নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক আদর্শ কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ের নারী উদ্যোক্তারা কি জানেন পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম আল-কারাউইন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা ছিলেন একজন নারী? তাঁর নাম ফাতিমা আল-ফিহরি। তিনি ছিলেন একজন সুশিক্ষিত নারী। ব্যবসায়ী পিতার কাছ থেকে পৈতৃক সূত্রে বেশ বড় অঙ্কের অর্থ পাওয়ার পর একটি মসজিদ-বিশ্ববিদ্যালয় নির্মাণে তিনি তা ব্যয় করেছিলেন। (মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার, সেলিম টি এস আল-হাসসানি, অনুবাদ: মিরাজ রহমান ও মো. আবুল বাশার, সুলতানস, পৃষ্ঠা: ৭৮)

মুসলিম নারীদের অবদান এবং উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শুধু কেবল এই একটি নামের মধ্যেই সীমাবদ্ধ নয়। রাসুলুল্লাহ (সা.)-এর সময়কালসহ বিভিন্ন যুগ ও কালের ইতিহাসে স্বর্ণাক্ষরে খচিত রয়েছে—সুমাইয়া বিনতে খাইয়াত, আল-শিফা বিনতে আবদুল্লাহ, সাইয়িদা নাফিসা, জেব-উন-নিসা, সুলতানা রাজিয়া, রাবেয়া বসরির মতো অসংখ্য মুসলিম নারীর অমর কীর্তি। (গ্রেট উইমেন ইন ইসলামিক হিস্ট্রি: আ ফরগটেন লিগেসি, যায়নাব আলিয়াহ, ইয়াং মুসলিম ডাইজেস্ট, ফেব্রুয়ারি ২০১৫)

আরও পড়ুন

জ্ঞানবিজ্ঞান, হাদিস শাস্ত্র, ব্যবসা-বাণিজ্যসহ নানা শাখায় মুসলিম নারীদের অবদান নিয়ে কেমব্রিজ ইসলামিক কলেজের ডিন ড. মুহাম্মাদ আকরাম নদভি আরবি ভাষায় রচনা করেছেন ৪৩ খণ্ডের গ্রন্থ আল-ওয়াফা বিআসমায়িন নিসা।

দেখা যায়, ব্যবসা-বাণিজ্যে কোনো অংশে পিছিয়ে ছিলেন না মুসলিম নারীরা। রাসুলুল্লাহ (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুওয়াইলিদ ছিলেন তৎকালীন মক্কার ধনবতী একজন নারী। কুরাইশদের মধ্যে তিনি উচ্চ বংশমর্যাদার অধিকারী ছিলেন। পঞ্চম পুরুষে গিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে তাঁর বংশ মিলিত হয়েছে। শুধু সফল ব্যবসায়ী হিসেবে নয়, পূতপবিত্র চরিত্রের জন্যও তিনি মক্কায় তাহিরা বা সুপবিত্রা নামে খ্যাত ছিলেন (আল্লাহর পর শ্রেষ্ঠ যিনি, ফরীদ উদ্দীন মাসঊদ, খণ্ড ১, পৃষ্ঠা: ৯৯)।

তাঁর পুরো নাম ছিল খাদিজা বিনতে খুওয়াইলিদ ইবনে আসাদ ইবনে আবদুল উজজা ইবনে কুসাই। বাবার নাম খুওয়াইলিদ ইবনে আসাদ, মায়ের নাম ফাতিমা বিনতে জাইদা ইবনুল আসাম। (সিরাতে ইবনে হিশাম, ০১/১৮৭; সিরাত বিশ্বকোষ, মাকতাবাতুল আযহার, খণ্ড: ২, পৃষ্ঠা: ৩০৮)

আরও পড়ুন

খাদিজা (রা.) একদিকে যেমন ছিলেন ধনবতী, তেমনি ছিলেন বুদ্ধিমতী ও দূরদর্শী। অংশীদারত্বের ভিত্তিকে স্বীয় অর্থ ব্যবসায় বিনিয়োগ করতেন। তাবাকাতে ইবনে সাদে উল্লেখ আছে, ‘মক্কার কোনো তিজারতি কাফেলা (ব্যবসায়ী দল) রওনা হলে, তাতে খাদিজার একার পুঁজিই (ব্যবসায়িক পণ্য বা বিনিয়োগ) হতো সব কুরাইশদের মিলিত পুঁজির সমান।’ (সীরাতুন নবি, শিবলী নোমানী, খণ্ড ১, পৃষ্ঠা: ১২০)

প্রশ্ন হলো, কে হবেন বর্তমান সময়ের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক আদর্শ? ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয়—সব পর্যায়ে রাসুলুল্লাহ (সা.)-এর কর্মনীতি অনুযায়ী তো আমাদের কাজ করতে হবে। তাঁর জীবনধারা আদর্শ হিসেবে উম্মতের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, সুন্দরতম। কিন্তু রাসুলুল্লাহ (সা.) মানুষকে শুধু একত্ববাদ ও ইবাদত-বন্দেগি পালনের প্রতিই উৎসাহ দেননি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করার নির্দেশও দিয়েছেন। জীবিকা নির্বাহের জন্য তিনি ব্যবসা করেছেন। রাসুলুল্লাহ (সা.) নিজে যেভাবে আদর্শ উদ্যোক্তা হিসেবে ব্যবসা পরিচালনা করেছেন,

আরও পড়ুন

একই নিয়ম ও পদ্ধতি মেনে মানব সম্প্রদায়কে ব্যবসা করার দিকনির্দেশনাও দিয়েছেন। তাই নারী–পুরুষ নির্বিশেষে ব্যবসায়ী বা উদ্যোক্তাদের একমাত্র রাসুলুল্লাহ (সা.)-এর জীবনধারাকেই আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। কারণ, রাসুলুল্লাহ (সা.) শুধু পুরুষের আদর্শ নন, নারী-পুরুষ উভয়ের আদর্শ। আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘তোমাদের জন্য রাসুলের জীবনে রয়েছে অনুকরণীয় সুন্দরতম আদর্শ।’ (সুরা আহজাব, আয়াত: ২১)

কোনো নারী উদ্যোক্তা যদি ব্যবসায়িক সফলতা অর্জনের জন্য খাদিজা (রা.)–র ব্যবসায়িক কর্মকৌশলের ভালো ও কল্যাণকর নীতি-আদর্শ অনুসরণ করতে চান, সে ক্ষেত্রে ইসলামে কোনো বাধা দেওয়ার প্রশ্নই আসে না। তাও হবে উত্তম। কারণ তিনি ছিলেন উম্মুল মুমিনিন।

 মিরাজ রহমান: লেখক

আরও পড়ুন