মানুষ ভুল করে—এটাই তার স্বভাব। কখনো প্রবৃত্তির টানে, কখনো অসাবধানতায় সে এমন কাজ করে ফেলে, যা অন্তরকে ভারাক্রান্ত করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে দুর্বল করে দেয়।
পাপের পর অনেকেই ভেতরে ভেতরে ভেঙে পড়ে, মনে করে তার জন্য আর ফিরে আসার সুযোগ নেই। অথচ ইসলামে সবচেয়ে আশার কথা হলো, আল্লাহর রহমত অসীম; তিনি সবসময় তওবার দরজা খোলা রাখেন। প্রয়োজন কেবল আন্তরিকতা ও সচেতন প্রয়াস।
১. আন্তরিক তওবা
তওবা হলো ফিরে আসার প্রথম ধাপ। এটি কেবল মুখের উচ্চারণ নয়; বরং অন্তরের গভীর অনুশোচনা। আল্লাহ–তাআলা বলেন, “হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা কর।” (সুরা তাহরিম, আয়াত: ৮)
সঠিক তওবার জন্য তিনটি বিষয় জরুরি—
পাপের জন্য গভীর অনুশোচনা
সঙ্গে সঙ্গে তা ছেড়ে দেওয়া
ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প
এই তিনটি একসঙ্গে না থাকলে তওবা পূর্ণ হয় না।
২. আল্লাহর রহমতের প্রতি দৃঢ় আশা রাখা
গুনাহের পর অনেকেই হতাশ হয়ে পড়ে এবং ভাবে সে আর ক্ষমার যোগ্য নয়। অথচ দয়াময় প্রভু বারবার ঘোষণা করেন, “তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।” (সুরা জুমার: ৫৩)
এই আয়াত আমাদের শিক্ষা দেয়, যত বড় গুনাহই হোক, আল্লাহ ক্ষমা করতে সক্ষম। এই বিশ্বাস মানুষকে ভেঙে পড়া থেকে রক্ষা করে এবং বারবার ফিরে আসার সাহস জোগায়।
৩. ইবাদতকে অভ্যাসে পরিণত করা
ইবাদত মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে দৃঢ় করে। নামাজ, কোরআন পাঠ, জিকির—এসব শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং আত্মিক ব্যাধির কার্যকর মহৌষধ। আল্লাহ–তাআলা বলেন, “নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।” (সুরা আনকাবুত, আয়াত: ৪৫)
যখন কেউ নিয়মিত ইবাদতে অভ্যস্ত হয়ে যায়, তখন তার অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা জন্ম নেয়। ফলে গুনাহের প্রতি আকর্ষণ ধীরে ধীরে কমে যায় এবং নেক আমলের প্রতি আগ্রহ বাড়ে।
৪. প্রতিদিন নিজের কর্মের হিসাব নেওয়া
সঠিক চিকিৎসার জন্য রোগ নির্ণয় যেমন জরুরি, তেমনি আত্মোন্নতিরও জন্য নিজের ভুলগুলো চিহ্নিত করাও প্রয়োজন। প্রতিদিন কিছু সময় নিজের কর্মের হিসাব নিলে মানুষ সহজেই বুঝতে পারে, সে কোথায় ভুল করছে এবং কীভাবে তা শোধরানো যায়।
আল্লাহ–তাআলা বলেন,“হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং প্রত্যেকে যেন দেখে নেয়, সে আগামীকালের জন্য কী প্রেরণ করেছে।” (সুরা হাশর, আয়াত: ১৮)
এই আত্মজবাবদিহিতা একজন মানুষকে সচেতন করে তোলে এবং একই ভুল বারবার করার প্রবণতা কমিয়ে দেয়। তাই এটি একজন মুমিনের আত্মিক উন্নতির অন্যতম মাধ্যম।
৫. গুনাহের পরিবেশ ত্যাগ করা
মানুষ তার পরিবেশের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। অনেক সময় ব্যক্তি নিজে পরিবর্তন হতে চাইলেও, তার চারপাশের পরিবেশ তাকে আগের ভুল পথে টেনে নেয়। তাই আল্লাহ–তাআলা নির্দেশ দেন, “তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।” (সুরা তাওবা, আয়াত: ১১৯)
খারাপ পরিবেশ ও অসৎ সঙ্গ ত্যাগ করা শুরুতে কঠিন মনে হলেও, এটি আত্মশুদ্ধির পথে অপরিহার্য। অনেক সময় এটিই হয়ে ওঠে জীবনের পরিবর্তনের বড় কারণ।
৬. আল্লাহর কাছে দোয়া করা
দোয়া হলো পরিবর্তনের শক্তিশালী মাধ্যম।
মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহর সাহায্য ছাড়া পরিবর্তন সম্ভব নয়। তাই প্রতিদিন দোয়া করা উচিত—
“হে আল্লাহ, আমাকে গুনাহ থেকে রক্ষা করো।”
“হে আল্লাহ, আমাকে তাওবার পথে স্থির রাখো।”
“হে আল্লাহ, আমার অন্তরকে পরিশুদ্ধ করো।”
দোয়া মানুষকে আল্লাহর সঙ্গে যুক্ত রাখে এবং ভেতর থেকে পরিবর্তনের শক্তি দেয়।
রায়হান আল ইমরান: লেখক ও গবেষক