‘ভালোবাসার দুজনের জন্য বিয়ের মতো কিছু নেই’: কেন বলেছিলেন নবীজি

ছবি: পেক্সেলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মেয়ে এতিম। তার অভিভাবকদের কাছে দুজন পাত্রের প্রস্তাব এসেছে। একজন বিত্তবান, আরেকজন নিঃস্ব। অভিভাবকেরা ধনী পাত্রকেই চান। কিন্তু মেয়েটির মন পড়ে আছে সেই গরিব মানুষটির কাছে।

চৌদ্দ শ বছর আগে মদিনায় এই সংকট নিয়ে এক ব্যক্তি নবীজির কাছে এসেছিলেন। ইবনে আব্বাস (রা.)-এর সূত্রে বর্ণিত সেই বর্ণনায় লোকটি বলেন, আমাদের তত্ত্বাবধানে একটি এতিম মেয়ে আছে, তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন একজন গরিব আর একজন ধনী।

মেয়েটি গরিবকেই ভালোবাসে, আমরা চাই ধনীকে। মহানবী (সা.) সংক্ষেপে বললেন, ‘ভালোবাসার দুজনের জন্য বিয়ের মতো আর কিছু আমরা দেখিনি।’ অন্য বর্ণনায় আছে, বিয়ের মতো আর কিছু দেখা যায়নি। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৪৭)

একটি বাক্য, কিন্তু তাতে ঝুলে আছে একটি পুরো সামাজিক প্রশ্ন: অভিভাবকের হিসাব বড়, না দুজন মানুষের মনের টান?

অনেকে ভাবেন, ইসলামে ভালোবাসার জায়গা নেই, বিয়ে মানেই পরিবারের সিদ্ধান্তে বাঁধা এক শুষ্ক চুক্তি। এই হাদিস সেই ধারণার বিপরীতে দাঁড়ায়।

ভালোবাসার সম্মানজনক পরিণতি

এই হাদিসের অর্থ এ নয় যে বিয়ের আগে সম্পর্ক গড়ে তোলা যায়। নবীজি (সা.) বলেছেন, ‘কোনো পুরুষ যেন মাহরাম ছাড়া কোনো নারীর সঙ্গে নির্জনে অবস্থান না করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫২৩৩) 

এর শিক্ষা হলো, কোনো দুজনের মনে ভালোবাসা তৈরি হলে তাদের জন্য সবচেয়ে সুন্দর ও নিরাপদ পরিণতি বিয়ে।

যাও, তাকে দেখে নাও। এতে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হতে পারে।
সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৬৬

এতিম মেয়ের ঘটনায় লক্ষণীয় বিষয় হলো, ব্যাপারটা প্রকাশ্যে এসেছিল, বিয়ের প্রস্তাব ও অভিভাবকের সামনে। ইসলামের নির্দেশনা হলো, মনে ভালোবাসা জন্মালে তার সামনে গোপন সম্পর্ক নয়, বিয়ের দরজা খোলা থাকা উচিত।

ইমাম ইবনুল কাইয়িম (রহ.) লিখেছেন, নবীজি এখানে এমন এক ওষুধের কথা উল্লেখ করেছেন যা সবচেয়ে কার্যকর এবং এটিই মূলত ‘ইশক’ বা তীব্র আসক্তির আসল চিকিৎসা। (ইবনুল কাইয়্যিম, আত-তিব্বুন নাবাবি, পৃষ্ঠা ২০৫, দারুল মানার, কায়রো, ১৯৯৮)

আবদুর রউফ আল-মানাবি বলেন, কোনো পুরুষের মন যদি কোনো নারীর প্রতি আটকে যায়, তাহলে তাকে বিয়ে করলে সেই ভালোবাসা আরও বাড়ে। কারণ পরস্পর অনুরাগীদের জন্য বিয়ের মতো আর কিছু দেখা যায়নি; এটি ভালোবাসার শক্তি ও হৃদ্যতা আরও বাড়িয়ে দেয়। রীতিতে: (আল-মানাবি, ফাইজুল কাদির শারহুল জামিইস সাগির, ৫/২৯৬, হাদিস ৭০১৭, দারুল মা‘রিফাহ, বৈরুত, ১৯৭২)

