মুমিনের ব্যক্তিত্ব নষ্ট করে ১০ অভ্যাস

ছবি: পেক্সেলস

ব্যক্তিত্বহীন মানুষের কোনো মর্যাদা নেই।মানুষমাত্রই সমাজে ব্যক্তিত্ব সম্পন্ন হতে চায়। এর জন্য প্রয়োজন এমন নীতি-অভ্যাস যা তাকে ব্যক্তিত্বের আসনে উন্নীত করবে।

কারণ পোশাক-পরিচ্ছদ, সহায়-সম্পদ বা বাহ্যিক সৌন্দর্য ব্যক্তিত্বের মানদণ্ড নয়, বরং এটি ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের সমন্বয়ের নাম। সুতরাং যেসব অভ্যাস মুমিন ব্যক্তির ব্যক্তিত্বকে পুরোপুরি ধ্বংস করে দেয়, লোক সমাজে তার সম্মান-মর্যাদা ক্ষুন্ন করে তা পরিহার করা আমাদের জন্য অপরিহার্য।

এখানে ১০ টি অভ্যাস উল্লেখ করা  হলো। 

১. বেশি কথা বলা

কথা যত কম বলা যায় ভুল ততই কম হয়। অতিরিক্ত কথায় গীবত ও মিথ্যা বেশি থাকে। মুমিনের বৈশিষ্ট্য হলো অনর্থক কথা ও কাজ পরিহার করে চলা। তাই নিজের ব্যক্তিত্ব ঠিক রাখতে চাইলে স্বল্পভাষী হওয়া জরুরি। 

রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন উত্তম কথা বলে অথবা চুপ  থাকে।' (সহিহ বুখারি, হাদিস : ৬০১৮)

২. অতিরিক্ত হাসি

মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলা সুন্নত। এটা আন্তরিকতা ও ভালোবাসার পরিচায়ক। তবে অকারণে হাসা বা অতিরিক্ত হাসার কারণে ব্যক্তির গাম্ভীর্য নষ্ট হয়। 

রাসুল (সা.) বলেছেন, ‘অতিরিক্ত হাসবে না। কারণ অতিরিক্ত হাসি অন্তরকে মৃত করে দেয়।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৩০৫)

আরও পড়ুন

৩. মিথ্যা বলা

মিথ্যা মানুষের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় হয়। এ জন্যই পবিত্র কোরআনে সত্যবাদীর সাহচর্য গহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।’ (সুরা তাওবা, আয়াত : ১১৯)

রাসুল (সা.) বলেছেন, ‘সত্য পুণ্যের দিকে নিয়ে যায়, আর পুণ্য নেয় বেহেশতের দিকে... মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ নেয় দোজখের দিকে।’ সহিহ বুখারি, হাদিস : ৬০৯৪)

৪. গীবত-পরনিন্দা করা

হাদিস শরিফে রাসুল (সা.) গীবতকে এভাবে সংজ্ঞায়িত করেছেন ‘তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা, যা সে অপছন্দ করে—তা-ই গীবত।’ সহিহ মুসলিম, হাদিস : ২৫৮৯)

অন্যের অনুপস্থিতিতে দোষ বর্ণনা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ বলেন, ‘তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? নিশ্চয়ই তোমরা তা অপছন্দ করো।’ (সুরা হুজুরাত, আয়াত : ১২)

৫. অনিয়ন্ত্রিত রাগ

রাগের সময় ধৈর্য ধারণ করা জরুরি।  অনেক সময় মাত্রাতিরিক্ত রাগের কারণে মানুষ দিশেহারা হয়ে ভুল সিদ্ধান্ত নেয় এবং অন্যায় কাজ করে ফেলে। এতে তার ব্যক্তিত্ব নষ্ট হয় মর্যাদা ক্ষতিগ্রস্তও হয়।

রাসুল (সা.) বলেছেন, ‘শক্তিশালী সে নয়, যে কুস্তিতে অন্যকে হারায়; বরং শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে।’ (সহিহ বুখারি, হাদিস : ৬১১৪)

৬. অহংকার করা

অহংকার মানুষকে মানুষের কাছে অপছন্দনীয় করে তোলে এবং আল্লাহর কাছে সে হয় নিন্দিত। তিনি বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না।’ (সুরা নিসা, আয়াত : ৩৬)

হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেছেন, ‘অহংকার আমার চাদর। যে তা নিয়ে আমার সাথে টানাহেঁচড়া করবে, আমি তাকে চূর্ণবিচূর্ণ করে দিব।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪০৯০)

রাসুল (সা.) বলেছেন, ‘যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না।’ (সহিহ মুসলিম, হাদিস : ৯১)

আরও পড়ুন

৭. ওয়াদা খেলাফ করা

কথা দিয়ে কথা না রাখা মোনাফেকের চরিত্র। ওয়াদা ভঙ্গ করা মুমিনের কাজ হতে পারে না। এটি তাঁর চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে এবং ব্যক্তিত্বকে নষ্ট করে।

রাসুল (সা.) বলেছেন, ‘মোনাফেকের লক্ষণ তিনটি, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত রাখা হলে খেয়ানত করে।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩)

৮. কটু ভাষা

কটু ভাষা রূঢ় স্বভাব ও কঠোর হৃদয়ের আলামত। মানুষ এমন স্বভাবের লোকজন সমাজে অবজ্ঞার পাত্র হয়।

কথার মাধ্যমে কাউকে আঘাত করা,  অশ্লীল কথাবার্তা বলা মুমিনের ইমান ও মর্যাদার পরিপন্থি। কোনো ইমানদার ব্যক্তির জন্য এই অভ্যাস শোভনীয় নয়।

রাসুল (সা.) বলেছেন, মুমিন ব্যক্তি দোষ দেয় না, অভিসম্পাত করে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষী হয় না।’ (সুনানে তিরমিজি, হাদিস : ১৯৭৭)

৯. কৃপণতা

সম্পদ আল্লাহ দেন। বিধান মোতাবেক তা উপার্জন ও ব্যয় করা কর্তব্য। কৃপণতা করলে মন সংকীর্ণ হয় এবং লোকসমাজে ওই ব্যক্তির সম্মান-মর্যাদা নষ্ট হয়। আর পরকালের কঠিন শাস্তি হচ্ছে তার কর্মের ফল।

কোরআনে বলা হয়েছে, ‘আল্লাহ প্রদত্ত ধন-সম্পদে যারা কৃপণতা করে, তারা যেন মনে না করে, এটা তাদের জন্য কল্যাণকর। বরং এটা তাদের জন্য অমঙ্গল। আজ যে সম্পদে তারা কৃপণতা করছে, কেয়ামতের দিন তা তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে। আকাশমণ্ডলী ও পৃথিবীর সত্ত্বাধিকার কেবল আল্লাহরই। আট তোমরা যাই কিছু করো আল্লাহ সে সম্পর্কে অবগত।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৮০) 

১০. খেয়ানত 

বিশ্বস্ততা মুমিনের অন্যতম শ্রেষ্ঠ গুণ। খেয়ানত মানুষের চরিত্র ও মর্যাদা ধ্বংস করে দেয়। এটি মুনাফিকের কাজ। মুমিনদের জন্য আমানত সংরক্ষণ করা এবং তা প্রাপকের কাছে পৌঁছে দেওয়া কোরআনে নির্দেশ। 

কোরআনে আছে, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে, তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছে দেবে।’ (সুরা নিসা, আয়াত : ৫৮)

  • মাহমুদ হাসান ফাহিম : শিক্ষক, বাইতুল আকরাম মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স, টঙ্গী 

আরও পড়ুন