ভালোবাসা আল্লাহর নেয়ামত, কীভাবে মূল্যায়ন করবেন

পেক্সেলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর ও অনুপম অনুভূতি। মহাকর্ষ শক্তির টানে আসমান-জমিন যেমন স্থিতিশীল, তেমনি পৃথিবীতে ভালোবাসাহীন মানুষ পাওয়া ভার। কিন্তু এই ভালোবাসা বা ভালোবাসা কোত্থেকে আসে?

কেন মানুষের হৃদয় এতটা আবেগপ্রবণ হয়? ইসলামি ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর উত্তর খুঁজলে দেখা যায়—ভালোবাসা কেবলই জাগতিক কোনো বিষয় নয়; বরং এটি মহান আল্লাহর দেওয়া এক অমূল্য নেয়ামত।

ভালোবাসার উৎস ও বৈজ্ঞানিক রূপ

ভালোবাসা হলো হৃদয়ের গভীর টান, আসক্তি ও ভক্তি। আধুনিক বিজ্ঞান ও মনোবিজ্ঞানের মতে, মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত কয়েক প্রকার হরমোন এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে হাইপোথ্যালামাস অঞ্চলের উত্তেজনার ফলেই মানুষের ভেতরে এই অচিন্তনীয় অনুভূতির সৃষ্টি হয়।

মনের ভেতরের এই আবেগ ও আনন্দ মানুষের চেহারায় উদ্ভাসিত হয়। কিন্তু বিজ্ঞান যাকে হরমোনের প্রভাব বলছে, তার মূল স্রষ্টা কে?

আরও পড়ুন

ইসলাম বলে, ভালোবাসা-ভালোবাসার আসল উৎস স্বয়ং আল্লাহ তাআলা। তিনি নিজে ‘আল-ওয়াদুদ’ বা সর্বাধিক ভালোবাসাময় ও স্নেহশীল। তাঁর অসীম ভালোবাসারই একটি ক্ষুদ্র অংশ তিনি পৃথিবীর মানবজাতির হৃদয়ে আমানত হিসেবে দিয়েছেন।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তিনিই তাঁর বান্দাদের হৃদয়ে প্রীতি ও ভালোবাসার সঞ্চার করেন।’ (সুরা আল-আনফাল, আয়াত: ৬৩)

দাম্পত্য জীবনে ভালোবাসার নেয়ামত

আল্লাহ তাআলা নর-নারীর মধ্যকার স্বাভাবিক আকর্ষণ ও ভালোবাসাকে শান্তিময় জীবনের ভিত্তি হিসেবে নির্ধারণ করেছেন। পবিত্র কোরআনে দাম্পত্য ভালোবাসাকে আল্লাহর অন্যতম নিদর্শন বলা হয়েছে।

আল্লাহ বলেন, ‘আর তাঁর নিদর্শনগুলোর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন পারস্পরিক ভালোবাসা ও দয়া।’ (সুরা আর-রুম, আয়াত: ২১)

অন্য আয়াতে আল্লাহ বলেন: ‘তিনিই আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি করেছেন পানি থেকে এবং তাদের মধ্যে বংশগত ও বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন...।’ (সুরা আল-ফুরকান, আয়াত: ৫৪)

আরও পড়ুন

ভালোবাসার মূল্যায়ন কীভাবে করবেন

আল্লাহর দেওয়া এই পবিত্র নেয়ামতকে কলুষিত করা বা যথেচ্ছ ব্যবহারের সুযোগ নেই। এই শ্রেষ্ঠ উপহারের সঠিক মূল্যায়নের জন্য নিচের বিষয়গুলোর প্রতি যত্নবান হওয়া জরুরি:

১. পবিত্র বিবাহবন্ধনের মাধ্যমে: কোরআনে সঙ্গী গ্রহণের যে কল্যাণকর বিধান দেওয়া হয়েছে, তা হলো বিয়ে। পশ্চিমা সভ্যতার ‘লিভ টুগেদার’ বা ‘ফ্রি সেক্স’ কালচার মানুষের জীবনে মরীচিকা, হতাশা ও বিকৃত মানসিকতাই ডেকে আনে।

আধুনিক সভ্যতার নামে এটি মূলত জাহেলি যুগে ফিরে যাওয়ারই নামান্তর। বিয়ের পবিত্র ও বৈধ সম্পর্কের মাধ্যমেই ভালোবাসার প্রকৃত মূল্যায়ন ও প্রশান্তি লাভ সম্ভব।

২. মোহ ও পাপাচার থেকে দূরে থাকা: অনৈতিকতা, সাময়িক কামজ মোহ কিংবা পাপাচারের নাম ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা আত্মাকে পবিত্র করে, দায়িত্বশীল বানায় এবং মানুষকে কল্যাণের পথে পরিচালিত করে।

সাময়িক আবেগের বশবর্তী হয়ে ভালোবাসার নামে কোনো অবৈধ সম্পর্কে জড়ানো আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতার শামিল।

৩. আল্লাহর সীমার ভেতরে থাকা: ভালোবাসা শুধু মানসিক এক আবেগ নয়, এটি রুহ বা আত্মার খোরাক। যখন ভালোবাসা আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত সীমার ভেতরে থেকে প্রকাশের পথ পায়, তখনই তা বেহেশতি প্রশান্তি লাভ করে।

ভালোবাসাই জীবনের সার্থকতা, ভালোবাসাই পৃথিবীর যাবতীয় সৌন্দর্য। পরম করুণাময় আল্লাহ তাআলার দেওয়া এই শ্রেষ্ঠ নেয়ামতকে সঠিক মূল্য দিয়ে, হৃদয়ে পবিত্র ভালোবাসার চর্চা করে মানবজাতি তার ইহকাল ও পরকালকে সুন্দর ও শান্তিময় করে তুলতে পারে।

  • সাকী মাহবুব: সহকারী শিক্ষক, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, রাজবাড়ী

আরও পড়ুন