দুই পঙ্ক্তির কাব্য
হেলাল হাফিজ
রাজি
ভালোবাসা রাজি হলে গোধূলির রং দিয়ে স্বপ্ন বুনিব,
কেঁদে–হেসে ভালোবেসে খেলা শেষে চারু কিছু কলঙ্ক কিনিব।
শিহাব সরকার
গোলাপবালা
ফুলের চারা পুঁতেছিলাম মম গভীর-গহন পাঁজরে
ঠিক যখনই ফোটার সময়, গোলাপবালা যাচ্ছে ঝরে।
শামীম আজাদ
অনুতাপ
দুচোখ ভরা জল, তার জায়গা নাই
মন শুকানোর জন্য একটু রোদ চাই।
ফারুক মাহমুদ
চোখের দেখা
সামান্য চোখের দেখা..., সেই লোভে রোজ চলে আসি
যে পথে তোমার পথ—হেসে থাকে কত ঝরা হাসি!
বিশ্বজিৎ চৌধুরী
সম্পর্ক
মাছ কি জলের স্পর্শ বোঝে? হায়...
তাকে ছুঁয়ে প্রকৃতি-নিয়মে জলের কল্লোল বয়ে যায়।
তারিক সুজাত
ঠাঁই
জানি একদিন কেটে যাবে সকল আড়াল
আশার পাখি কি কুয়াশায় বাঁচে?
মাসরুর আরেফিন
পৃথিবী
পৃথিবী তোমাকে বেঁধে ফেলছে তার মায়ার বাহুডোরে
তবে তোমার বিষয়ে সে নির্মোহ, সে উদাসীন নির্দিষ্ট ক’রে।
টোকন ঠাকুর
খুন, খুনি
নিজের কথা তো নিজেকে বলিনি, তা-ও কীভাবে শুনি
কতবার আমি খুন হয়ে যাই, কতবার আমি খুনি!
আলফ্রেড খোকন
ঝরাপাতা
চারদিকে কত আমি সম্পর্কে জড়ানো
ঝরাপাতা এত বেশি চলে যাবে জানো!
মজনু শাহ
এই জঙ্গলে
এই জঙ্গলে, বাইবেলের শেষ ইঙ্গিতের মতো পড়ে আছে ঝরাপাতা-শব্দ,
ঝরাপাতা-আয়ু। অন্ধ বিড়াল তোমায় অনুসরণ করে তবু এতদূর এসেছে।
নওশাদ জামিল
প্রস্থান
প্রতিটি প্রস্থান যেন খুলে দেয় নতুন সরণি
কিছু পথ প্রাণহীন, বাকি সব প্রাণ-সঞ্চারিণী!
সালেহীন শিপ্রা
অক্সিজেন
বোকা আমি, অভিমানে ছেড়ে আসবার আগে
বুঝি নাই দম নিতে তোমাকেই লাগে।