রাসলীলা: নির্মল ভালোবাসার আদি উৎসব

রাসলীলায় ধ্রুপদী ভারতীয় নৃত্যছবি: উইকিপিডিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতবর্ষের উত্তরে মথুরা ও বৃন্দাবনধাম অবস্থিত। মহাভারতের কাহিনিতে এই দুটি জায়গার স্থানমাহাত্ম‍্যের কথা জানা যায়। এখানেই ভগবান শ্রীকৃষ্ণকে তাঁর প্রিয়াদের সঙ্গে ঘুরতে ফিরতে দেখা যেত বলে বর্ণনা করা হয়েছে।

আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বৃন্দাবনের যমুনা নদীর তীরে এক বটমূলে শ্রীকৃষ্ণ ব্রজঙ্গনাদের সঙ্গে রাসলীলায় মেতেছিলেন। এই রাস-নৃত্য অনুষ্ঠিত হয়েছিল এক হেমন্তের কার্তিক পূর্ণিমা তিথির মোহিনী রাতে। 

সেদিন বৃন্দাবনধাম তো বটেই সারা বিশ্বপ্রকৃতি যেন সেই লীলাকে উদ্ভাসিত করার জন‍্য সুসজ্জিত হয়ে উঠেছিল এক অপরূপ সাজে। পূর্ণিমার পূর্ণশশীর স্নিগ্ধ আলোয় সারা নক্ষত্রমণ্ডলীর সঙ্গে আকাশও হয়ে উঠে আলোকময়। গাছপালা, পশুপাখির মনেও তা দেখে এক অনাবিল আনন্দ বয়ে গেছিল ভগবানের এই অপূর্ব রাসলীলা দেখার আগ্রহে।

পৌরাণিক কাহিনি অনুসারে শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মধ‍্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম লীলাটি হল এই রাসলীলা।

সনাতন ধর্মের বিশ্বাসীরা মনে করেন সকল মানবের মধ‍্যেই শ্রীকৃষ্ণ বিরাজমান। তাঁকে বাদ দিয়ে মনুষ্যপ্রাণী কেউ হয় না। তাই তিনি সকলেরই যেমন আপনজন, পাশাপাশি তাঁর পর বলেও কেউ নেই।

রাস পূর্ণিমাতেই পালিত হয় রাস-লীলা। এ ‘লীলা’ মানে নৃত্য। মহাভারতে আছে, গোপিনীরা এই দিনটিতে কৃষ্ণের ডাকের অপেক্ষা করেন। পরমসখা শ্রীকৃষ্ণের লীলা-র জন্য ডাক পেতে উন্মুখ হয়ে থাকেন তাঁরা।
আরও পড়ুন

তিনি যেন প্রেমের এক মূর্ত প্রতীক। পুরুষ-নারী নির্বিশেষে সকলেরই হৃদয়ে তাঁর অমূল‍্য স্থান যুগ যুগ ধরে রয়েছে। তাই সনাতনীরা বিশ্বাস করেন তাঁর এই লীলা আসলে এক আত্মার সঙ্গে আরেক আত্মার বিহার, নিজের সঙ্গে নিজেরই লীলাখেলা।

তাঁরা এও বিশ্বাস করেন এই লীলা প্রতিনিয়ত এই মর্ত‍্যলোকে অবিরাম চলেছে। তারই এক বিশিষ্ট ও বৈচিত্র্যময় প্রকাশ হল রাসলীলা। গোপিনীদের ব্রতপালন, দীর্ঘদিনের তপস্যা এবং কৃষ্ণের প্রতি একান্ত ভালোবাসার অনুরাগের ফলস্বরূপ তাঁদেরকে এই সময়ে তুষ্ট করার জন‍্য স্বয়ং শ্রীকৃষ্ণ রাসলীলায় অংশগ্রহণ করে থাকেন। 

হিন্দুশাস্ত্র বলে, রাস-পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ বৃন্দাবনধামে এসেই তাঁর লীলা করতেন। দিনটিতে বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাখেলা চলত।

‘রাস’—এই শব্দের উৎপত্তি ‘রস’ শব্দ থেকে। মূলত কার্তিক মাসের শেষ বা অগ্রহায়ণ মাসের প্রথম পূর্ণিমাতে ‘রাস’-এর শুভক্ষণ আসে। অভিধান বলছে ‘রস’ শব্দের অর্থ আনন্দ, দিব্য অনুভূতি, দিব্য প্রেম ইত্যাদি।

