প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় জনসভা করবে বিএনপি

আগামী পয়লা সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে দুদিনের কর্মসূচি পালন করবে বিএনপি। আজ মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়।
১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।
কর্মসূচির মধ্যে আছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন অর্থাৎ পয়লা সেপ্টেম্বর ভোরে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বেলা ৩টায় ঢাকায় জনসভা। পরদিন ২ সেপ্টেম্বরে বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দলের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হবে। সারা দেশে দলের মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে স্থানীয়ভাবে কর্মসূচি পালন করা হবে। ঢাকায় জনসভার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলেও জানানো হয়েছে। দলটি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের জায়গা অথবা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চেয়েছে।
সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।