মোরাকাবা: ইসলামে ধ্যান করার আধ্যাত্মিক উপায়

ছবি: পেক্সেলস

ইসলামি জীবনদর্শনে অন্তরের এই পরিশুদ্ধি (তাজকিয়া) অর্জন এবং স্রষ্টার সাথে সুদৃঢ় আত্মিক সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে নির্ভরযোগ্য ও শাশ্বত মাধ্যমকে বলা হয় ‘মাকামে মোরাকাবা’ বা সার্বক্ষণিক ঐশ্বরিক নজরদারির সচেতন অনুভাব।

মোরাকাবা কোনো রহস্যময় সাধনা বা বিশেষ কৃচ্ছ্রসাধন নয়; বরং এটি হলো জীবনের প্রতিটি মুহূর্তে, নির্জনতায় কিংবা জনসমক্ষে, এই দৃঢ় বিশ্বাস হৃদয়ে লালন করা যে আমার স্রষ্টা আমার সঙ্গেই আছেন, তিনি আমার সমস্ত কাজ দেখছেন এবং আমার অন্তরের গোপনতম চিন্তাও তাঁর কাছে প্রকাশ্য।

শাব্দিক ও পরিভাষাগত রূপরেখা

‘মোরাকাবা’ শব্দটি আরবি ‘রা-কা-বা’ মূলধাতু থেকে উৎপন্ন, যার শাব্দিক অর্থ পর্যবেক্ষণ করা, খেয়াল রাখা, রক্ষা করা বা পাহারা দেওয়া। উঁচু স্থানে দাঁড়িয়ে পুরো এলাকা সতর্ক নজরদারিতে রাখাকে যেমন আরবিতে ‘মারকাব’ বলা হয়, ঠিক তেমনি নিজের চিন্তা ও কাজকে স্রষ্টার বিধানের আলোকে প্রতিনিয়ত নজরদারিতে রাখাই হলো মোরাকাবা।

পরিভাষায় মোরাকাবা বলতে বোঝায়—আল্লাহ আমার বাহ্যিক ও অভ্যন্তরীণ সমস্ত অবস্থা সম্পর্কে সম্পূর্ণরূপে ওয়াকিবহাল, এই সুদৃঢ় বিশ্বাস ও জ্ঞানকে সবসময় মনে জাগরূক রাখা।

তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাঁকে দেখতে পাচ্ছ; আর যদি তুমি তাঁকে দেখতে না-ও পাও, তবে সুনিশ্চিতভাবে জানবে যে তিনি তোমাকে দেখছেন।
সহিহ বুখারি, হাদিস: ৫০

ইমাম ইবনুল কাইয়িম (রহ.) লিখেছেন, “মোরাকাবা হলো বান্দার এই সুদৃঢ় জ্ঞান ও নিশ্চিত বিশ্বাস অব্যাহত রাখা যে মহান আল্লাহ তাঁর প্রকাশ্য ও গোাপন সমস্ত অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। বান্দা যখন অনুধাবন করতে পারে যে আল্লাহ ‘আর-রাকিব’ (সার্বক্ষণিক পর্যবেক্ষণকারী), ‘আল-হাফিজ’ (সংরক্ষক), ‘আল-আলীম’ (সর্বজ্ঞ) ও ‘আল-বাসির’ (সর্বদ্রষ্টা), তখন তাঁর অন্তরে যে জাগরণ তৈরি হয়, সেটাই হলো মোরাকাবা।” (ইবনুল কাইয়িম আল-জাওজিয়্যাহ, মাদারিজুস সালিকিন, ২/৬৫-৬৬, দারুল কিতাব আল-আরাবি, বৈরুত, লেবানন, ১৯৭২)

