ইসলাম আমাদের কী ‘পরিচয়’ শিক্ষা দেয়

ছবি: পেক্সেলস

মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো—আমি আসলে কে? আমরা অনেক সময় নিজেদের পরিচয় খুঁজি চাকরি, পড়াশোনা, সৌন্দর্য, সম্পর্ক বা মানুষের প্রশংসার ভেতরে। মনে করি, একটি সফল অবস্থান বা মানুষের স্বীকৃতিই আমাদের মূল্য নির্ধারণ করে।

কিন্তু এই পরিচয়গুলো স্থায়ী নয়। সময়ের সঙ্গে এগুলো বদলে যায়, কখনো হঠাৎ ভেঙে পড়ে। ফলে এসবের ওপর নিজের পরিচয় দাঁড় করালে ভেতরে অস্থিরতা ও শূন্যতা তৈরি হয়।

সত্যিকারের পরিচয় কোথায়

ইসলাম আমাদের শেখায়, একজন মানুষের আসল পরিচয় তার দেহ, সম্পদ বা অবস্থান নয়—তার পরিচয় হলো সে আল্লাহ–তাআলার বান্দা। কোরআনে আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য।’ (সুরা আজ-জারিয়াত, আয়াত: ৫৬)

এই একটি আয়াতই আমাদের পরিচয়ের ভিত্তি ঠিক করে দেয়। আমরা আল্লাহর বান্দা—এই পরিচয়ই সবচেয়ে সম্মানিত।

সময়ের সঙ্গে এগুলো বদলে যায়, কখনো হঠাৎ ভেঙে পড়ে। ফলে এসবের ওপর নিজের পরিচয় দাঁড় করালে ভেতরে অস্থিরতা ও শূন্যতা তৈরি হয়।
আরও পড়ুন

আল্লাহ আরও বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান।’ (সুরা হুজুরাত, আয়াত: ১৩)

রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও আমল।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৬৪)

নিজেকে প্রমাণের লড়াই

সমস্যা হলো, আমরা এই পরিচয় ভুলে গিয়ে মানুষের চোখে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ি। কখনো সম্মান পাওয়ার জন্য, কখনো গ্রহণযোগ্য হওয়ার জন্য আমরা নিজেদের বদলে ফেলি।

কিন্তু মানুষের স্বীকৃতি কখনো স্থায়ী শান্তি দিতে পারে না। আসল শান্তি তখনই আসে, যখন মানুষ বুঝে ফেলে—আমি কারো কাছে নিজেকে প্রমাণ করতে আসিনি, আমি আল্লাহর বান্দা হিসেবে তাঁর নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করতে এসেছি।

আরও পড়ুন
নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও আমল।
সহিহ মুসলিম, হাদিস: ২৫৬৪

আমরা কারো মেয়ে, কারো স্ত্রী বা কারো মা হতে পারি—কিন্তু এগুলো আমাদের মূল ‘আইডেন্টিটি’ নয়। সময়ের আবর্তে এসব পরিচয় স্মৃতির অতলে হারিয়ে যাবে। তাই নিজের দিকে ফিরে তাকানো দরকার—আমি কি এখনো আল্লাহর বান্দা হিসেবে বাঁচছি, নাকি শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য দৌড়াচ্ছি?

ভারসাম্য ও অগ্রাধিকার

আমাদের প্রথম অগ্রাধিকার হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা সবার প্রতি দায়িত্ব-কর্তব্য অবশ্যই পালন করব, তবে নির্দিষ্ট সীমারেখা বজায় রেখে। ফরজ আমলগুলো আদায় করতে গিয়ে যদি মায়া-মমতার সম্পর্কের কেউ অসন্তুষ্ট হয়, তবে তাদের বোঝানোর চেষ্টা করতে হবে।

আর যদি তারা না বোঝে, তবে নিজের সিদ্ধান্তে স্থির থেকে নীরবতা অবলম্বন করাই ইসলামের সৌন্দর্য।

পরিশেষে, আমাদের আইডেন্টিটি কোনো লেবেল, নাম বা স্ট্যাটাস নয়; আমাদের আসল পরিচয় হলো—‘আমি আল্লাহর বান্দা’।

[email protected]

ইসমত আরা: শিক্ষক ও লেখক

আরও পড়ুন