মহাবিশ্বে আছে নেজাম। নেজাম হলো কায়েনাতের অন্তর্নিহিত অস্তিত্বগত বিধান, যার ফলে বাস্তবতার প্রতিটি সত্তা, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি স্তর একটি অভিন্ন, ধারাবাহিক ও অর্থপূর্ণ সংহতির মধ্যে অবস্থান করে। অন্টোলজির অন্যতম মৌলিক প্রশ্ন এখানেই—অস্তিত্বের স্বাভাবিক রূপ কোনটা, নেজাম না নৈরাজ্য?
আরও মৌলিক প্রশ্ন হলো, অস্তিত্বের বিভিন্ন স্তর কেন বিচ্ছিন্ন নয়? মহাবিশ্ব যদি সত্যিই অর্থ-সংগঠিত ও স্তরবিন্যস্ত বাস্তবতা হয়, তবে সেই সংগঠনের ভিত্তি কী? কী এমন নীতি বা বাস্তবতা, যার কারণে অস্তিত্ব প্রতিক্ষণ টিকে থাকছে, ভেঙে পড়ছে না? কেন বিশ্বজগৎ অনিয়ন্ত্রিত বিশৃঙ্খলার পরিবর্তে ধারাবাহিকতা, স্থিতি ও নিয়মচালিত?
ফিতরাতি বাস্তুবিদ্যার দৃষ্টিতে এসব প্রশ্নের উত্তর কোনো একক বৈজ্ঞানিক সূত্রে সীমাবদ্ধ নয়। এগুলো এমন প্রশ্ন, যা পদার্থবিজ্ঞান, দর্শন, অধিবিদ্যা এবং তাওহিদি বিশ্বদর্শনের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে।
কারণ, বিজ্ঞান আমাদের বলতে পারে—মহাবিশ্ব কীভাবে নিয়ম মেনে কাজ করে। কিন্তু যখন সওয়াল আসে, কেন বাস্তবতা নিয়ম-অনুগত? কেন প্রকৃতি স্থিতিশীল বিধানের অধীন?, তখন আলাপটি বিজ্ঞানের গণ্ডি অতিক্রম করে অন্তলোজির এলাকায় প্রবেশ করে।
সংগঠনকে কেবল গাণিতিক বর্ণনায় সীমাবদ্ধ রাখলে একটি মৌলিক প্রশ্ন অমীমাংসিত থেকে যায়। প্রশ্নটি হলো, কেন বাস্তবতা গাণিতিকভাবে সংগঠিত? কেন নিয়ম আছে? কেন নিয়ম ব্যতিক্রমের তুলনায় অধিকতর মৌলিক?
ফিতরাতি বাস্তুবিদ্যা মহাবিশ্বে বিস্তারিত সম্পর্কময় বাস্তবতাকে অস্তিত্বগত সংহতি নামে অভিহিত করে। এর মানে, কোনো সত্তা একা বা স্বয়ংসম্পূর্ণভাবে অস্তিত্ব লাভ করে না, বরং প্রতিটি সত্তা একটি বৃহত্তর অস্তিত্বগত বিন্যাসের অংশ হিসেবে অর্থ ও অবস্থান লাভ করে। নেজাম সেই সম্পর্কগুলোর ধারাবাহিকতা ও সামঞ্জস্যের দৃশ্যরূপ আর অস্তিত্বগত সংহতি হলো সেই নেজামের গভীরতর ভিত্তি।
এই অনুসন্ধান আমাদের আরেকটি মৌলিক সত্যের দিকে নিয়ে যায়। বাস্তবতার কোনো স্তরই সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। একটি বৃক্ষ মাটি, পানি, আলো ও বায়ুর সঙ্গে সম্পর্কহীন হয়ে টিকে থাকতে পারে না, একটি প্রাণী তার পরিবেশ ছাড়া অর্থহীন, মানুষ সমাজ, ভাষা ও ইতিহাস ছাড়া নিজের পরিচয় নির্মাণ করতে পারে না।
এখানে সম্পর্ক বাস্তবতার ওপর আরোপিত কোনো বৈশিষ্ট্য নয়। সম্পর্ক নিজেই অস্তিত্বের একটি মৌলিক ধর্ম। বিচ্ছিন্নতা নয়, বরং পারস্পরিক নির্ভরতা ও সংযুক্তিই কায়েনাতের আসল রূপ।
মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য তার অস্তিত্ব নয়, বরং তার সুশৃঙ্খল অস্তিত্ব। আমরা এমন একটি দুনিয়ায় বাস করি, যেখানে মৌলিক ধ্রুবকগুলো স্থিতিশীল, প্রাকৃতিক সম্পর্কগুলো নির্ভরযোগ্য এবং গাণিতিক বিন্যাসগুলো পুনরাবৃত্তিযোগ্য।
মহাকর্ষ আজ যেমন কার্যকর, আগামীকালও তেমনই থাকবে। আলোর বেগ ইচ্ছামতো পরিবর্তিত হয় না। মৌলিক কণাগুলোর আচরণ এলোমেলো খেয়ালে পরিচালিত হয় না। এই স্থিতি বিজ্ঞান সম্ভব হওয়ার পূর্বশর্ত।
কারণ, যদি বাস্তবতা নিজেই নিয়মিত না হতো, তবে কোনো পর্যবেক্ষণ, কোনো পরীক্ষা, কোনো তত্ত্ব কিংবা কোনো পূর্বাভাসই সম্ভব হতো না। অর্থাৎ বিজ্ঞান সম্ভব হলো তখনই, যখন বাস্তবতা নিয়মিত।
আধুনিক পদার্থবিজ্ঞান স্পষ্ট করেছে যে মহাবিশ্বের গভীরে এক বিস্ময়কর নিয়ম কাজ করছে। বিশ্বজগৎ নিছক অগোছালো সম্ভাবনার নতিজা নয়। বরং এর গভীরে এমন এক সুসংহত বিন্যাস ক্রিয়াশীল।
বাস্তবতার এই সংহতি কেবল অনুভূমিক নয়, এটি স্তরবিন্যস্তও। পদার্থের ওপর জীবন প্রতিষ্ঠিত হয়, জীবনের ওপর চেতনা, চেতনার ওপর বিচারবোধ, বিচারবোধের ওপর নৈতিক দায়িত্ব এবং নৈতিকতার পূর্ণতা বিকশিত হয় ওহির নির্দেশনায়। কোনো উচ্চতর স্তর তার নিম্নস্তরকে অস্বীকার করে না। বরং সে তাকে ধারণ করে, তার অর্থকে প্রসারিত করে এবং নয়া মাত্রা দান করে।
এ কারণে বাস্তবতার বিভিন্ন স্তর মূলত একটি ধারাবাহিক অস্তিত্বগত সংগঠনের বিভিন্ন পর্যায়।
কিন্তু এই সংগঠনকে কেবল গাণিতিক বর্ণনায় সীমাবদ্ধ রাখলে একটি মৌলিক প্রশ্ন অমীমাংসিত থেকে যায়। প্রশ্নটি হলো, কেন বাস্তবতা গাণিতিকভাবে সংগঠিত? কেন নিয়ম আছে? কেন নিয়ম ব্যতিক্রমের তুলনায় অধিকতর মৌলিক?
অন্টোলজিক্যাল উপলব্ধি ফিতরাত ধারণাকেও নতুনভাবে ব্যাখ্যা করে। ফিতরাত কি কেবল মানুষের সহজাত ধর্মীয় প্রবণতা? না। ফিতরাত এখানে অস্তিত্বের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার ক্ষমতা।
ফিতরাতি বাস্তুবিদ্যা এই প্রশ্নের জবাব খোঁজে অস্তিত্বগত নেজামের আশ্রয়ে। নেজাম কোনো বাহ্যিক শৃঙ্খলা নয়, যা বিশৃঙ্খল বাস্তবতার ওপর পরে আরোপিত হয়েছে। সে হচ্ছে বাস্তবতার অন্তর্নিহিত স্বরূপ।
অস্তিত্ব মানেই একটি নির্দিষ্ট বিন্যাস, একটি নির্ধারিত সামঞ্জস্য এবং একটি ধারাবাহিক বিধানিকতা। এর মাত্রাগুলো স্পষ্ট করে মিজান, তাকদির এবং সুন্নাতুল্লাহ (আল্লার রীতি)। মিজান নির্দেশ করে ভারসাম্যকে। তাকদির নির্দেশ করে পরিমিত নির্ধারণকে।
সুন্নাতুল্লাহ নির্দেশ করে সেই স্থায়ী ও পুনরাবৃত্ত সৃষ্টিগত বিধানকে, যার মাধ্যমে কায়েনাত তার ধারাবাহিকতা রক্ষা করে। এই ধারণাগুলো আলাদা আলাদা নয়, বরং একই অস্তিত্বগত কানুনের ভিন্ন ভিন্ন দিক।
নেজামের আরেকটি অপরিহার্য বৈশিষ্ট্য হলো অস্তিত্বগত নির্ভরতা। কায়েনাতের কোনো সত্তাই নিজের দ্বারা প্রতিষ্ঠিত নয়। প্রতিটি সত্তা তার অস্তিত্ব, কার্যকারিতা এবং স্থিতির জন্য অন্য সত্তা ও বৃহত্তর অস্তিত্বব্যবস্থার ওপর নির্ভরশীল। এই নির্ভরতা অস্তিত্বের সংহতিরই প্রকাশ। অস্তিত্বগত সংহতির মানে কী?
