যে ৭ আমলে ইমান বাড়ে

ছবি: পেক্সেলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমান মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তবে ইমান কোনো স্থির বিষয় নয়; বরং নেক আমলের মাধ্যমে তা বৃদ্ধি পায় এবং পাপের কারণে দুর্বল হয়।

কোরআন ও হাদিসে ইমান বৃদ্ধি পাওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। 

আল্লাহ বলেন, ‘মুমিন তো তারাই, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর ভীত হয় এবং যখন তাদের সামনে তাঁর আয়াতগুলো পাঠ করা হয়, তখন তা তাদের ইমান বৃদ্ধি করে। আর তারা তাদের রবের ওপরই ভরসা করে।’ (সুরা আনফাল, আয়াত: ২)

ইমান বৃদ্ধি ও তার দৃঢ়তা অর্জনের জন্য কোরআন-হাদিসে বর্ণিত সাতটি গুরুত্বপূর্ণ আমল  তুলে ধরা হলো:

১. কোরআন পাঠ ও আল্লাহর জিকির

কোরআন তিলাওয়াত ও আল্লাহর স্মরণ ইমান বৃদ্ধির অন্যতম প্রধান মাধ্যম। আল্লাহর বাণী পাঠ করা, তার অর্থ ও মর্ম নিয়ে চিন্তাভাবনা করা মানুষের বিশ্বাসকে দৃঢ় করে। একইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ও সকাল-সন্ধ্যার মাসনুন জিকির অন্তরকে জীবন্ত রাখে এবং আল্লাহর মহত্ত্বের অনুভূতি জাগিয়ে তোলে।

সৃষ্টির নিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, ‘নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে।
সুরা আলে ইমরান, আয়াত: ১৯০

আল্লাহ বলেন, ‘মুমিন তো তারাই, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর ভীত হয় এবং যখন তাদের সামনে তাঁর আয়াতগুলো পাঠ করা হয়, তখন তা তাদের ইমান বৃদ্ধি করে।’ (সুরা আনফাল, আয়াত: ২)

অন্য আয়াতে বলা হয়েছে, ‘যারা ইমান এনেছে, এটি (সুরা) তাদের ইমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়।’ (সুরা তওবা, আয়াত: ১২৪)

২. ধর্মীয় জ্ঞান অর্জন

বিশুদ্ধ ধর্মীয় জ্ঞান মানুষের অন্তর থেকে সংশয় দূর করে এবং আল্লাহভীতি বাড়ায়। আল্লাহর পরিচয়, তাঁর গুণাবলি ও ইসলামের বিধিবিধান জানার পাশাপাশি আসমান-জমিন, সূর্য-চন্দ্র, পাহাড়-পর্বত ও প্রাণিজগতের বিস্ময়কর শৃঙ্খলা নিয়ে চিন্তাভাবনা করা ইমানকে সুদৃঢ় করে।

আল্লাহ বলেন, ‘আল্লাহকে তাঁর বান্দাদের মধ্যে শুধু জ্ঞানীরাই ভয় করে।’ (সুরা ফাতির, আয়াত: ২৮)

সৃষ্টির নিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, ‘নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৯০)

আরও পড়ুন

৩. আল্লাহর ওপর অবিচল আস্থা

বিপদ-আপদ ও প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) রাখা ইমানের দৃঢ়তা প্রকাশ করে।

শত্রুদের সমবেত হওয়ার সংবাদে সাহাবিদের ইমান বেড়ে যাওয়ার প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘কিন্তু এ কথা তাদের ইমান বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক!’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৭৩)

পাশাপাশি আল্লাহর আনুগত্য ও ধর্মের ওপর অবিচল থাকলে মুমিনের অন্তরে বিশেষ প্রশান্তি বা ‘সাকিনা’ নাজিল হয়। হুদাইবিয়ার সন্ধির প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন, যাতে তাদের ইমানের সঙ্গে আরও ইমান বৃদ্ধি পায়।’ (সুরা ফাতহ, আয়াত: ৪)

তিনটি গুণ যার মধ্যে থাকবে, সে ইমানের স্বাদ লাভ করবে—আল্লাহ ও তাঁর রাসুল তার কাছে অন্য সবকিছুর চেয়ে অধিক প্রিয় হওয়া, কাউকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা এবং ইমান গ্রহণের পর কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা।
সহিহ বুখারি, হাদিস: ১৬

