সক্ষম তরুণদের সামরিক প্রশিক্ষণ দেবে বাম জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ রক্ষার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে সব সক্ষম তরুণকে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করার ঘোষণা দেবে বাম গণতান্ত্রিক জোট। এ জন্য যুগোপযোগী প্রতিরক্ষানীতি প্রণয়ন করা হবে। একই সঙ্গে উপমহাদেশকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা, স্থায়ী বিশ্বশান্তি ও পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা চালাবে জোটভুক্ত দলগুলোর নির্বাচিত প্রতিনিধিরা।

বামপন্থী আটটি দলের সমন্বয়ে গঠিত এই জোটের পক্ষ থেকে খসড়া ইশতেহারে এসব কথা বলা হয়েছে। আজ সোমবার (৩ ডিসেম্বর) দলগুলোর ইশতেহার প্রণয়ন কমিটির সদস্যরা চূড়ান্ত সভা করবেন। চলতি সপ্তাহেই ইশতেহার ঘোষণা করা হতে পারে বলে জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। জোটের খসড়া ইশতেহারের বেশির ভাগই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি–সিপিবির ঘোষিত ইশতেহারের সঙ্গে মিল রয়েছে।

সিপিবি ছাড়াও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন এই জোটে রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত ১৩৪টি আসনে দেড় শর মতো প্রার্থী দিয়েছেন। দলগুলোর পক্ষে ইশতেহার প্রণয়ন উপকমিটিতে আছেন জোটের সমন্বয়ক সাইফুল হক, সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের আবদুস সাত্তার প্রমুখ।

উপকমিটির একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, বাম জোট দেশের প্রতিরক্ষানীতি প্রণয়নের কাজ এবং সশস্ত্র বাহিনীর সব কার্যক্রম জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ রাখার ব্যবস্থা করবে বলে একমত হয়েছে। তা ছাড়া স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। স্বাধীন ও সক্রিয় জোট-নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে। পারস্পরিক স্বার্থ, সমমর্যাদা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে থাকবে। স্থায়ী বিশ্বশান্তির জন্য চেষ্টা করবে, তৃতীয় বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াবে, সার্কের সংস্কার করবে এবং ভারত ও পাকিস্তানের সঙ্গে ঝুলে থাকা সমস্যাগুলোর সমাধান করবে। উপমহাদেশকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার কথাও রয়েছে বাম গণতান্ত্রিক জোটের খসড়া নির্বাচনী ইশতেহারে।

ভারতের সঙ্গে সব অভিন্ন নদীর পানিবণ্টন, সীমান্ত হত্যা, বাণিজ্য–বৈষম্য; পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রাপ্য সম্পদ আদায় ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত পাঠানোর মতো বিষয়গুলো সমাধান করতে চায় বাম গণতান্ত্রিক জোট। রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে ফেরত নিতে আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে মিয়ানমারকে চাপ দেওয়ার কথাও তাদের খসড়া ইশতেহারে রয়েছে।

আদৌ বিষয়গুলোর বাস্তবায়ন সম্ভব কি না—জানতে চাইলে বাম জোটের সমন্বয়ক সাইফুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করি, লক্ষ্যটা আগে ঠিক করা দরকার। এসব বাস্তবায়নে জাতীয় ঐক্যের প্রয়োজন। শুধু বাংলাদেশ চাইলেও বিষয়গুলো হবে তা নয়, বিষয়গুলোর সঙ্গে চিন্তার জায়গায় সবার একমত হতে হবে। আমাদের লক্ষ্যগুলো আমরা উপস্থাপন করছি, শুরু তো একটা জায়গা থেকে হতে হবে।’

সব সক্ষম তরুণদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রয়োজনীয়তা জানতে চাইলে সাইফুল হক বলেন, ‘এর পেছনে দুটো কারণ। এক. একটি গণপ্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে সামরিক বাহিনীর পেশাদার সদস্যদের সঙ্গে রাষ্ট্রের প্রয়োজনে তিন থেকে দশ গুণ তরুণ যোগ দিতে পারেন। বহিঃশক্তির আক্রমণই শুধু নয়, প্রাকৃতিক দুর্যোগেও তাঁরা সহযোগিতা করতে পারবেন। দুই. এর ফলে সামরিক খাতের মতো একটি অনুৎপাদনশীল খাতে অপ্রয়োজনীয় ব্যয় কমবে। এই খাতে প্রতিবছর যে ব্যয় বাড়ে, তার কোনো স্বচ্ছতা নেই, জনগণের কাছে প্রকাশ করা হয় না। এখান থেকে ব্যয় কমিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতো উৎপাদনশীল যেকোনো খাতে ব্যয় বাড়ানো সম্ভব।’