স্পষ্ট যে বিয়ের আগে সম্পর্কের সীমা নিয়ে ইসলামের অবস্থান আলাদা। বিয়ের আগে অপরিচিত নারী-পুরুষের নির্জনবাস বা স্পর্শ জায়েজ নয়। কিন্তু মনের টান, যা মানুষ ইচ্ছে করে আনে না, সেটাকে পাপ বলা হয়নি। সেই টানের জন্য ইসলামের দেখানো পথ বিয়ে।

আরও পড়ুন

মেয়ের সম্মতি ছাড়া বিয়ে নয়

এতিম মেয়েটির ঘটনা আরেকটি প্রশ্নও তোলে: বিয়েতে মেয়ের নিজের মত কতটা জরুরি?

খানসা বিনতে খিজামের বাবা তাঁকে এমন এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেন, যাঁকে তিনি পছন্দ করতেন না। খানসা নবীজির কাছে গিয়ে অভিযোগ করলে তিনি সেই বিয়ে বাতিল করে দেন। পরে খানসা আবু লুবাবাকে বিয়ে করেন। (সহিহ বুখারি, হাদিস: ৫১৩৮)

আরেক বর্ণনায় আছে, এক কুমারী মেয়ে এসে জানান, তাঁর বাবা অপছন্দের বিয়ে দিয়েছেন। নবীজি তাঁকে সিদ্ধান্তের স্বাধীনতা দেন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৭৫)

ভালোবাসার নামে অনেক সম্পর্ক গড়ে ওঠে যেগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত, আর অনেক সময় গোপনীয়তা ও অপরাধবোধ তাতে জড়িয়ে থাকে। ইসলাম ভালোবাসাকে এই অনিশ্চয়তায় ফেলে না রেখে একটি কাঠামো দিয়েছে।

বিয়ের আগে দেখা, ভালোবাসার সূচনা

সাহাবি মুগিরা ইবনে শুবা এক নারীকে বিয়ের প্রস্তাব দিতে চাইলে মহানবী (সা.) তাঁকে বলেন, ‘যাও, তাকে দেখে নাও। এতে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হতে পারে।’ মুগিরা তা-ই করেন, বিয়ে করেন এবং নিজেদের মিলমহব্বতের কথা বলেন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৬৬)

ইসলামে বিয়ে তাই আবেগহীন সিদ্ধান্ত নয়। যে বিয়ে ভালোবাসার সম্ভাবনা নিয়ে শুরু হয়, তাকেই উৎসাহিত করা হয়েছে।

মোহ থেকে মায়ায়

আধুনিক সময়ে ভালোবাসার নামে অনেক সম্পর্ক গড়ে ওঠে যেগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত, আর অনেক সময় গোপনীয়তা ও অপরাধবোধ তাতে জড়িয়ে থাকে। ইসলাম ভালোবাসাকে এই অনিশ্চয়তায় ফেলে না রেখে একটি সামাজিক স্বীকৃতি ও দায়িত্বের কাঠামো দিয়েছে।

কোরআনে বলা হয়েছে, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের নিজেদের মধ্য থেকেই তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা (মাওয়াদ্দাহ) ও দয়া (রাহমাহ) সৃষ্টি করেছেন।’ (সুরা রুম, আয়াত: ২১)

প্রথমটি গভীর প্রেম, দ্বিতীয়টি নিঃস্বার্থ মায়া। ভালোবাসা আবেগে শুরু হলেও বিয়ের সংসারে বছরের পর বছর কাছে থাকতে থাকতে তা মায়ায় গড়ায়।

কোরআন বিয়েকে সুদৃঢ় অঙ্গীকার (মিসাকান গালিজা) বলেছে। (সুরা নিসা, আয়াত: ২১)

এই অঙ্গীকারই ভালোবাসাকে পরীক্ষার মুখে টিকে থাকার ভিত্তি দেয়। সুখে-দুঃখে, অসুস্থতায়-অভাবে হাত ধরে রাখার সংকল্পই ভালোবাসার আসল প্রমাণ।

আরও পড়ুন

নবীজির নিজের ভালোবাসা

নবীজির নিজের জীবনেও ভালোবাসা ছিল প্রকাশ্য। আমর ইবনুল আস (রা.) একবার তাঁকে জিজ্ঞেস করেছিলেন, মানুষের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কে? নবীজি সোজা জবাব দিয়েছিলেন, ‘আয়েশা’। (সহিহ বুখারি, হাদিস: ৩৬৬২)