এর মানে হলো, বাস্তবতার প্রতিটি স্তর, প্রতিটি সত্তা এবং প্রতিটি কার্যকারণ একটি বৃহত্তর অস্তিত্বগত বিন্যাসের অংশ। কোনো সত্তা নিজের মধ্যে পূর্ণাঙ্গ বা স্বয়ংসম্পূর্ণ নয়। বরং তার পরিচয়, কার্যকারিতা, অবস্থান এবং অর্থ নির্ধারিত হয় সেই বৃহত্তর বিন্যাসের সঙ্গে তার সম্পর্কের মাধ্যমে।
এই অর্থে অস্তিত্বগত সংহতি শুধু কার্যকারণগত (ক্যাজুয়াল) নয়, কেবল কাঠামোগত (স্ট্রাকচারাল) নয়, কেবল উদ্দেশ্যমূলক (টেলেওলজিক্যাল) নয়, বরং সবগুলোর সমন্বয়ে গঠিত একটি সমগ্র সত্তাগত ঐক্য। কারণ যা সত্যিকার অর্থে বাস্তব, তা বিচ্ছিন্ন নয়, বরং সম্পর্কের জালের মধ্যেই তার পরিচয়, কার্যকারিতা ও অর্থ লাভ করে।
এ কারণে ফিতরাতি বাস্তুবিদ্যা প্রকৃতির নিয়মকে কেবল ন্যাচারাল ল হিসেবে ব্যাখ্যা করতে নারাজ। ‘প্রাকৃতিক নিয়ম’ কথাটি সাধারণত নিয়মের অস্তিত্বকে কবুল করে। কিন্তু তার অন্তলোজিক্যাল ভিত্তি সম্পর্কে নীরব থাকে।
ফিতরাতি দৃষ্টিকোণ ন্যাচারাল ল–কে প্রশ্ন করে—বাস্তবতা কেন নিয়মমান্য? কেন অস্তিত্ব আইনসম্মত? কেন মহাবিশ্বের ভেতরে নিয়ম ব্যতিক্রমের তুলনায় অধিকতর মৌলিক? ন্যাচারাল ল এই প্রশ্নের উত্তর কার্যকারণের মধ্যে তালাশ করে।
কিন্তু ফিতরাতি দৃষ্টিকোণ বলে, প্রশ্নগুলোর জবাব অস্তিত্বের প্রকৃতির মধ্যেই নিহিত। বাস্তবতা নিয়ম অনুসরণ করে না, বরং বাস্তবতার অস্তিত্বই বিধানিক। নেজাম তার ওপর আরোপিত নয়, নেজামই তার অস্তিত্বের ভাষা।
এখানে এসে বিশৃঙ্খলা বা অরাজকতার ধারণাও নতুন অর্থ লাভ করে। আধুনিক বিজ্ঞানে এনট্রপি, অস্থিতিশীলতা কিংবা বিশৃঙ্খলা বাস্তবতার গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু এগুলো কখনোই সীমাহীন নয়। এনট্রপি নিজেও একটি নিয়ম মেনে বৃদ্ধি পায়।
কোয়ান্টাম অনিশ্চয়তাও সম্ভাবনার নির্দিষ্ট গাণিতিক কাঠামোর মধ্যে পরিচালিত হয়। নক্ষত্রের বিস্ফোরণও মহাকর্ষ, তাপগতিবিদ্যা এবং মৌলিক বলের নিয়ম অতিক্রম করে না। অর্থাৎ বিশৃঙ্খলাও নেজামের বাইরে নয়, বরং নেজামের একটি সীমাবদ্ধ প্রকাশ।
কায়েনাতে পরিবর্তন আছে, কিন্তু তা নৈরাজ্য নয়, বৈচিত্র্য আছে, কিন্তু তা কানুনহীন নয়। এ কারণে ফিতরাতি বাস্তুবিদ্যা মনে করে—বিশৃঙ্খলা কখনো অস্তিত্বের মৌলিক সত্য নয়। সে মূলত সীমাবদ্ধ সৃষ্টির পরিবর্তন, অসম্পূর্ণতা কিংবা বিশেষ পরিস্থিতির সন্তান । বিশৃঙ্খলা নিজেই শৃঙ্খলার সীমার ভেতরে সংঘটিত একটি হাল।
এ কারণেই বিশৃঙ্খলাকে ফিতরাতি বাস্তুবিদ্যা কখনো স্বয়ংসম্পূর্ণ অস্তিত্বগত নীতি হিসেবে গ্রহণ করে না। বিশৃঙ্খলা এমন কোনো স্বাধীন বাস্তবতা নয়, যা নেজামের সমান্তরালভাবে মজুদ।
এই অন্টোলজিক্যাল উপলব্ধি ফিতরাত ধারণাকেও নতুনভাবে ব্যাখ্যা করে। ফিতরাত কি কেবল মানুষের সহজাত ধর্মীয় প্রবণতা? না। ফিতরাত এখানে অস্তিত্বের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার ক্ষমতা। যে সত্তা তার সৃষ্টিগত বিন্যাসের সঙ্গে সংগতিপূর্ণ থাকে, সে তার ফিতরাতে প্রতিষ্ঠিত থাকে।
এই অর্থে ফিতরাত হলো মহাজাগতিক প্রকৃতির সঙ্গে অস্তিত্বগত সুরমিলন। ফিতরাত থেকে বিচ্যুতি মানে অস্তিত্বের মৌলিক সামঞ্জস্য থেকে দূরে সরে যাওয়া।
এই দৃষ্টিকোণ থেকে মানবসভ্যতার বিভিন্ন প্রতিষ্ঠানও নতুন অর্থ লাভ করে। নৈতিকতা, আইন, জ্ঞানচর্চা, পরিবেশনীতি কিংবা সামাজিক শৃঙ্খলা ইত্যাদিকে তখন বিচ্ছিন্ন মানবিক উদ্ভাবন হিসেবে দেখা যায় না। এগুলো অস্তিত্বগত নেজামের মানবীয় প্রতিফলন।
মানুষ যখন ন্যায় প্রতিষ্ঠা করে, তখন সে সামাজিক নেজাম রক্ষা করছে। সে যখন পরিবেশের ভারসাম্য সংরক্ষণ করে, তখন সে বাস্তুগত নেজামের সঙ্গে সংগতি স্থাপন করছে। সে যখন সত্য অনুসন্ধান করে, তখন সে জ্ঞানের নেজাম অনুসরণ করছে। অর্থাৎ মানবজীবনের বিভিন্ন ক্ষেত্র বাস্তবে একই অস্তিত্বগত শৃঙ্খলার বিভিন্ন সিঁড়ি।
এর মধ্য দিয়ে ফিতরাতি বাস্তুবিদ্যা একটি সমন্বিত স্থাপত্য নির্মাণ করে। সামাজিক নেজাম, পরিবেশগত নেজাম, জ্ঞানগত নেজাম এবং কসমিক নেজাম পরস্পর বিচ্ছিন্ন নয়। এরা একটি বৃহত্তর তাওহিদি বিন্যাসের বিভিন্ন জাহেরি।
কায়েনাত টিকে আছে। কারণ তার অন্তর্গত নেজাম টিকে আছে। আর সেই নেজামের চূড়ান্ত উৎস একক, অভিন্ন এবং অবিভাজ্য। ফিতরাতি বাস্তুবিদ্যার ভাষায়, অস্তিত্বের গভীরতম সত্য পদার্থ নয়—নেজাম।
একটি সমাজ যদি ন্যায়বিচার হারায়, তবে সে তার পরিবেশও দীর্ঘস্থায়ীভাবে ভারসাম্য রক্ষা করতে পারে না। পরিবেশ ধ্বংস হলে অর্থনীতি টেকে না, জ্ঞান বিকৃত হলে নৈতিকতা দুর্বল হয়। কারণ এরা প্রত্যেকেই একই অন্তর্নিহিত নেজামের বিভিন্ন মাত্রা। একটি স্তরে গভীর বিপর্যয় শেষ পর্যন্ত অন্য স্তরগুলোকেও প্রভাবিত করে।