৪. আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসা

ইমানের প্রকৃত স্বাদ নিহিত রয়েছে আল্লাহ ও তাঁর রাসুলকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসার মধ্যে। একইভাবে মানুষের সঙ্গে ভালোবাসা, বিরাগ ও লেনদেনের ভিত্তিও হতে হবে আল্লাহর সন্তুষ্টি।

রাসুল (সা.) বলেছেন, ‘তিনটি গুণ যার মধ্যে থাকবে, সে ইমানের স্বাদ লাভ করবে—আল্লাহ ও তাঁর রাসুল তার কাছে অন্য সবকিছুর চেয়ে অধিক প্রিয় হওয়া, কাউকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা এবং ইমান গ্রহণের পর কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা।’ (সহিহ বুখারি, হাদিস: ১৬)

অন্য হাদিসে তিনি বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করে, আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে, সে তার ইমান পূর্ণ করেছে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৬৮১)

৫. মানুষের উপকার করা

সম্পদের প্রতি স্বাভাবিক আকর্ষণ থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য দান-সদকা করা ইমানের সত্যতার বাস্তব প্রমাণ। রাসুল (সা.) বলেছেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক... আর সদকা হলো প্রমাণ।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৩)

আরও পড়ুন

একইভাবে অসহায়কে সহযোগিতা করা কিংবা চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও ইমানের গুরুত্বপূর্ণ অংশ। নবীজি (সা.) বলেছেন, ‘ইমানের সত্তরের অধিক শাখা রয়েছে। এর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া।’ (সহিহ মুসলিম, হাদিস: ৩৫)

৬. পাপ বর্জন ও তওবা

লজ্জাশীলতা মানুষকে অশ্লীলতা ও অনৈতিক কাজ থেকে বিরত রাখে। হাদিসে লজ্জাশীলতাকে সরাসরি ‘ইমানের একটি শাখা’ বলা হয়েছে। (সহিহ মুসলিম, হাদিস: ৩৫)

অন্যদিকে প্রকাশ্য ও গোপন পাপ মানুষের অন্তরকে কলুষিত করে ইমানকে দুর্বল করে দেয়। রাসুল (সা.) বলেছেন, ‘বান্দা যখন কোনো পাপ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। অতঃপর সে যদি পাপ থেকে বিরত হয়, ক্ষমা প্রার্থনা করে ও তওবা করে, তবে তার অন্তর পরিষ্কার করে দেওয়া হয়।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৩৪)

তাই ইমানের নুর অক্ষুণ্ন রাখতে পাপ বর্জন ও দ্রুত তওবা করা অপরিহার্য।

ইমানকে সজীব ও সতেজ রাখতে নিয়মিত আমলের চর্চা করা জরুরি। পাপ থেকে বেঁচে থাকা এবং নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমেই একজন মুমিন তাঁর ইমানকে কাঙ্ক্ষিত পূর্ণতায় পৌঁছে দিতে পারেন।

৭. নেককার মানুষের সাহচর্য গ্রহণ

মানুষের চিন্তা, বিশ্বাস ও চরিত্র গঠনে সঙ্গের প্রভাব অত্যন্ত গভীর। পরহেজগার ও আল্লাহভীরু মানুষের সাহচর্যে থাকলে তাঁদের ইবাদত, আমল ও উত্তম চরিত্র থেকে অনুপ্রেরণা পাওয়া যায় এবং ইমান শক্তিশালী হয়।

আল্লাহ বলেন, ‘আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন, যারা সকাল-সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তাঁর সন্তুষ্টি কামনা করে।’ (সুরা কাহফ, আয়াত: ২৮)

ইমানকে সজীব ও সতেজ রাখতে নিয়মিত এসব আমলের চর্চা করা জরুরি। পাপ থেকে বেঁচে থাকা এবং নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমেই একজন মুমিন তাঁর ইমানকে কাঙ্ক্ষিত পূর্ণতায় পৌঁছে দিতে পারেন।

  • ইফতেখারুল হক হাসনাইন: আলেম ও লেখক

আরও পড়ুন