বিএনপির ৮১ প্রার্থী বাদ

>• মামলায় সাজা, ঋণখেলাপিসহ বিভিন্ন কারণে মনোনয়নপত্র বাতিল
• বিএনপি প্রায় প্রতিটি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল
• ছয় আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে
• আপিলে মনোনয়নপত্র বাতিল হলে প্রার্থীরা নির্বাচন করতে পারবেন না
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়াসহ সারা দেশে বিএনপির অন্তত ৮১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী থেকে শুরু করে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারাও রয়েছেন। মামলায় সাজা, ঋণখেলাপি, মনোনয়নপত্রে প্রয়োজনীয় তথ্য না দেওয়াসহ আরও কিছু অসংগতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আপিলেও মনোনয়নপত্র বাতিল হলে তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের দিনে গতকাল রোববার রিটার্নিং কর্মকর্তারা বিএনপির ওই সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। তবে এবার বিএনপি প্রায় প্রতিটি আসনেই বিকল্প হিসেবে একাধিক প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছিল। এরপরও ছয়টি আসনে বিএনপি প্রার্থীশূন্য হচ্ছে। এগুলো হলো বগুড়া-৭, ঢাকা-১, মানিকগঞ্জ-২, জামালপুর-৪, শরীয়তপুর–১ এবং রংপুর-৫ আসন। এই ছয় আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রথম আলোর বিভিন্ন এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের মাধ্যমে প্রাথমিকভাবে এসব তথ্য পাওয়া গেছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ (সদর) এবং বগুড়া-৭ আসনে মনোনয়নপত্র জমা দিলেও দুটি মামলায় সাজা হওয়ায় তিনটি আসনেই তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টনের মনোনয়নপত্রও বাতিল হওয়ায় এখানে বিএনপির কোনো প্রার্থী থাকছেন না। বাকি দুটি আসনের মধ্যে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে বগুড়া-৬ আসনে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা-৯ আসনে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ঋণ খেলাপের কারণে। এই আসনে বিএনপির অপর প্রার্থী ছাত্রদলের সাবেক নেতা হাবিবুর রশীদ। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকা-৮ আসনে তাঁর স্বামী বিএনপি নেতা মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এই আসনে ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
ঢাকা-৭ আসনে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন আহাম্মেদের স্ত্রী নাছিমা আক্তারের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। এই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন। এনবিআরে টাকা বাকি থাকায় প্রথমে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের মনোনয়নপত্র বাতিল হলেও পরে টাকা জমা দেওয়ায় বৈধ ঘোষণা করা হয়। এই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী। ঋণ খেলাপের কারণে ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী শিক্ষকনেতা সেলিম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী আবু বকর সিদ্দিকের মনোনয়নপত্র বাতিল হলেও এখানে বিএনপির আরেক প্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ঢাকা–২ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহর মনোনয়ন বাতিল হয়েছে দণ্ড থাকায়।
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ঋণ খেলাপের কারণে। চট্টগ্রাম-৫ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছিরউদ্দিন এবং তাঁর ছেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মো. হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই আসনে বিএনপির আরেক প্রার্থী এরশাদ উল্লাহর মনোনয়নপত্রও বাতিল হয়েছে। তবে বিএনপির অপর প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ঋণ খেলাপের কারণে চট্টগ্রাম-৯ আসনের বিএনপির প্রার্থী সামসুল আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই ও ভাতিজার মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঋণ খেলাপের অভিযোগে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে সাকা চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তাঁর ছেলে সামির কাদের চৌধুরী চট্টগ্রাম–৬ আসনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। চট্টগ্রাম-৭ আসনে বিএনপির দুই প্রার্থী আবদুল আলীম ও আবু আহমেদ হাসনাতের মনোনয়নপত্রও ঋণ খেলাপের দায়ে বাতিল করা হয়েছে। তবে এই আসনে বিএনপির অপর দুই প্রার্থী বৈধ হয়েছেন। টিঅ্যান্ডটির বিল বকেয়া থাকায় চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার মনোনয়নও বাতিল হয়েছে। চট্টগ্রাম-১ আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিনের মনোনয়নপত্রও বাতিল হয়েছে।
আইনি জটিলতায় খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়ার এবং দণ্ড থাকায় নাটোর-২ আসনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই আসনের বিএনপির আরেক প্রার্থী গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহানের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়। তবে বিএনপি মনোনীত আরেক প্রার্থী সাবেক ছাত্রদল নেতা হাসান মামুনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
মৌলভীবাজার-১ আসনে সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী এবং সুনামগঞ্জ-১ আসনে কামারুজ্জামানের মনোনয়নও বাতিল হয়েছে।
পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী তৌহিদুল ইসলাম মেয়র থাকা অবস্থায় মনোনয়নপত্র দাখিল করায় এবং ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ায় পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মামলার কারণে বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থী মতিউর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। দলীয় মনোনয়ন ফরমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে মিল না থাকায় গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির এস এম জিলানীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
লালমনিরহাট–২ আসনে বিএনপির মো. জাহাঙ্গীর আলমের এবং মেয়র পদ থেকে পদত্যাগ না করায় নওগাঁ-৫ আসনে বিএনপির প্রার্থী নজমুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মানিকগঞ্জ-২ আসনে মঈনুল ইসলাম খানের মনোনয়নপত্রে বিএনপি মহাসচিবের স্বাক্ষরের মিল না থাকায় তা বাতিল হয়েছে। আরেক প্রার্থী সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমানের চেয়ারম্যান পদে পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় এখানে দলটির কোনো প্রার্থী থাকছেন না।
মামলার তথ্য গোপন করায় (রাজশাহী-১) আসনের বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আমিনুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে এই আসনে দলটির বিকল্প প্রার্থী তাঁর স্ত্রী আভা হক।
ফৌজদারি মামলা ও ঋণ খেলাপের তথ্য গোপন করায় রাজশাহী–৩ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফার মনোনয়নপত্র বাতিল হয়েছে। উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের বিষয়টি বিধিমোতাবেক না হওয়ায় রাজশাহী-৬ আসনে বিএনপির প্রার্থী আবু সাঈদের মনোনয়নপত্রও বাতিল হয়েছে। বিএনপি মহাসচিবের স্বাক্ষর জালের অভিযোগে রাজশাহী-৩ আসনের আবু বকর সিদ্দিকের মনোনয়নপত্র হয়েছে। ময়মনসিংহ-৪ আসনে বিএনপির প্রার্থী এ জেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঋণ খেলাপের কারণে শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী হযরত আলীর মনোনয়নপত্র বাতিল হলেও এই আসনে তাঁর মেয়ে সানসিলা জেবরিন বিএনপির প্রার্থী।
কুমিল্লা জেলায় বিএনপির পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া কে এম মুজিবুল হক দাবি করেন, তিনি সব কাগজপত্র জমা দিলেও তাঁর কাগজপত্র সরিয়ে ফেলা হয়েছে।
কিশোরগঞ্জ-২ আসনে খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বিএনপির প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঝিনাইদহ-২ আসনে বিএনপির প্রার্থী জেলা কমিটির সভাপতি মসিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমান এবং সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল কাইয়ুমের মনোনয়নপত্রও বাতিল হয়েছে।
সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের মনোনয়নপত্র বাতিল হলেও তাঁর স্ত্রী রোমানা মাহমুদের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
নেত্রকোনা-৫ আসনে দলীয় মনোনয়নপত্রে মহাসচিবের স্বাক্ষর সঠিক না থাকায় আবু তাহের তালুকদার ও রাবেয়া খাতুনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখানে এখন বিএনপির একক বৈধ প্রার্থী ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ।
পটুয়াখালী-২ আসনে বিএনপির শহীদুল আলম তালুকদারের মনোনয়নপত্র বাতিল হলেও তাঁর স্ত্রী সালমা তালুকদার এবং মনির হোসেনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে।
জামালপুর-১ আসনে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র বাতিল হলেও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম ও মিল্লাতের ছেলে শাহাদাত জামানের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
জামালপুর-৪ আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এখানে বিএনপির আর কোনো প্রার্থী নেই।
নারায়ণগঞ্জ-৫ আসনে মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের মনোনয়নপত্র বাতিল হয়। এ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপির মিত্র নাগরিক ঐক্যের নেতা এস এম আকরাম।
রংপুর-৫ আসনে বিএনপির সোলায়মান আলম ফকির ও মমতাজ হোসেনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এ আসনে বিএনপির আর কোনো প্রার্থী নেই।
নোয়াখালী-৩ আসনে দলীয় মনোনয়নের চিঠি না থাকায় শামীমা বরকতের এবং নোয়াখালী-৪ আসনে ঋণখেলাপি হওয়ায় বিএনপির বিকল্প প্রার্থী শাহীনুর বেগমের প্রার্থিতা বাতিল হয়েছে।
পাবনা-১ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন খাঁ, পাবনা-৩ আসনে হাসাদুল ইসলাম এবং সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান জয়নুল জাকেরীনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে সুনামগঞ্জ-৪ আসনে সাবেক সাংসদ ফজলুল হক আসপিয়ার মনোনয়নপত্র বহাল রয়েছে।
যশোর-২ আসনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা এবং যশোর-৫ আসনে দলীয় মনোনয়নপত্র যুক্ত না করায় আবু মুসার মনোনয়নপত্র বাতিল হয়েছে। নীলফামারী-৩ আসনে জলঢাকা পৌরসভার মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে মেয়র পদ থেকে পদত্যাগ না করার কারণ দেখিয়ে।
নীলফামারী-৪ আসনে সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের মনোনয়নপত্র বাতিল হলেও বেবী নাজনীনের প্রার্থিতা বহাল রয়েছে।
দিনাজপুর-৩ আসনে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম পদত্যাগ করেননি বলে মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে প্রাথমিকভাবে এই তথ্য পেলেও সংখ্যাটি আরও বাড়তে পারে।
(প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর বিভিন্ন এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা)