মুরাদ হাসানের ‘যদি’, ‘তাহলে’ ও ‘থাকলে’
রবীন্দ্রনাথের গানে আছে, ‘যদি বারণ কর তবে গাহিব না।/ যদি শরম লাগে মুখে চাহিব না।/ যদি বিরলে মালা গাঁথা/ সহসা পায় বাধা/ তোমার ফুলবনে যাইব না।/ যদি থমকি থেমে যাও পথমাঝে/ আমি চমকি চলে যাব আন কাজে।/ যদি তোমার নদীকূলে/ ভুলিয়া ঢেউ তুলে,/ আমার তরীখানি বাহিব না।’
অভিধান অনুযায়ী, ‘যদি’ শব্দের অর্থ সম্ভাবনা, হেতু বা আশঙ্কা। ওপরের গানটি রবীন্দ্রনাথের প্রেম পর্বের গান। এখানে প্রেমপ্রার্থী প্রেমিকের ভীরু ভীরু মনে সম্ভাবনা উঁকি দেয়, আবার সংশয়ও আছে। প্রেম পর্বে এটাই স্বাভাবিক।
তবে প্রেম পর্বে নয়, স্বদেশ পর্বে ‘যদি’ ব্যবহার করে অবশ্য রবীন্দ্রনাথ ভিন্ন বার্তা দিতে চেয়েছিলেন। যেমন ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’। অর্থাৎ এখানে কোনো সংশয় নেই। যদি কেউ না আসে, তবে একলাই চলতে হবে। আর এ কারণেই হয়তো রবীন্দ্রনাথ গানের প্রথম লাইনটির পরেই চারবার লিখেছেন, ‘একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে’।
‘যদি’ নিয়ে রবীন্দ্রনাথের গানের কথা স্মরণ করতে হলো পদত্যাগে বাধ্য হওয়া তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের দুটি স্ট্যাটাস পড়ে। ফেসবুকে নিজের স্বীকৃত বা ভেরিফায়েড পাতায় তিনি গত দুই দিনে দুটি স্ট্যাটাস দিয়েছেন। ‘যদি’ শব্দটা নিয়েই এখানে যত ঝামেলা।
গতকাল মঙ্গলবার ব্যাপক সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন মুরাদ হাসান। পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। পদত্যাগের পরপরই ফেসবুকে প্রথম স্ট্যাটাসটি দেন তিনি।
মঙ্গলবার বেলা ১টা ৪ মিনিটে দেওয়া স্ট্যাটাসে মো. মুরাদ হাসান লিখেছেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিব আজীবন।’
লেখার শুরুটাই ‘যদি’ দিয়ে। অর্থাৎ তিনি ভুল করেছিলেন কি না, তা নিয়ে নিজের মধ্যেই সংশয় আছে। যেহেতু নিজের ভুল নিয়ে তাঁর দ্বিধা বা সংশয় আছে, সুতরাং লেখায় এরপরই তাঁকে ‘তাহলে’ কথাটা ব্যবহার করতে হয়েছে। অর্থাৎ ‘যদি’ ভুল হয়, তাহলেই ক্ষমা। বলাই যায়, সব পক্ষের রোষানল থেকে নিজেকে রক্ষা করার একটি চেষ্টা ছিল এই স্ট্যাটাসটি। তবে এটি যে বাধ্য হয়ে দিতে হয়েছে, তা ‘যদি’ ও ‘তাহলে’ থেকেই স্পষ্ট।
খুব স্বাভাবিকভাবেই মুরাদ হাসানের ‘যদি’ ও ‘তাহলে’ পছন্দ হয়নি ফেসবুকবাসীদের। গতকালের স্ট্যাটাসে এখন পর্যন্ত ৬৭ হাজার মন্তব্য রয়েছে। এর অধিকাংশই ছিল তীব্র সমালোচনাপূর্ণ। একজন তো প্রশ্নই করলেন, ‘এত কিছুর পরও যদি’। আরও অনেক মন্তব্য আছে, যা প্রকাশ না করাই ভালো।
এই স্ট্যাটাসের প্রথম মন্তব্যটিই ছিল অবশ্য মুরাদ হাসানের নিজের। সেখানে তিনি লিখেছেন, ‘ভুল করে সবাই নিজের ভুল মেনে নেওয়ার সততা দেখায় না। আল্লাহ আপনাকে সঠিকভাবে ফিরিয়ে আনুন সকলের মাঝে।’ অবশ্য এ কথা যে কার উদ্দেশ্যে বলা, তা কেবল মুরাদ হাসানই বলতে পারবেন।
ফেসবুকে আজ আবার একটি স্ট্যাটাস দিয়েছেন মো. মুরাদ হাসান। এই স্ট্যাটাসে অবশ্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের একটি ছবিও দিয়েছেন। স্ট্যাটাসটি নিয়েও আছে মজার একটি ঘটনা। স্ট্যাটাসটি তিনি দিয়েছেন আজ বেলা ৩টা ৫৮ মিনিটে। সেখানে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি কোনো ভুল করে থাকলে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আপনি যে সিদ্ধান্ত দিবেন, তা আমি সবসময়ই মাথা পেতে নিবো আমার বাবার মতো।’
সুতরাং এখানেও সেই সংশয়। যেমন, তিনি লিখেছেন, ‘আমি কোনো ভুল করে থাকলে’। এবার কিন্তু দায়িত্বটি তিনি প্রধানমন্ত্রীর দিকে ঠেলে দিলেন। অর্থাৎ তাঁর যদি মনে হয় মুরাদ হাসান ভুল করেছেন, তবেই মাফ করার প্রসঙ্গটি আসছে।
বিকেল ৪টা ২১ মিনিটে অবশ্য তিনি স্ট্যাটাসটি সম্পাদনা করেন। পরিবর্তন করে সেখানে তিনি এবার লিখলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি যে ভুল করেছি, তা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আপনি যে সিদ্ধান্ত দিবেন, তা আমি সব সময়ই মাথা পেতে নিবো আমার বাবার মতো।’
সুতরাং দেখা যাচ্ছে, এবার আর ‘কোনো ভুল করে থাকলে’ কথাটা নেই। অর্থাৎ আগের দিন ‘যদি’ ও ‘তাহলে’ শব্দ ব্যবহার করে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে একইভাবে ক্ষমা চাওয়ার সাহস অবশ্য শেষ পর্যন্ত দেখাতে পারেননি। বদল করতে হয়েছে। তবে তাতে তিনি কতটা রক্ষা পান, সেটাই এখন দেখার বিষয়। আবার স্ট্যাটাসের বানানরীতির যে অবস্থা, তাতে ভাষা বিশেষজ্ঞরা যে ক্ষমা করবেন না, তা নিশ্চিত করেই বলা যায়।