রাস পূর্ণিমাতেই পালিত হয় রাস-লীলা। এ ‘লীলা’ মানে নৃত্য। মহাভারতে আছে, গোপিনীরা এই দিনটিতে কৃষ্ণের ডাকের অপেক্ষা করেন। পরমসখা শ্রীকৃষ্ণের লীলা-র জন্য ডাক পেতে উন্মুখ হয়ে থাকেন তাঁরা।

‘রাসলীলা’-য় যে নৃত্য পরিবেশিত হয় তার নাম ‘রাস-নৃত্য’। মহারাস, বসন্তরাস, কুঞ্জরাস, দিব্যরাস ও নিত্যরাস—এমন পাঁচটি ভাগে রাসলীলা বিভক্ত।

তবে এই পাঁচটি লীলার মধ‍্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় মহারাস। এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার অভিসার, গোপিনীদের রাসালাপ, শ্রীকৃষ্ণের নৃত‍্য, শ্রীরাধার নৃত‍্য, গোপিনীদের নৃত‍্য, শ্রীকৃষ্ণের একবার অন্তর্ধান আবার প্রত্যাবর্তন চলতে থাকে।

আরও পড়ুন
ভালোবাসা এখানে ‘শারীরিক’ চাহিদার ঊর্ধ্বে উঠে তৈরি করে এক নির্মল ‘মিলনের তিতিক্ষা’। পৃথিবী থেকে যখন ক্রমশ ভালোবাসার এই আদি সত‍্য হারিয়ে যাচ্ছে তখন রাসলীলার অসামান্য প্রেমকাহিনি মানবজাতিকে নতুন করে ভালোবাসার বার্তা দিতে পারে।

এই লীলার সময় বৃন্দাবনবাসী সকলেই আনন্দে মত্ত হয়ে ওঠেন। সকলেই কৃষ্ণপ্রেমে আনন্দময় থাকেন। এমন লীলার জন‍্য যমুনা পারের প্রকৃতিও তার আদর্শ রূপ ফুটিয়ে তোলে। তাই আরও আনন্দময় হয়ে ওঠে সব। 

আধ্যাত্মিকতার আবরণে এ যেন এক অসামান্য প্রেম কাহিনি যা প্রেমের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে এক প্ল্যাটোনিক ভালোবাসায় আবদ্ধ হয়ে থাকে।

নৃতত্ত্ববিদরা বলেন, ভালোবাসা এখানে ‘শারীরিক’ চাহিদার ঊর্ধ্বে উঠে তৈরি করে এক নির্মল ‘মিলনের তিতিক্ষা’। পৃথিবী থেকে যখন ক্রমশ ভালোবাসার এই আদি সত‍্য হারিয়ে যাচ্ছে তখন রাসলীলার অসামান্য প্রেমকাহিনি মানবজাতিকে নতুন করে ভালোবাসার বার্তা দিতে পারে।

বৃন্দাবন ছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে রাস পালন করতে দেখা যায়। বাংলাদেশের মাটিতেও রাস উৎসব পালন করা হয়।

এখানকার মণিপুরী আদিবাসীদের প্রধান উৎসব রাসনৃত্য। এটি তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক শৈল্পিক কলা। এদের রাস-নৃত্যে কৃষ্ণ ও রাধার ভূমিকায় অংশ নেয় পাঁচ বছরের কমবয়সী শিশুরা।

তাঁদের বিশ্বাস শিশুদের মধ্যেই আছে এক নির্মল দিব্যকান্তি অস্তিত্ব। ১৯২৬ সালে সিলেটে বেড়াতে গিয়ে রবীন্দ্রনাথ মণিপুরী আদিবাসীদের রাস-নৃত্য দেখে মুগ্ধ হয়েছিলেন।

এই নাচের কোমল আঙ্গিক রবীন্দ্রনাথের কবিমনকে আলোড়িত করেছিল ভীষণভাবে। পরবর্তীকালে মণিপুরীদের এই রাস-নৃত্যকে ঠাঁই দেন নিজের সাহিত্য সৃষ্টির আঙিনায়।

  • দীপান্বিতা দে: শিশুতোষ গ্রন্থপ্রণেতা ও প্রাবন্ধিক

আরও পড়ুন