নবীযুগে মতপ্রকাশের স্বাধীনতার ৫ উদাহরণ

ছবি: পেক্সেলস

ইসলাম মানুষকে দিয়েছে সম্মান ও চিন্তার স্বাধীনতা। মহান আল্লাহ বলেন, ‘আমি তো আদম সন্তানদের মর্যাদা দান করেছি, তাদের স্থলে ও জলে চলাচলের বাহন দিয়েছি এবং তাদের উত্তম জীবনোপকরণ দিয়েছি; আর আমি আমার সৃষ্টিজগতের অনেকের ওপর তাদের শ্রেষ্ঠত্ব দান করেছি।’ (সুরা আল-ইসরা: ৭০)

মানুষ স্বাধীনভাবে জন্মেছে। আল্লাহ তাকে ভালো ও মন্দের পথ চেনাতে সক্ষম করেছেন। তাই ইসলামে মানুষের ওপর কোনো জোরজবরদস্তি নেই। এটিই ইসলামের মূল বাণী।

ইসলামে নবীজির সঙ্গেও আলোচনার সুযোগ ছিল। সাহাবিরা প্রয়োজনে তাঁর সঙ্গে যুক্তিপূর্ণ বিতর্ক করতেন। রাসুল (সা.) কখনোই তাঁদের কণ্ঠরোধ করেননি। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো—

১. খাউলার বিতর্ক ও আল্লাহর সমাধান

খাউলা বিনতে সা’লাবার স্বামী তাঁকে ‘জিহার’ (তালাকের একটি রূপ) করেছিলেন। রাসুল (সা.) তাঁকে বলেছিলেন, ‘তুমি তোমার স্বামীর জন্য এখন হারাম।’ কিন্তু খাউলা (রা.) দমে যাননি। তিনি বারবার নবীজির কাছে নিজের অসহায়ত্বের কথা বলছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করছিলেন।

আরও পড়ুন

আল্লাহ–তাআলা তাঁর কথা শুনে সুরা মুজাদিলার শুরুতে আয়াত নাজিল করলেন—‘আল্লাহ তার কথা শুনেছেন যে নারী তার স্বামীর বিষয়ে তোমার (নবীজির) সঙ্গে বাদানুবাদ করছে আর আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ তোমাদের দুজনের কথা শুনছেন, আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। (আয়াত: ১)

পরবর্তী আয়াতগুলোতে (আয়াত ২–৪) সমাধানটি এসেছে। সেখানে আল্লাহ জাহেলি যুগের এই নির্মম প্রথাকে বাতিল করে বিবাহ বিচ্ছেদের বদলে কাফফারা আদায়ের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক পুনর্বহালের বিধান দেন।

২. বদর যুদ্ধের রণকৌশল

বদর যুদ্ধের সময় নবীজি (সা.) এক জায়গায় থামলেন। সাহাবি হুবাব ইবনে মুনজির (রা.) জিজ্ঞাসা করলেন, ‘হে আল্লাহর রাসুল, এটি কি আল্লাহর নির্দেশে হচ্ছে, নাকি এটি যুদ্ধের কৌশল?’

নবীজি বললেন, ‘এটি যুদ্ধের কৌশল।’ তখন হুবাব নিজের ভিন্ন মত জানালেন। তিনি শত্রুদের পানির কাছাকাছি গিয়ে ক্যাম্প করার পরামর্শ দিলেন।

নবীজি তাঁর যুক্তিটি পছন্দ করলেন এবং বললেন, ‘তুমি চমৎকার পরামর্শ দিয়েছ।’ রাসুল (সা.)  তাঁর পরামর্শ অনুযায়ী অবস্থান পরিবর্তন করলেন। (উয়ুনুল আসার ১/২৯৩)

৩. বদরের বন্দিদের নিয়ে বিতর্ক

বদর যুদ্ধের বন্দীদের কী করা হবে, তা নিয়ে নবীজি (সা.) সাহাবিদের সঙ্গে পরামর্শ করলেন। ওমর (রা.) বললেন, ‘এদের গর্দান উড়িয়ে দিন।’

আবু বকর (রা.) বললেন, ‘আমি মনে করি তাদের ক্ষমা করে মুক্তিপণ নেওয়া উচিত।’

নবীজি সবার কথা শুনলেন, কারও ওপর রাগ করলেন না। পরে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এল। (মুসনাদে আহমাদ, হাদিস: ১৩৫৫৫)

আরও পড়ুন

৪. বিচার নিয়ে বিতর্ক

রুবাই নামের এক নারী এক বালিকার দাঁত ভেঙে দিয়েছিলেন। ভুক্তভোগী পরিবার বিচারের দাবি জানায়। রাসুল (সা.) কিসাসের (প্রতিশোধের) নির্দেশ দিলেন।

আনাস ইবনে নাজর (রা.) প্রতিবাদ জানালেন, ‘হে আল্লাহর রাসুল, রুবাইয়ের দাঁত কি ভাঙা হবে?’

নবীজি শান্তভাবে আল্লাহর বিধান স্মরণ করিয়ে দিলেন। শেষে পরিবারটি ক্ষমা করে দিলে বিষয়টি মিটে গেল। (সহিহ বুখারি, হাদিস: ৪৫০০)

৫. এক বেদুইনের সঙ্গে ঘোড়া নিয়ে বিতর্ক

রাসুল (সা.) এক বেদুইনের কাছ থেকে ঘোড়া কিনলেন। পরে বেদুইন বিষয়টি বুঝতে না পেরে ঘোড়াটি অন্য কারও কাছে বিক্রি করতে চাইলেন। তিনি নবীজির সঙ্গে তর্কেও জড়ালেন।

রাসুল (সা.) শান্তভাবে তাঁকে নিজের যুক্তির কথা বললেন। শেষে সাহাবি খুজাইমার সাক্ষ্যে বিষয়টি সুরাহা হলো। নবীজি তখন খুজাইমার সাক্ষ্যকে দুজন মানুষের সমান মর্যাদা দিলেন। (আস-সুনানুল কুবরা: ১৩৪০৪)

এই ঘটনাগুলো প্রমাণ করে যে, সাহাবিরা স্বাধীনভাবে নবীজির সঙ্গে কথা বলতেন। যারা ইসলামকে জড়তা বা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে অভিযুক্ত করে, তারা ইসলামের মূল ইতিহাসের সঙ্গে পরিচিত নয়।

ইসলাম মানুষকে মর্যাদা ও মুক্তচিন্তার অধিকার দিয়েই সম্মানিত করেছে।

আরও পড়ুন