শিক্ষার্থীদের আন্দোলনে সওয়ার হয়ে রাজনৈতিক অপশক্তির উত্থান করতে চেয়েছিল বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুভাষ সিংহ রায় রচিত ‘রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসা-ভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজিজ কো-অপারেটিভ মার্কেট, ঢাকা। ছবি: সংগৃহীত
সুভাষ সিংহ রায় রচিত ‘রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসা-ভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজিজ কো-অপারেটিভ মার্কেট, ঢাকা। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে বিএনপি রাজনৈতিক অশুভ শক্তির উত্থান ঘটাতে চেয়েছিল। তিনি বলেন, প্রমাণ হয়েছে এই আন্দোলন নিয়ে বিএনপি কীভাবে পানি ঘোলা করতে চেয়েছে। তাদের (বিএনপি) বক্তব্যের মধ্য দিয়েই প্রমাণ হয়েছে শিশু-কিশোরদের একটা সুন্দর আন্দোলনে সওয়ার হয়ে রাজনৈতিক অপশক্তি উত্থান করতে চেয়েছিল।

মঙ্গলবার রাজধানীর আজিজ কো-অপারেটিভ মার্কেটে সুভাষ সিংহ রায় রচিত ‘রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসা-ভাবনা’ গ্রন্থর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘নিরাপদ সড়কের জন্য যে আইনটি পাস করা হয়েছে, তা জনগণের জন্যই করা হয়েছে। আইনটি বাস্তবায়িত হলে দেখবেন কত পরিবর্তন হয়েছে।’ জনগণের উদ্দেশে তিনি বলেন, সরকারকে এগিয়ে নিতে জনগণের সাহায্য লাগবে। সড়ক পরিবহন আইন বাস্তবায়নের মাধ্যমে এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, তবে এর জন্য সরকারকে সময় দিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম বাংলাদেশের জনগণকে মানসিক, সামাজিক ও রাজনৈতিকভাবে যথেষ্ট সমৃদ্ধ করেছে। তাঁর সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমও প্রত্যক্ষভাবে বাংলার অবহেলিত মানুষকে পথ দেখিয়েছে। তিনি বলেন, কবিগুরু নিজেও হোমিওপ্যাথি চিকিৎসার চর্চা করতেন বলে তার চিকিৎসা-ভাবনাও ছিল নিরন্ন ও দরিদ্র মানুষের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশ্যে। সাধারণ মানুষ যেন অতি স্বল্প খরচে চিকিৎসা সেবা পায়, সে জন্যে তিনি সামাজিক কর্মসূচিও হাতে নিয়েছিলেন।

রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকটি ছোটগল্পে চিকিৎসক, রোগ ও মানসিক বিকারকে ভিত্তি করে এবং তৎকালীন সামাজিক ব্যবস্থা ও সংস্কারকে অবলম্বন করে প্রাকৃতিক ও অতি প্রাকৃতিক ঘটনা ও ভাবনার মিলন ঘটিয়েছেন। তিনি শুধু প্রয়োজনে চিকিৎসক নন, জনস্বাস্থ্যের সক্রিয় সংগঠক ও রূপকার ছিলেন। আর এই বিষয়গুলো পাঠকের সামনে তুলে ধরতেই রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসা ভাবনা নিয়ে বই লিখেছেন লেখক সুভাষ সিংহ রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে বইটি প্রকাশ করেছে অনন্যা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, বিএসএমএমইউর উপাচার্য কনক কান্তি বড়ুয়া, প্রথম আলোর সহযোগী সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায়, গ্রন্থের রচয়িতা সুভাষ সিংহ রায় প্রমুখ। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলা বিচিত্রা ও অনন্যা প্রকাশনী।