এই আলাপের আখেরে ফিতরাতি বাস্তুবিদ্যার ফয়সালা স্পষ্ট হয়ে ওঠে। মহাবিশ্বের সবচেয়ে মৌলিক সত্য না পদার্থ, না শক্তি, না তথ্য। এগুলো সবই অস্তিত্বের বিভিন্ন প্রকাশমাত্র। অস্তিত্বের গভীরে রয়েছে একটি সুশৃঙ্খল, ধারাবাহিক এবং বিধানিক বিন্যাস, যার মাধ্যমে কায়েনাত তার স্থিতি ও ধারাবাহিকতা লাভ করে।
কায়েনাত টিকে আছে। কারণ তার অন্তর্গত নেজাম টিকে আছে। আর সেই নেজামের চূড়ান্ত উৎস একক, অভিন্ন এবং অবিভাজ্য। ফিতরাতি বাস্তুবিদ্যার ভাষায়, অস্তিত্বের গভীরতম সত্য পদার্থ নয়—নেজাম।
কিন্তু এখানেই আরেকটি মৌলিক সওয়াল সামনে আসে। যদি নেজাম সত্যিই অস্তিত্বের অন্তর্নিহিত ধর্ম হয়, তবে এই সর্বজনীন নেজামের চূড়ান্ত ভিত্তি কী? পদার্থ, জীবন, চেতনা, নৈতিকতা ও মহাজাগতিক বিন্যাস একই অস্তিত্বগত সামঞ্জস্যের অধীন পরিচালিত হয়, তবে সেই সামঞ্জস্য কি বহু স্বাধীন উৎস থেকে জন্ম নিতে পারে?
অন্টোলজির দৃষ্টিতে এর উত্তর নেতিবাচক। কারণ, একাধিক স্বয়ংসম্পূর্ণ ও স্বাধীন উৎস থাকলে তাদের প্রত্যেকের নিজস্ব বিধান, উদ্দেশ্য ও অস্তিত্বগত দাবি থাকবে। সে ক্ষেত্রে সমগ্র কায়েনাতজুড়ে যে অভিন্ন ধারাবাহিকতা, সর্বজনীন কার্যকারণ, গাণিতিক সামঞ্জস্য এবং বিধানিক ঐক্য আমরা প্রত্যক্ষ করি, তা স্থায়ীভাবে অক্ষুণ্ন থাকা সম্ভব হতো না।
বহুস্বাধীন চূড়ান্ত নীতি শেষ পর্যন্ত অস্তিত্বকে বিভক্ত করত, অথচ বাস্তবতা নিজেকে প্রকাশ করে একটি সমন্বিত, সম্পর্কনির্ভর এবং অবিচ্ছিন্ন সত্তা হিসেবে।
অতএব নেজামের সর্বজনীনতা তার উৎসের একত্ব বা তাওহিদকে আহ্বান করে। এ কারণে তাওহিদ এখানে কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং অস্তিত্বগত নেজামের যৌক্তিক পরিণতি। কায়েনাতে যদি বিধান এক হয়, অস্তিত্বগত সংহতি এক হয় এবং বাস্তবতার গভীরতম সংগঠন এক হয়, তবে তার চূড়ান্ত উৎসও এক, অভিন্ন এবং অবিভাজ্য হওয়াই দার্শনিকভাবে অধিকতর সংগত।
ফিতরাতি বাস্তুবিদ্যার ভাষায়, তাওহিদ হচ্ছে অস্তিত্বের গভীরতম নেজামের অন্তর্নিহিত ব্যাখ্যা। নেজাম হলো বাস্তবতার ভাষা, আর তাওহিদ সেই ভাষার চূড়ান্ত উৎস।