আরও পড়ুন

এহসানের সর্বোচ্চ স্তর

ইসলামি ইবাদতের প্রাণ হলো ‘এহসান’। ‘হাদিসে জিবরিলে’ যখন নবীজিকে এহসান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি একটি বাক্যে পুরো মোরাকাবার সারমর্ম ফুটিয়ে তুললেন। মহানবী (সা.) বললেন, “এহসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাঁকে দেখতে পাচ্ছ; আর যদি তুমি তাঁকে দেখতে না-ও পাও, তবে সুনিশ্চিতভাবে জানবে যে তিনি তোমাকে দেখছেন।” (সহিহ বুখারি, হাদিস: ৫০)

এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী (রহ.) লিখেছেন যে, এটি নবীজির সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থবোধক বক্তব্যের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। মানুষ যখন অনুভব করে যে কোনো মহান সত্তা তাকে সরাসরি প্রত্যক্ষ করছেন, তখন তার মধ্যে স্বতঃস্ফূর্ত বিনয়, একাগ্রতা ও নিখুঁত আমল করার যে ব্যাকুলতা তৈরি হয়—নামাজসহ প্রতিটি ইবাদতে সেই অনুভূতি ফিরিয়ে আনাই হলো মোরাকাবার মূল লক্ষ্য।

আইনের চোখকে ফাঁকি দেওয়ার বহু পথ মানুষ খুঁজে নেয়। কিন্তু যে জানে আল্লাহ দেখছেন, সে কখনো ঘুষ নেয় না, ওজনে কম দেয় না কিংবা কারও অধিকার হরণ করে না।

কোরআনে মোরাকাবার আহ্বান

পবিত্র কোরআনে অনেক স্থানে মানুষকে আল্লাহর সার্বক্ষণিক উপস্থিতি ও নজরের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কোথাও সরাসরি আদেশের মাধ্যমে, আবার কোথাও আল্লাহ–তাআলার গুণবাচক নামের বর্ণনার মাধ্যমে এই মোরাকাবার পাঠ দেওয়া হয়েছে।

আল্লাহ ঘোষণা করেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর সার্বক্ষণিক নজর রাখছেন” (সুরা নিসা, আয়াত: ১)। অন্য আয়াতে এসেছে, “তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সঙ্গে আছেন” (সুরা হাদিদ, আয়াত: ৪)। এমনকি মানুষের গোপনতম ভাবনার খবরও যে তাঁর কাছে স্পষ্ট, তা মনে করিয়ে দিয়ে বলা হয়েছে, “তিনি চোখের অগোচর চুরি এবং অন্তরের গোপন ভাবনা সম্পর্কেও সম্যক অবগত” (সুরা গাফির, আয়াত: ১৯)।

মানুষ যখন কোরআনের এই আয়াতগুলো নিয়ে চিন্তা করে, তখন সে বুঝতে পারে যে দুনিয়ার মানুষের নজর এড়িয়ে অন্যায় বা পাপাচার করা সম্ভব হলেও, আসমানের মালিকের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব।

আরও পড়ুন

মোরাকাবার আত্মিক সুফল

মোরাকাবার অভ্যাস ইবাদতের মান যেমন বাড়ায়, তেমনি মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনেও এক অসামান্য নৈতিক রূপান্তর নিয়ে আসে।

১. লোকালয়ের পবিত্রতা: যে ব্যক্তির হৃদয়ে মোরাকাবা প্রতিষ্ঠিত হয়েছে, নির্জন ঘরে তার যে আচরণ, লোকালয়ের হাজার মানুষের সামনেও তার একই রূপ থাকে। কারণ সে কোনো মানুষের প্রশংসার জন্য কাজ করে না, বরং আল্লাহর সন্তুষ্টিই থাকে তার একমাত্র লক্ষ্য।

২. গোপন পাপ থেকে মুক্তি: মানুষের বড় বড় নৈতিক অবক্ষয় ঘটে নির্জনতায়। কিন্তু হৃদয়ে আল্লাহর ভীতি থাকলে মানুষ গোপন পাপ থেকে বেঁচে থাকে। ইবনুল মোবারক (রহ.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, মানুষ কীভাবে দৃষ্টি সংযত রাখবে? তিনি উত্তরে বলেছিলেন, “এই অনুভূতি দিয়ে যে, তুমি যে দৃশ্যটির দিকে তাকাচ্ছ, তার আগেই আল্লাহ তোমাকে প্রত্যক্ষ করছেন।” (আল-গাজালি, ইহয়াউ উলুমিদ্দিন, ৪/৩৯৭, দারুল মাআরিফ, কায়রো, ১৯৮২)