খাদিজার মৃত্যুর পরও তাঁকে বারবার স্মরণ করতেন। আয়েশা (রা.) জানান, নবীজির অন্য স্ত্রীদের কাউকে তিনি এতটা ঈর্ষা করেননি, যতটা করেছেন খাদিজাকে, যদিও তাঁকে কখনো দেখেননি। এ প্রসঙ্গে নবীজি বলেছেন, ‘তাঁর ভালোবাসা আমার অন্তরে আল্লাহই দান করেছেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৪৩৫)

ভালোবাসা: সুরক্ষা ও সওয়াব

নবীজি (সা.) যুবসমাজকে উদ্দেশ্য করে বলেছেন, ‘হে যুবকেরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে। কেননা বিয়ে দৃষ্টিকে অধিক অবনত রাখে এবং লজ্জাস্থানকে অধিক হেফাজত করে। আর যে সামর্থ্য রাখে না, সে যেন রোজা রাখে, কারণ রোজা তার জন্য ঢালস্বরূপ।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬)

যখন দুজন মানুষের অন্তরে একে অপরের প্রতি আকর্ষণ ও ভালোবাসা জন্মায়, তখন বিবাহই সেই ভালোবাসাকে স্থায়িত্ব, পবিত্রতা এবং কল্যাণের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেয়; বিবাহ ছাড়া অন্য কোনো পথে এই ভালোবাসা শুধু ফেতনা ও অস্থিরতাই বাড়ায়।’
মুহাম্মদ ইবনে আবদুল হাদি আস–সিন্দি (রহ.)

আবার বৈধ দাম্পত্য ভালোবাসাকে ইসলাম সওয়াবের কাজ বলেছে। তিনি সাহাবিদের বলেছিলেন, ‘তোমাদের প্রত্যেকের স্ত্রীর সঙ্গে মিলিত হওয়াতেও সদকার সওয়াব রয়েছে।’ 

সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘আল্লাহর রাসুল, আমাদের কেউ নিজের চাহিদা পূরণ করবে, আর তাতেও কি সওয়াব হবে?’ নবীজি উত্তর দিলেন, ‘তোমরা বলো তো, যদি সে হারাম পথে তা পূরণ করত, তবে কি তার পাপ হতো না? ঠিক তেমনি সে যখন হালাল পথে তা পূরণ করে, তখন তার জন্য সওয়াব লেখা হয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ১০০৬)

শেষ কথা

সেই এতিম মেয়েটির কথায় ফেরা যাক। ইতিহাস আমাদের বলে না, শেষ পর্যন্ত সে কাকে বিয়ে করেছিল। আমরা জানি শুধু নবীজির ওই এক বাক্য। সেখানে ভালোবাসাকে সন্দেহের চোখে দেখা হয়নি, তার সামনে খুলে দেওয়া হয়েছে বিয়ের দরজা।

সামাজিক মর্যাদার ওজন নেই, আছে দুজন মানুষের মনের টানের স্বীকৃতি। ইসলাম সেই টানকে অস্বীকার করেনি, দমনও করেনি। সে চেয়েছে, এই ভালোবাসা যেন গোপন সম্পর্ক বা অনিশ্চয়তার আড়ালে নষ্ট না হয়ে বিয়ের সম্মানজনক বন্ধনে স্থায়ী রূপ পায়।

হাদিসটির ব্যাখ্যায় তাই সিন্দি (রহ.) লিখেছেন, ‘যখন দুজন মানুষের অন্তরে একে অপরের প্রতি আকর্ষণ ও ভালোবাসা জন্মায়, তখন বিবাহই সেই ভালোবাসাকে স্থায়িত্ব, পবিত্রতা এবং কল্যাণের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেয়; বিবাহ ছাড়া অন্য কোনো পথে এই ভালোবাসা শুধু ফেতনা ও অস্থিরতাই বাড়ায়।’ (আস-সিন্দি, হাশিয়াতুস সিন্দি আলা সুনানি ইবনি মাজাহ, ১/৫৬৯, দারুল জিল, বৈরুত)

আরও পড়ুন