈয়বসহ অন্যরা।
বিএনপির মাঠপর্যায়ের কর্মীরা বলছেন, দুই পক্ষের কোন্দল ছাড়াও প্রশাসন ও আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত, অতিরিক্ত জামায়াতপ্রীতি, জেলা সভাপতির একচ্ছত্র খবরদারি এবং ত্যাগী নেতাদের কোণঠাসা করে রাখার কারণেই কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। সর্বশেষ পৌর মেয়রকে তাঁর বাসায় গিয়ে হুমকি ও মারধর করেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কেউ প্রতিবাদ বা মিছিল পর্যন্ত করতে পারেনি। সর্বশেষ নারী নির্যাতনের ঘটনায়ও বিএনপি বড় একটি মিছিলও করতে পারেনি। তারা মিছিলের উদ্যোগ নিলে পুলিশ বাধা দেয়।
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওমর ফারক খান আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, আন্দোলনের মাঠে সক্রিয় থাকা দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে কয়েক ডজন করে মামলা। কিন্তু ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতা করে চলার কারণে দলের শীর্ষ নেতার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
জানতে চাইলে, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা কারও সঙ্গে গোপন আতাঁত করি না। দলের ভেতরের একটি অংশ এ নিয়ে অপ্রচার চালাচ্ছে। দলের ভেতরে কোন্দল থাকতেই পারে, সব বড় দলেই কোন্দল আছে।’
কিছু নেতা-কর্মী অভিযোগ করেন, ক্ষমতার বাইরে থেকেও জেলা সভাপতি অঢেল সম্পদের মালিক হয়েছেন। বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বলেন, বগুড়ার বিএনপিতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ‘ভাইয়া’ নামে পরিচিত। তৃণমূল থেকে গোপন ব্যালটের মাধ্যমে দলের নেতৃত্ব নির্বাচনে ভাইয়া এক সময় ‘বগুড়া মডেল’ পদ্ধতি চালু করেন। কিন্ত জেলা বিএনপির কমিটি ঘোষণার ক্ষেত্রে উপেক্ষিত হয় ‘ভাইয়া মডেল’। তৃণমূলের মতামতের তোয়াক্কা না করে জেলা কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতি সাইফুল ইসলামের একচ্ছত্র আধিপত্যেই এখন চলছে জেলা বিএনপির রাজনীতি।
খালেদা জিয়ার আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনও কার্যত অসহায় সভাপতির কাছে। সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম নিজ উপজেলায় (শিবগঞ্জ) রাজনীতি আর ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত। তিনি জেলা শহরে থাকেন না, দলীয় কর্মসূচিতে উপস্থিতিও কম।
বিএনপির কোন্দল প্রকাশ্য হয়ে পড়ে গত পবিত্র রমজান মাসে দলীয় ইফতার পার্টির আয়োজনকে কেন্দ্র করে। ৩০ মে জেলা কার্যালয়ে এক সভায় সভাপিত সাইফুল ইসলাম তাঁর সমর্থিত নেতা মো. শোকরানার মালিকানাধীন একটি তারকা হোটেলে ইফতার আয়োজনের কথা বলেন। এর বিরোধিতা করেন সাধারণ সম্পাদক। এ নিয়ে বিতণ্ডা বাধলে সাইফুলের সমর্থকেরা জয়নালের ওপর চড়াও হন।
জয়নাল আবেদীন এ বিষয়ে বলেন, সামাজিক অনুষ্ঠান নিয়েও রাজনীতি হচ্ছে। এটা খুবই দুঃখের বিষয়। ইফতার পার্টি একটি সামাজিক অনুষ্ঠান; সেখানে যাওয়া নিয়ে নেতিবাচক আলোচনা হওয়া কোনোভাবে উচিত নয়।
জেলা বিএনপির সহসভাপতি ও সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল তৈয়ব বলেন, ‘দলের নেতৃত্ব দিতে গিয়ে সরকারের প্রতিহিংসার রাজনীতির বলি হয়েছি আমরা। কিন্তু জেলার নেতারা কেউ খোঁজও নেননি।’ জেলা যুবদলের সভাপতি শিপার আল বখতিয়ার বলেন, জেলা বিএনপির শীর্ষ নেতার অযোগ্য নেতৃত্বের কারণেই দল এখন বিপদগ্রস্ত। ঘুরে দাঁড়াতে হলে জেলা বিএনপির নেতৃত্বে পরিবর্তন আনতে হবে।
জেলা বিএনপির উপদেষ্টা শোকরানার বিরুদ্ধে রয়েছে ক্ষমতাসীনদের সঙ্গে আঁতাতের অভিযোগ। তিনি শহর যুবলীগের নেতা মতিন সরকারের সঙ্গে সমঝোতা করে চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি পদে দীর্ঘদিন ধরে বহাল আছেন। জেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা মেয়র মাহবুবর রহমান ব্যস্ত তাঁর আইন ব্যবসা নিয়ে।
জানতে চাইলে, মাহবুবর রহমান বলেন, ‘এখানে রাজনীতির পরিবেশ নেই। এই খারাপ সময়ে কী করা যাবে। আমরা যে টিকে আছি, সেটাই অনেক বড় ব্যাপার।’