৩. মানসিক স্থিরতা: মানুষের হৃদয় মূলত স্রষ্টার সান্নিধ্যের জন্যই সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার নানা অনিশ্চয়তা, লোভ ও উৎকণ্ঠায় মন যখন বিভ্রান্ত হয়, তখন মোরাকাবা মানুষকে পরম স্থিরতা দেয়। সে বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর অসীম রহমত ও নজরদারির ছায়া রয়েছে।

৪. সামাজিক সততা : রাষ্ট্রীয় আইন বা পুলিশের ভয় দিয়ে মানুষকে সব সময় অপরাধ মুক্ত রাখা যায় না; কারণ আইনের চোখকে ফাঁকি দেওয়ার বহু পথ মানুষ খুঁজে নেয়। কিন্তু যে জানে আল্লাহ দেখছেন, সে কখনো ঘুষ নেয় না, ওজনে কম দেয় না কিংবা কারও অধিকার হরণ করে না। কারণ তার অন্তরে সর্বক্ষণ এই চেতনা জাগ্রত থাকে—“আল্লাহ তো আমাকে দেখছেন!”

ইবনে ওমর কৌতুক করে বললেন, “তোমার মনিবকে গিয়ে বোলো যে একটি ছাগল নেকড়ে খেয়ে ফেলেছে!” রাখালটি সঙ্গে সঙ্গে আসমানের দিকে মুখ তুলে বলে উঠল, “তাহলে আল্লাহ কোথায়?

মনীষীদের জীবনে মোরাকাবা

ইসলামের প্রথম যুগের মনীষীদের (সালাফ) জীবন পর্যালোচনা করলে দেখা যায়, মোরাকাবা ছিল তাদের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গী।

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) একবার মরুভূমির পথ ধরে যাচ্ছিলেন। পথে এক রাখালের সঙ্গে তাঁর দেখা হলো। তিনি রাখালকে পরীক্ষা করার জন্য বললেন, “তোমার ছাগলের পাল থেকে একটি ছাগল আমার কাছে বিক্রি করো।” রাখাল বলল, “এগুলো তো আমার মনিবের ছাগল, বিক্রির অধিকার আমার নেই।”

ইবনে ওমর কৌতুক করে বললেন, “তোমার মনিবকে গিয়ে বোলো যে একটি ছাগল নেকড়ে খেয়ে ফেলেছে!” রাখালটি সঙ্গে সঙ্গে আসমানের দিকে মুখ তুলে বলে উঠল, “তাহলে আল্লাহ কোথায়? (ফা–আইনাল্লাহ?)” (আবু দাউদ আত-তায়ালিসি, সুনান আত-তায়ালিসি, হাদিস: ১৮২৫)

ওমর (রা.) রাখালের এই ইমান দেখে এতটাই আবেগাপ্লুত হয়েছিলেন যে তিনি মনিবের কাছ থেকে সেই রাখালকে কিনে নিয়ে স্বাধীন করে দেন এবং ছাগলের পালটি তাকে উপহার দেন।

ইমাম বুখারি (রহ.) বলেছিলেন, “যেদিন থেকে আমি জেনেছি যে গিবত (পরচর্চা করা) হারাম, আমি আজ পর্যন্ত কারও গিবত করিনি। আমি আশা করি, আল্লাহর সামনে যখন দাঁড়াব, তখন যেন কেউ আমার বিরুদ্ধে গিবতের অভিযোগ আনতে না পারে।” (আজ-জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ২/৪৪১, মুয়াসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৮৫)

আরও পড়ুন