একুশ মানে মাথা নত না করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচিত্রকরণ: সব্যসাচী মিস্ত্রী
সচিত্রকরণ: সব্যসাচী মিস্ত্রী

হাবীবুল্লাহ সিরাজী

ভাষা

ভাষা নিয়ে আজ নতুন সময়
ভাষা নিয়ে পলিরক্ত
হাওয়া শিমুলের নজরদারিতে
বসন্ত পরিপোক্ত 

ভাষা যত মনে জননীর টানে
ভাষাই বিজয়-সূত্র
ভাষার লড়াই জন্মধর্মে
জানে যে উজান-পুত্র 

ভাষা শহীদের স্মৃতি-সীমানায়
বাঙালির মহাপ্রাণ
জগৎ-চিত্রে লাল ও সবুজে
গৌরব-অভিযান

ভাষা-সুর মাখা শাপলা-দোয়েল
জীবনে জীবন শুদ্ধ
বর্ণে, শব্দে ভাষা চেতনায়
আমরা মুক্তিযুদ্ধ

জাহিদ হায়দার

মানুষের ব্যবহার দেখ বাছা

(কবি মনজুরে মওলা শ্রদ্ধাস্পদেষু)
নেই চারুচেতনার চাষাবাস,
ইঁদুর, রৌদ্রকে বলে না ফসলবয়ান।  

জন্মের নতুন নেই বালির ঔরসে,
চর, মরুভূমির বন্ধ্যা ছোট বোন।  

অদূরে এনজিও-পাঠশালা,
শিশুরা বর্ণমালার সৃজনমাধুর্য পড়ে।
জানে না সংগীত,
কোরাসের আনন্দে
নামতার তিন–আষ্টা চব্বিশে যায়,
চার–দশে যেতে যেতে জানালায় চোখ,
ছয়–সাত্তা বিয়াল্লিশে গরুর প্রসব দেখে।
রক্তপাতে ভিজে যায় চোখের বিস্ময়।  

বাতাসের চলাচল কাঁপে ভীত হাম্বা ডাকে।
বাছুরের চোখের কিনারে
কালো গাভী লালসা চাটে মাতৃআদরে। 

 বালির দিগন্তে
পৃথিবীর উদয়াস্ত দেখ,
মানুষের ব্যবহার দেখ বাছা। 

হেনরী স্বপন

তোমার অক্ষর ভুলে

পাখি যদি পোষ মেনে নিত? ডানাও স্বাধীন ভেবে জমিয়ে রাখত
উড়বার স্বাদ;
ভাষার পালক জড়ানো কেমন আছ? রক্তপাত!
কিছুতেই হারাবে না—তোমার বুকের প্রসারণ—তবু
ভাটিয়ালি সুরে মহিষের ওলান ছুঁয়ে বেজে ওঠে
প্লাস্টিকের ভেঁপু— 

মিছিলে গুলির শব্দ শুনেছিলে?
আহত হরিণ শিকারের ভয়ে যারা কস্তুরির গন্ধ মেখেছিল
বাঘের শরীরে বিষ;
জানি, ভাষার বিরোধ তুমি আরও
বহুকাল পুষে রাখবে খাঁচায় বন্দী—পাখির উড়াল।
আজও তোমার অক্ষর ভুলে আমি শুধু নিজের কথাই বলি
ভুল উচ্চারণে—সে কথা সবাই জানে, 

তবু ভুলে গেছি তোমার মন্ত্রের মানে।