খালেদার বিদেশে চিকিৎসা নিতে বাধা হচ্ছে সরকার: খন্দকার মোশাররফ
রাজনৈতিক প্রতিহিংসা এবং জোর করে ক্ষমতায় টিকে থাকতে সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে তিলে তিলে শেষ করে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
হাজি সেলিমের বিদেশে চিকিৎসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কিছুদিন আগে দেখলাম হাজি সেলিম সুপ্রিম কোর্ট থেকে সাজাপ্রাপ্ত হয়েও বিদেশে চিকিৎসা নিতে গেলেন। এ থেকে বোঝা যায়, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে বাধা নেই, বাধা হচ্ছে সরকার।’
খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
খন্দকার মোশাররফ বলেন, ‘বেগম জিয়া একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা বারবার সুপারিশ করেছেন, বেগম জিয়ার উন্নত চিকিৎসা দরকার। এই চিকিৎসা দেশে নেই। এ জন্য তাঁর বিদেশে যাওয়া প্রয়োজন। তিনি এখন প্রশাসনিক নির্দেশে সাময়িক মুক্ত আছেন। তাঁকে সাময়িক মুক্তি দিতে শর্ত দেওয়া হয়েছে, বিদেশে যেতে পারবেন না। এ কারণে তিনি উন্নত চিকিৎসা নিতে পারছেন না। এখন প্রশাসনিকভাবেই শর্ত তুলে দিলেই তিনি বিদেশে যেতে পারবেন। আদালতের নির্দেশে তিনি মুক্ত হননি। তাই বিদেশে যেতে আদালতের নির্দেশের প্রয়োজন নেই।’
তিনি বলেন, সারা বিশ্ব বাংলাদেশকে এখন গণতান্ত্রিক দেশ নয়, হাইব্রিড দেশ বলছে। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কনভেনশনেও বাংলাদেশ দাওয়াত পেল না। যে দেশে গণতন্ত্র ও মানবাধিকার থাকে না, সেখানে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এখন চ্যালেঞ্জ হচ্ছে স্বৈরাচারী ও হাইব্রিড সরকারকে হঠানো।
মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি এবং ব্যাংক লুটের মাধ্যমে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারে আওয়ামী লীগ সরকার সুযোগ করে দিয়েছে বলেও উল্লেখ করেন মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী নিজে স্বীকার করেছেন, হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এখন তারা সুযোগ করে দিয়েছে, পাচার হওয়া টাকা দেশে নিয়ে আসার জন্য। এটা খুবই অনৈতিক কাজ। যারা পাচারে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনেন, দেশীয় আইনে বিচার করেন।’
বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জামির হোসেন, আনু মোহাম্মদ শামীম, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ।