গোছগাছের ধকল, সহযোগিতার হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজের জন্য সৌদি আরবে গিয়ে কমপক্ষে ছয় সপ্তাহ থাকতে হবে। ফলে এই ৪২ দিনের জন্য প্রয়োজনীয় কাপড়চোপড়, ওষুধপত্রসহ আনুষঙ্গিক জিনিসপত্র ঠিকঠাকমতো গুছিয়ে নেওয়া সহজসাধ্য নয়। আমরা মে মাসে প্রথম সপ্তাহ থেকেই এগুলো গোছাতে শুরু করি একটা চেকলিস্ট বা তালিকা বানিয়ে। প্রথম আলোর আগের বছরের হজ গাইডসহ একাধিক বইপত্রে এ রকম কিছু তালিকা পাওয়া যায়।

দুটো আলাদা সুটকেসে আমরা যার যার প্রয়োজনীয় পোশাক, গামছা, চাদর, থালা-বাসন, কাপ, পেস্ট-টুথব্রাশ, নেলকাটার, ছুরি-কাঁচি, রশি, চপ্পল, আমার বাড়তি দুই সেট ইহরামের কাপড়, বাড়তি চশমা, গুড়াসাবান, ছাতা ইত্যাদি ভরে রাখতে থাকি। প্রয়োজনীয় পরিমাণ ওষুধপত্র নেওয়ার পাশাপাশি এসবের প্রেসক্রিপশনও নিতে হলো একাধিক ফটোকপিসহ। হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসক ইকবাল মামার সঙ্গে আমাদের অনেক দিনের জানা-পরিচয়। তাঁর কাছ থেকে ব্যথা-বেদনা, পেট-খারাপ, জ্বর-ঠান্ডা ইত্যাদির কয়েকটি ওষুধও লিখিয়ে নিয়ে এলাম। বিমানের কেবিন লাগেজের মধ্যেও তিন-চার দিনের পোশাক নিলাম। ওষুধপত্রের একাংশ প্রেসক্রিপশনসহ এখানে, বাকি অংশ বড় সুটকেসে ভরা হলো। আবার পাসপোর্টের কপি এবং নাম-ঠিকানা, ফোন-ইমেইল ও জরুরি যোগাযোগ নম্বরসহ নিজেদের এক পাতার পরিচিতি-যোগাযোগ সূত্র তৈরি করে কয়েক কপি প্রিন্ট করে নিলাম। রাখলাম সুটকেসে ও কেবিন লাগেজে। দুটো সুটকেস এনেছিলাম আমার সেজ ফুপু সাইয়েদুন্নেসা নাজমার কাছ থেকে। ফুপু-ফুপা এক যুগ আগে হজ করেছেন।

আরও পড়ুন

তবে এই গোছগাছ করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছিলাম। আমাদের সাহায্য করতে আমার সহধর্মিণীর বড়বোনের মেয়ে স্বচ্ছ বাসায় এল। ও সবেমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অণুজীব বিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে বেড় হয়েছে। স্বচ্ছ বাসায় দু‘দিন থেকে আমাদের সবকিছু মোটামুটিভাবে গুছিয়ে দিল। এছাড়া আমার সহধর্মিণীর ছোট বোন আফসানা ও তাঁর স্বামী মারুফ আমাদের বিভিন্ন কাজে অনেক সহযোগিতা করেছে। ওদের কাছে ঘরদোর বুঝিয়ে দিয়ে গিয়েছিলাম।

সুটকেসগুলোয় নাম, পিআইডি, পাসপোর্ট নম্বর, মোবাইল ফোন ও ইমেইল আইডি লেখা স্টিকার একপাশে ভালোভাবে সেঁটে দিল মারুফ। আমি আমাদের যাবতীয় তথ্যের কিউআর কোড বানিয়ে এনেছিলাম। ওটাও আরেকপাশে সাঁটানো হলো। একইভাবে কেবিন লাগেজগুলোতেও এগুলো লাগিয়ে নিলাম। এছাড়া হজ অফিস থেকে ফ্লাইটের আগের দিন যে স্টিকার দেওয়া হয়, সেটাও পরে লাগেজের ওপর সেঁটে দেই।

আরও পড়ুন

গলায় ঝোলানোর মতো একটি চেনযুক্ত ব্যাগ নেই পাসপোর্ট, টিকিট ও যাবতীয় কাগজপত্র বহনের জন্য। এতে নোট বই, কলম, অমোচনীয় কালির মার্কার পেন ও হজের গাইড বই নেই। এই ব্যাগে মোবাইল ফোন আর মানিব্যাগও রাখতে পারি নিরাপদে।

মাঝখানে দিলকুশার এক পরিচিতি মানি এক্সচেঞ্জ হাউস থেকে সৌদি রিয়েল কিনে নিলাম। এছাড়া নিজের কাছে কিছু ডলার ও ইউরো ছিল। ওগুলোও নিয়ে সঙ্গে রাখলাম। ওমরাহর সময়ে গিয়েই দেখেছি যে মক্কায় মোটামুটিভাবে দুনিয়ার বেশির ভাগ দেশের মুদ্রাই অদল-বদল করা যায়। তাই কিছু বাংলাদেশি টাকা সঙ্গে রাখলেও কোনো অসুবিধা নেই। আমি একটা প্রি-পেইড ট্রাভেল কার্ড নিতে চাচ্ছিলাম। কিন্তু আমার পাসপোর্ট হজ অফিসে জমা থাকায় তা আর করতে পারিনি। পাসপোর্টে এন্ডোরসমেন্ট ছাড়া এই কার্ড সচল করা যায় না। তবে যাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট বা ডেবিট কার্ড আগে থেকেই করা, তাঁরা নিতে পেরেছেন।

হজ সফরে অফিসের সহকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়েছেন। সম্পাদক শামসুল হক জাহিদ ভাই নিজে হজ করেছিলেন কয়েক বছর আগে। দেড় মাসের সবেতন ছুটি মঞ্জুর করেছেন সহজেই। সম্পাদকীয় বিভাগে ওয়াসি আহমদে ভাইও হজব্রত পালন করেছেন চার বছর আগে। তাঁর অভিজ্ঞতা জেনেছি। আমার দেড় মাসের অনুপস্থিতিতে তিনি এবং বিভাগের কনিষ্ঠ কর্মী ইমাম হোসেন যাবতীয় কাজ করেছেন।

আরও পড়ুন

দুই.

আমাদের গাইড আক্তার ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত ভিত্তিতে বিভিন্ন করণীয় ও সরকারি নির্দেশনাগুলো জানান দিচ্ছিলেন। সে মোতাবেক ৩১ মে দুপুরের পর আমরা কয়েকজন হজ ক্যাম্পে যাই হেলথ সার্টিফিকেট এবং সরকারি ব্যবস্থাপনার অনুমতিপত্র নিয়ে। ওদিন ছিল আমাদের রিপোর্টিং করার দিন। হজ ক্যাম্পে রিপোর্ট করে ব্যাগের স্টিকার, পিলগ্রিম আইডি কার্ড, হজ গাইড ইত্যাদি সংগ্রহ করি। পরিবারের সদস্যদের পক্ষে যে কোনো একজন গিয়েও রিপোর্ট করাসহ এসব কাগজপত্র সংগ্রহ করতে পেরেছেন।

আমাদের এও জানানো হয় যে পাসপোর্ট ও টিকিট পরদিন দেওয়া হবে। তবে যাত্রার দিনও তা সংগ্রহ করা যাবে। বেশির ভাগই গাইড আক্তার ভাইকে অনুরোধ করি আমাদের পক্ষ থেকে পাসপোর্ট-টিকিটে সংগ্রহ করতে। এ জন্য তাঁর কাছে আমাদের সরকারি অনুমতি পত্রও দিয়ে যাই।

ওই দিনই প্রথম আমাদের গ্রুপের কয়েকজন আমরা সামনাসামনি পরিচিত হই। হজ ক্যাম্পের একটি রেস্তোরাঁয় চা পান করতে করতে মক্কায় তিনবেলার খাবার কীভাবে হবে, কীভাবে সৌদি আরবের সিম কার্ড সংগ্রহ করব ইত্যাদিসহ আরও কিছু বিষয়ে আলাপ করি। মোটাদাগে ঠিক হয় যে মক্কায় পৌঁছে ওখানকার পরিস্থিতি অনুসারে আমরা যা করার করব। আপাতত প্রয়োজনীয় সবকিছু নিয়ে দুদিন পর শুক্রবার বিমান উড্ডয়নের নির্ধারিত সময়ের অন্তত সাত ঘণ্টা আগে আমরা চলে আসব হজ ক্যাম্পে।

আসজাদুল কিবরিয়া: লেখক ও সাংবাদিক।

আরও পড়ুন