কয়েকটি অভিন্ন নাম দেবে বিএনপি ও শরিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য বিএনপিসহ ২০-দলীয় জোটের নিবন্ধিত শরিক দলগুলো অনুসন্ধান কমিটির কাছে নাম দেবে। দলগুলো আলাদাভাবে পাঁচজন করে নাম প্রস্তাব করবে। এর মধ্যে নির্দিষ্ট কয়েকটি নাম সব দলের তালিকাতেই থাকবে।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গত রোববার দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গতকাল সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০-দলীয় জোটের মহাসচিবদের বৈঠকেও সবাই এ বিষয়ে একমত হন।

রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমরা পাঁচজনের নাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। জোটের শরিক দলগুলো তাদের মতো করে নাম দেবে।’

জানা গেছে, জোটের সিদ্ধান্ত অনুযায়ী গত রাতে বাংলাদেশ ন্যাপ, বিজেপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলাম তাদের প্রস্তাবিত নাম বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছে দিয়েছে। সেখানে বিএনপি বা জোটের আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। তবে দলগুলো কাদের নাম দিয়েছে বা বিএনপি কার কার নাম ঠিক করেছে, তা জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে বিএনপি ও শরিক দলগুলো কঠোর গোপনীয়তা অবলম্বন করেছে।

বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, অনুসন্ধান কমিটি নিয়ে হতাশ দলের শীর্ষ নেতৃত্ব মনে করেন না নির্বাচন কমিশনের জন্য নাম দিয়ে ভালো কিছু হবে। এরপরও পরিস্থিতি বিবেচনায় জোটের সাতটি দল আলাদাভাবে পাঁচজনের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কয়েকজনের নাম সব দলের প্রস্তাবেই থাকবে। যাতে প্রস্তাবিত নামগুলো অনুসন্ধান কমিটির দৃষ্টিগ্রাহ্য হয় এবং নির্বাচন কমিশনার হিসেবে বিবেচনার ক্ষেত্রে গুরুত্ব পায়।

বিএনপির সূত্র জানায়, ২০-দলের পক্ষ থেকে সমন্বয় করে নাম প্রস্তাব করার কৌশল থেকে বিএনপি গতকাল জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক করে। বৈঠকে বিএনপি জোটের শরিক দলগুলোকে আলাদাভাবে পাঁচজনের নাম নিয়ে রাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পাঠাতে বলা হয়। সেখানে সব দলের নাম পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে বলে জানানো হয় শরিকদের।

দলের নীতিনির্ধারণী পর্যায়ের সূত্রে জানা গেছে, বস্তুত রোববার রাতেই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অনুসন্ধান কমিটিকে নাম দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে উপযুক্ত কয়েকজনের নাম ঠিক করতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজনকে দায়িত্ব দেন খালেদা জিয়া।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, রোববার রাতে স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়া তাঁদের বলেছেন, কেউ নাম প্রস্তাব করতে চাইলে তা যেন খালেদা জিয়ার কাছে দেওয়া হয়। তিনি সেখান থেকে নাম চূড়ান্ত করবেন।

 বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক সাতটি দলের নিবন্ধন আছে নির্বাচন কমিশনে। এই সাতটি দল অনুসন্ধান কমিটি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছিল। বিএনপি ছাড়া অন্য দলগুলো হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ ন্যাপ, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও মুসলিম লীগ (এমএল)। অনুসন্ধান কমিটি এই সাতটি দলের কাছেই চিঠি দিয়ে নাম চেয়েছে।

গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে ২০-দলীয় জোটের বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে মঞ্জুরুল ইসলাম, এলডিপির রেদওয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির এম আমিনুর রহমান, বিজেপির সালাহউদ্দিন মতিনসহ শরিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিকেলে এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ সাংবাদিকদের বলেন, সার্চ কমিটির কাছে তাঁরা নাম পাঠাবেন। কার কার নাম, কখন, কীভাবে পাঠানো হবে, তা রাতে চূড়ান্ত হবে। রাতে তিনি জানান, এলডিপির পক্ষ থেকে নামের একটি তালিকা বিএনপির মহাসচিবের কাছে পাঠানো হয়েছে। তিনি নাম জানাতে রাজি হননি।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানায়, অনুসন্ধান কমিটিকে নাম দেওয়ার ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের তেমন উৎসাহ নেই। এ নিয়ে রোববার দলের স্থায়ী কমিটির বৈঠকে একাধিক সদস্য অনাগ্রহ প্রকাশ করেন। তাঁরা যুক্তি দেখান, অনুসন্ধান কমিটির জন্য রাষ্ট্রপতির কাছে নাম দিয়ে আশানুরূপ কিছু পাওয়া যায়নি। এখন অনুসন্ধান কমিটির কাছে নির্বাচন কমিশনের জন্য নাম দিয়ে কি আর ফল পাওয়া যাবে। এরপরও পরিস্থিতি বিবেচনায় অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাব করার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে চূড়ান্ত হয় এ প্রক্রিয়ায় জোটের নিবন্ধিত শরিক দলগুলোকে যুক্ত করার।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘নাম না দিলে অনেকে বিএনপির সমালোচনা করবে, বলবে তারা তো নামই দেয়নি। সরকারও সুযোগ নেবে। বিএনপি সে সুযোগ দিতে চায় না।’