সামরিক প্রশিক্ষণ ছাড়াও তরুণদের জন্য বেশ কিছু কাজের প্রস্তাব রয়েছে জোটের এই খসড়া ইশতেহারে। এর মধ্যে আগামী পাঁচ বছরে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা রয়েছে। তা ছাড়া চাকরির বয়সসীমা ৩৫ করা, কর্মক্ষম সব মানুষের জন্য ‘কর্মসংস্থান নিশ্চয়তা স্কিম’ চালু করা, প্রাপ্তবয়স্ক সবার কাজ পাওয়ার অধিকারকে সংবিধানে অন্তর্ভুক্ত করা, সামাজিক নিরাপত্তার খাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ করা, দেশীয় শিল্পের বিকাশে বন্ধ কলকারখানা চালু করার মতো বিষয়গুলো রয়েছে। এ ছাড়া যুবসমাজকে সর্বোচ্চ কাজে লাগাতে কর্মক্ষম বেকারদের বিশেষ প্রশিক্ষণ ও দেশের সামগ্রিক পুনর্গঠনে তাদের সৃষ্টিশীল প্রতিভা ও শক্তিকে কাজে লাগানো, মাদকাসক্তি, উচ্ছৃঙ্খলতা, সন্ত্রাস, নৈতিকতাহীনতা থেকে তাদের মুক্ত করা, মাদকের বিরুদ্ধে কঠোর আইন ও গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের দাবি বাস্তবায়ন করার কথাও রয়েছে।

খসড়া ইশতেহারে শিক্ষা খাতে একই ধারার গণমুখী শিক্ষাব্যবস্থা, ৩ বছরের মধ্যে প্রতি ২ বর্গকিলোমিটারে একটি প্রাথমিক বিদ্যালয় এবং ৮ বছরের মধ্যে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন নিশ্চিত করা, সব জাতিসত্তার জন্য প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ন্যূনতম ১: ২৫ করা, পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁস রোধে কঠোর আইন করা, ছাত্রসংসদ নির্বাচন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফির কথা বলা হয়েছে।

কর্মজীবী নারীদের জন্য ন্যূনতম চার মাস সবেতন প্রসূতিকালীন ছুটি, সংসদে সংরক্ষিত নারী আসন বাড়িয়ে এক-তৃতীয়াংশ করা এবং তাঁদের প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, কথিত যৌনকর্মীদের কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসিত করার কথা রয়েছে। শিশুদের জন্য শহরের পার্ক, খেলার মাঠ পুনরুদ্ধার, জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়ন করা, শিশু-কিশোরদের সংগঠন বিকাশে সহায়তা করা, পথশিশু ও অভিভাবকহীন দুস্থ মানুষের জন্য রাত্রিকালীন নিবাস স্থাপনের কথা বলা হয়েছে ইশতেহারে।

খসড়া ইশতেহারের ৩১টি দফার মধ্যে অন্যগুলোতে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় সংবিধান, রাষ্ট্রীয় ব্যবস্থা ও রাজনীতির সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকারের ক্ষমতায়ন, সংখ্যানুপাতিক নির্বাচনসহ নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার, বিকল্প অর্থনৈতিক নীতি ও ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষক, গ্রামীণ জনগোষ্ঠী ও বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন, চিকিৎসা–বাণিজ্য বন্ধ করা, সংখ্যালঘু কমিশন গঠন, প্রতিবন্ধীদের জন্য সুযোগ সৃষ্টি, তথ্যপ্রযুক্তিকে সর্বজনীন করা, বন্যা সমস্যার প্রতিকার, যানজট রোধ ইত্যাদি।

নিজেদের জোট-মহাজোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প হিসেবে উল্লেখ করে খসড়া ইশতেহারের ভূমিকায় বলা হয়েছে, বাম গণতান্ত্রিক জোট ক্ষমতায় গেলে এই কাজগুলোকে প্রাধান্য দেবে এবং তার প্রয়োজনে রাষ্ট্রীয় নীতি ঢেলে সাজাবে। বাম গণতান্ত্রিক জোট মনে করে, সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদ-লুটেরা পুঁজিবাদ-রাষ্ট্রীয় সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপসহীন সংগ্রাম ছাড়া জনগণের ভাগ্যের কোনো মৌলিক পরিবর্তন আনা সম্ভব নয়।